নৌকাই আমাদের দেশের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাগলায় মেরি অ্যান্ডারসন রেস্টুরেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি একটি ছোট্ট নৌকা। একটি ছোট্ট শিশু মহানন্দে হেঁটে বেড়াচ্ছে সেই নৌকায়! ভয় পাচ্ছে না মোটেও। নৌকা চালাচ্ছেন ওর মা।একসময় নৌকা ভেড়ে ঘাটে। একজন লোক ওদের কাছে গিয়ে কী যেন বলেন।দূর থেকে বলি, ‘আপনাদের সঙ্গে একটু কথা বলব।’ওঁরা হাসেন, কিন্তু কথা বলতে রাজি হন না। কী হবে কথা বলে? বলি, ওঁদের সংসারটা দেখে খুব ভালো লাগছে। কথা বললে আরও ভালো লাগবে। এবার রাজি হন তাঁরা। রাজি হতেই মুখে হাসি। পুরুষটি বলেন, ‘সারাটা জীবন তো নৌকায়ই কাটাইলাম।’‘কী নাম আপনার?’‘মনসুর।’‘আর আপনার?’‘পিপলি। পিপলি খাতুন।’‘আর এই বাবুটার নাম কী?’দুজন একসঙ্গে বললেন, ‘মিম’।‘মিমের বয়স কত?’‘দেড় বছর।’ উত্তর দেন মা।‘মিমের জন্ম কোথায়?’‘নৌকায়।’‘মিম কি পানি ছাড়া কিছু চেনে?’‘না।’ মায়ের মুখে চমৎকার হাসি। সেই হাসি ছড়িয়ে পড়ে মিমের মুখেও।‘কী করেন আপনারা?’‘মাছ ধরি।’‘কোথায় চলে যান মাছ ধরতে?’‘বিভিন্ন জায়গায়।’‘এই নৌকা নিয়েই? জাল আছে?’‘হ। জাল দিয়া মাছ ধরি। এখন জাল পানিতে ফালাইয়া আইসি। পরে গিয়া তুলমু।’‘কী মাছ ধরেন?’‘পুঁটিমাছ, বাইল্যামাছ, ট্যাংরামাছ।’ ‘মাছ বিক্রি করেন, নাকি নিজেরা খান?’‘বিক্রি করি।’‘কত টাকার মাছ বিক্রি হয়?’‘ধরেন চাইর-পাঁচ শ ট্যাকা।’‘আর পিপলি বেগম কী করেন? রান্না করেন?’‘হ।’‘কী রান্না করেন?’‘তিন বেলাই ভাত খাই।’‘যে মাছ ধরেন, সেই মাছ খান?’‘না, ধরি তো, তাই সেই মাছ খাইতে মন চায় না। বাজার থিকা কিন্না খাই।’এ সময় মিম দাঁড়িয়ে যায়। দাঁতের ফাঁকে আঙুল ঢুকিয়ে দিয়ে নৌকায় দোল খায়।‘ও যেভাবে দাঁড়িয়ে আছে, পড়ে যাবে না?’মা-বাবা দুজনের মুখেই হাসি। এ যেন এক বোকার মতো প্রশ্ন। উত্তর দেন, ‘না। ওর অভ্যাস আছে। ও পাকা হইয়া গেছে।’‘সারা জীবন নৌকায় কাটায় দিলেন, কেমন লাগে জীবনটা?’‘ভালোই লাগতাসে।’‘বিয়ে করেছেন কবে?’‘তা চাইর বছর হইব।’‘নৌকা কি সব সময় এখানেই থাকে?’‘না। অনেক অনেক জায়গায় নিয়া যাই।’‘আপনাদের স্বপ্ন কী? জীবনটা কেমন হইলে ভালো হইত?’‘জীবন কেমন হইলে ভালো হইব, কন? আল্লায় যেভাবে রাখে, সেইভাবে থাকলেই খুশি।’‘পিপলি বেগম কী বলেন?’‘একই কথা আমার। আমি বেগম না খাতুন।’এ সময় মিম গিয়ে মায়ের বুকের মধ্যে সেঁধোয়।বলি, ‘বাবুটা যে বড় হচ্ছে, ওর বিয়া দিবেন ক্যামনে? ও তো নৌকা ছাড়া চিনব না কিছু!’‘কী আর করুম। নৌকাতে বড় হইছে, নৌকাতেই বিয়া দিমু।’‘আপনাদের দেশ কোথায়?’দেশ? এবার একটু ভাবনায় পড়ে যান মনসুর আর পিপলি খাতুন।তারপর বলেন, ‘দেশের বাড়ি? দেশের বাড়িউড়ি নাই। নৌকাই আমাদের দেশের বাড়ি।’