নৌকা ও জীবন
ছিপ, বজরা, পানসি, কোষা, ডিঙি বা সাম্পান। এসবই নানা ধরনের নৌকার নাম। এসব নামের সঙ্গে জড়িয়ে আছে আবহমান বাংলার ভাসমান জীবনের এক অনন্য ছবি। ক্যানভাসে এই জীবন বোট অ্যান্ড লাইফ শিরোনামে তুলে এনেছেন শিল্পী রেজাউল হক খান। ৫-১০ এপ্রিল শিল্পকলা একাডেমীর গ্যালারির দ্বিতীয় তলায় হয়ে গেল তাঁর শিল্পকর্মের প্রদর্শনী।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রিন্ট মেকিং বিষয়ে এমএফএ করা রেজাউলের তৃতীয় প্রদর্শনী এটি। এর আগের দুটি প্রদর্শনীর মতো এবারও ছাপাই মাধ্যমেই কাজ করেছেন তিনি। তবে এবার তিনি মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন আলোকচিত্র। নানা রকমের নৌকার ছবি ক্যামেরায় ধারণ করে প্রিন্ট নিয়েছেন ক্যানভাসে। শিল্পের ভাষায় যাকে রিয়েলিস্টিক বা বাস্তবানুগ কাজ বলা হয়, তাঁর আলোকচিত্রগুলো সেই পরিভাষার মধ্যে ঠিক পড়ে না। গ্রাফিকস ব্যবহার করে আলোকচিত্রের মধ্যে তেলরং ও জলরংয়ের আবহ তৈরি করেছেন তিনি। প্রদর্শনী দেখতে আসা দর্শকেরা তাই আলোকচিত্রকে তুলিতে আঁকা ছবি ভেবে খানিকটা বিভ্রান্তই হয়েছেন। আর এখানেই শিল্পীর মুনশিয়ানা।কেন, কীভাবে এমন ব্যতিক্রমধর্মী সৃজন? রেজাউল হক খান বললেন, ‘কিছুদিন ধরে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফসহ দেশের নানা জায়গায় ঘুরেছি। নৌকার ছবি তুলেছি। এরপর গ্রাফিকসে সেসবের ওপর কাজ করেছি।’ প্রায় ১২টি কাজ দিয়ে সাজানো হয়েছে রেজাউল হকের এবারের প্রদর্শনী। ঘাটে বাঁধা সারি সারি ডিঙি নৌকা, সাম্পান নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা, সৈকতে অলস পড়ে থাকা সাম্পান পাওয়া গেল শিল্পীর ক্যানভাসে। কোনোটাতে জলরংয়ের ওয়াশ, কোনোটাতে তেল রংয়ের তুলির ঘন আঁচড়ও দেখা গেল। আলোকচিত্রে এই কৌশল প্রয়োগ নতুন নয়। তবে রেজাউল যেন তুলি না ধরেই আঁকলেন ইমপ্রেশনিস্ট ছবি।