নৌকা নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাফ নদীতে জোয়ার হলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে আমাদের বিদ্যালয়টি তলিয়ে যায়। শ্রেণীকক্ষে জমে যায় কোমর সমান পানি। খেলার মাঠে জোয়ারের পানিতে শুরু হয় লোকজনের মাছ ধরার প্রতিযোগিতা। আর তখন লেখাপড়া বন্ধ করে আমাদের নৌকা নিয়ে বাড়ি ফিরতে হয়। কয়েক বছর ধরেই চলছে এ অবস্থা।’ ৮ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ফাতেমা বেগম (১২) এভাবেই জানায় তার দুর্ভোগের কথা।সূত্র জানায়, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে নাফ নদীর জালিয়াপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে যায়। দুই বছর আগে প্রায় ৬২ লাখ টাকা খরচ করে পাউবো ভাঙা বেড়িবাঁধ সংস্কার করলেও অনিয়ম ও দুর্নীতির কারণে দুই মাসের মাথায় সেই বাঁধ পুনরায় বিলীন হয়। ফলে ভাঙা বাঁধ দিয়ে দিনে দুবার জোয়ারের পানিতে বিদ্যালয়টি প্লাবিত হচ্ছে। এতে ৩৮৬ জন শিক্ষার্থীর পাঠদান প্রায় বন্ধ রাখতে হয়।সরেজমিনে দেখা গেছে, জোয়ারের পানিতে বিদ্যালয়টি প্লাবিত হচ্ছে। শ্রেণীকক্ষে হাঁটু সমান পানি। শিক্ষার্থীরা কক্ষ ত্যাগ করে বারান্দায় জটলা করছে। অনেকে নৌকা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। নাফ নদী থেকে প্রায় ৭০ গজ দূরে অবস্থিত বিদ্যালয়টির গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র লোনাজলে ডুবে নষ্ট হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পিয়ারা বেগম জানান, ‘দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে আমরা জোয়ার-ভাটার কবলে আটকে আছি। গত ৪ আগস্ট থেকে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হলেও জোয়ারের পানিতে বিদ্যালয়টি ডুবে থাকায় নির্দিষ্ট সময়ে কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে।’স্থানীয় উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা আমির হামজা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ বছর ধরে বিদ্যালয়টি জোয়ারের পানিতে ডুবে থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ব্যাপারে কোনো ত ৎ পরতা নেই। দরিদ্র এলাকা হওয়ায় ছেলেমেয়েদের অন্যত্র ভর্তি করা যাচ্ছে না। বহু অভিভাবক ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন।টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম জানান, পাউবো যথাসময়ে (শুষ্ক মৌসুমে) বাঁধ নির্মাণ করেনি বলে এই সমস্যা হচ্ছে। জায়গার অভাবে বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তর করা সম্ভব হচ্ছে না।এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের টেকনাফের উপপ্রকৌশলী আবু তালহা জানান, নাফ নদীসংলগ্ন টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ২৭ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় বেড়িবাঁধের তিনটি বড় বড় অংশ ভেঙে গেছে। এসব ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে বিদ্যালয়টিসহ কয়েকটি গ্রামের শত শত বসতবাড়ি প্লাবিত হচ্ছে। আগামী শুষ্ক মৌসুমের (অক্টোবর-নভেম্বর) আগে এসব ভাঙা বাঁধ মেরামত করা সম্ভব নয়।জানা যায়, গত ৮ আগস্ট বিকেল পাঁচটায় জেলা প্রশাসক মো. জয়নুল বারী বিদ্যালয়টি পরিদর্শনে যান। স্থানীয় লোকজন তাঁর কাছে নানা সমস্যার কথা তুলে ধরেন এবং বিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এ সময় ওই গ্রামের সন্তান ও আওয়ামী লীগের সাংসদ (কক্সবাজার-৪) আবদুর রহমান বদি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মো. জয়নুল বারী জানান, ‘বিদ্যালয়টি কোমর সমান পানিতে ডুবে থাকার খবর পেয়ে ছুটে গিয়েছিলাম। ভাঙা বাঁধ মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে।’