নৌকা বাইচে প্রাণের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ্যং খালে আনন্দঘন পরিবেশে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ১৭ নভেম্বর। এতে বিলাইছড়ি, কেংরাছড়ি, ফারুয়া, ধুপশীলসহ প্রত্যন্ত অঞ্চলের নয়টি দল অংশ নেয়। রাঙামাটি সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের উদ্যোগে এ প্রতিযোগিতা উপলক্ষে বিলাইছড়ি স্টেডিয়ামে পাহাড়ি-বাঙালি শান্তি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামসুজ্জামান। বিলাইছড়ি জোন কমান্ডার মেজর মো. কায়সার হাসান মালিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর ৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইলিয়াস হোসেন, বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়সেন তংচংগ্যা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক।ব্রিগেডিয়ার জেনারেল সামসুজ্জামান বলেন, ‘আমরা পাহাড়ি-বাঙালি সবাই মিলেমিশে আনন্দমুখর পরিবেশে বসবাসের মাধ্যমে এলাকায় সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে চাই।’ আগামী জানুয়ারি মাসে সবার অংশগ্রহণে আরও বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান।বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়সেন তংচংগ্যা স্থানীয় উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখার জন্য সেনাবাহিনীর এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। নৌকাবাইচের পাশাপাশি সেনা জোনের পক্ষ থেকে স্থানীয় ৫০ জন গরিব মহিলাকে স্বাবলম্বী করে তুলতে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়। একই দিন কয়েকজন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন উপহার, বিনা মূল্যে চিকিৎসাসেবা ও রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এ ছাড়া দূরের রোগীদের সহজ যাতায়াতের জন্য ইঞ্জিনচালিত একটি নৌকা উদ্বোধন করা হয়।অনুষ্ঠান উপভোগ করতে স্টেডিয়ামে বিপুল পরিমাণ পাহাড়ি-বাঙালি শিশু-কিশোরের সমাবেশ ঘটে।রামু: কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে গ্রামবাংলার সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় খেলা নৌকাবাইচ প্রতিযোগিতা শেষ হয়েছে। তিন দিনব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব দেখার জন্য ১৬ নভেম্বর দুপুর থেকে এলাকার সর্বস্তরের হাজারো মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে বাঁকখালীর বালুচরসহ নদীর দুই তীর।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সদর উপজেলার পিএম খালী যুব উন্নয়ন সংস্থা। এ ছাড়া রামুর দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের নতুন চরপাড়ার মো. শাহ আলমের দল প্রথম রানার্সআপ এবং জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ির মোকতার মেম্বার একাদশ দ্বিতীয় রানার্সআপ হয়েছে। প্রতিযোগিতায় ১৮টি দল অংশ নেয়।সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী ও ক্রীড়াবিদ নুরুল ইসলাম স্মরণে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) এ প্রতিযোগিতার আয়োজন করে।ফতেখাঁরকুল ইউপির চেয়ারম্যান ও রামু নৌকাবাইচ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, ফজলুল্লাহ মোহাম্মদ হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে নজিবুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল বশর।অন্যদের মধ্যে বক্তব্য দেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুলাহ, ফিরোজ আহমদ, আবদুর রহিম, নুরুল আমিন, সাইফুল আলম, মুফিদুল আলম, সামশুল আলম মণ্ডল, পরিতোষ চক্রবর্তী প্রমুখ।খেলা পরিচালনা করেন আবদুল মালেক চৌধুরী।