নৌকা বাঁচাতে এককাট্টা আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৭ ডিসেম্বর তরীকত ফেডারেশনের প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারীর নির্বাচনী সমাবেশে এক মঞ্চে আওয়ামী লীগের নেতারা  প্রথম আলো
গত ২৭ ডিসেম্বর তরীকত ফেডারেশনের প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারীর নির্বাচনী সমাবেশে এক মঞ্চে আওয়ামী লীগের নেতারা প্রথম আলো

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্তি ভুলে তরীকত ফেডারেশনের প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। দলীয় প্রতীক নৌকার জন্য এক মঞ্চে জড়ো হয়েছেন।
এক সপ্তাহ ধরে নির্বাচনের প্রচারণায় এমন লক্ষণ দেখা গেছে। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পাওয়া মাহমুদ হাসানের পক্ষেও জোরেশোরে চলছে প্রচারণা।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগে কয়েকটি বিবদমান পক্ষ রয়েছে। এর একটির নেতৃত্বে আছেন গতবারের মহাজোটের পরাজিত প্রার্থী ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ টি এম পেয়ারুল ইসলাম।
অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খাদিজাতুল আনোয়ার ও তাঁর চাচা উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফকরুল আনোয়ার।
পাঁচ বছর ধরে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কাজ করেছেন এ টি এম পেয়ারুল ইসলাম। এ কারণে স্থানীয় মধ্যম সারির নেতা-কর্মীদের মধ্যে তাঁর ভালো অবস্থান রয়েছে। অন্যদিকে, খাদিজাতুল আনোয়ার ও তাঁর চাচার সঙ্গে উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দের যোগাযোগ ভালো। তবে একই পরিবারের হলেও চাচা-ভাতিজির মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব আছে। খদিজাতুল এবার দলের মনোনয়ন পেলেও পরে দলের নির্দেশনা অনুযায়ী তরীকতের প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেন।
দলে বিরোধ ও মতপার্থক্য থাকলেও এ টি এম পেয়ারুল ইসলাম ও রফিকুল আনোয়ারের পরিবার তরীকতের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে একযোগে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেন। এ ক্ষেত্রে তাঁদের প্রতিপক্ষ আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী মাহমুদ হাসান। গত ২৭ ডিসেম্বর কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় তরীকতের পক্ষে নির্বাচনী সভায় এক মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সব পক্ষের নেতারা।
সর্বশেষ গত ২৮ ডিসেম্বর আয়োজিত যৌথ কর্মিসভায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, এ টি এম পেয়ারুল ইসলাম, খাদিজাতুল আনোয়ার, ফকরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম সোলাইমানের সরব উপস্থিতি দেখে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পর থেকে নেতা-কর্মীরাও একযোগে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।
সভায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, দলে অনেক যোগ্য ব্যক্তি থাকার পরও নেত্রী কেন, কাকে মনোনয়ন দিলেন, সেটা বিবেচ্য বিষয় নয়। প্রতীক পাওয়া প্রার্থীকে জিতিয়ে আনতেই হবে, এমন লক্ষ্য রেখে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।
এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। এই মুহূর্তে বিভেদ আর বিভক্তি দূরে রেখে দলের প্রতীক রক্ষা করতে একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।’
খাদিজাতুল আনোয়ার বলেন, ‘মতভেদ থাকতে পারে। তবে দলের সিদ্ধান্তে সবাই একমত। দলীয় প্রতীক নৌকার জন্য সবকিছু করতে প্রস্তুত রয়েছি।’
নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘আমি জোটের প্রার্থী। মুক্তিযুদ্ধের সপক্ষে আমার অবস্থান। তাই সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই।’
এদিকে আনারস প্রতীক নিয়ে মাঠে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ হাসান। উপজেলা সদরে গত ৩০ ডিসেম্বর মাহমুদ হাসানের সমর্থনে কয়েক হাজার কর্মী-সমর্থক মিছিল করে প্রচারণা চালান। নির্বাচনের জয়ের ব্যাপারেও তিনি আশাবাদী। প্রথম আলোকে তিনি বলেন, ‘নৌকার তলা ফুটো করে আনারসকে জিতিয়ে আনবই।’