নোয়াপাড়া সড়কে ঝুঁকিপূর্ণ সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান-নোয়াপাড়া সড়কে একটি ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে প্রতিদিন ছোটবড় শত শত যানবাহন চলাচল করছে। নোয়াপাড়া পথের হাট থেকে দেড় কিলোমিটার দূরে পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া এলাকায় ব্রিজটির অবস্থান। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন ব্রিজটি নির্মিত হয়েছিল প্রায় ৭০ বছর আগে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মধুখালীর ওপর ২০ ফুট লম্বা জীর্ণ সেতুটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। গাঁথুনির ইট টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ছে। স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেছেন, এই সেতু দিয়েই প্রতিদিন চলে বাস, ট্রাকসহ ছোট-বড় অসংখ্য গাড়ি। সড়কটি উপজেলা সদর ও কাগতিয়া পীরের দরবার, কাগতিয়া কামিল মাদ্রাসা, বদুমুন্সিপাড়া দারুস ছুন্নাহ মাদ্রাসা, পশ্চিম গুজরা আশালতা কলেজসহ আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ায় এই পথে যাতায়াত করে সরকারি-বেসরকারি পর্যায়ের অনেক পদস্থ কর্মকর্তা। পশ্চিম গুজরার চেয়ারম্যান সাহাবুদ্দিন বলেন, সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা স্থানীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জানানো হয়েছে। তিনি সেতুটি ঝুঁকিমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।জানা গেছে নোয়াপাড়া সেকশন-১ পথের যে অংশটিতে এই ব্রিজের অবস্থান তা সড়ক ও জনপথ বিভাগের অধীনে। এ ব্যাপারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণসহ বহু সংস্কারকাজ হয়েছে। এই সেতুর কাজও শুরু করার প্রক্রিয়া চলছে।’ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রবিউল হোসেন সাংসদের নির্দেশের কথা স্বীকার করে বলেন, সেতুটি ঝুঁকিমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।