রাজনীতি: কক্সবাজার-৩ (সদর-রামু) আসন
সর্বদলীয় নাকি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন—রাজনীতির মাঠের এই ফয়সালা এখনো হয়নি। তবে অনিশ্চয়তার মধ্যেও বসে নেই কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির হয়ে আগেভাগে মাঠে নেমেছেন বর্তমান সাংসদ লুৎফর রহমান ওরফে কাজল। আর আওয়ামী লীগে নৌকার মাঝি হতে চান ছয়জন।
দুই দলের নেতা-কর্মীদের সঙ্গে আলাপে জানা যায়, মুখে না বললেও কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির স্থানীয় সাংসদ লুৎফর রহমান। প্রায় প্রতিদিনই সভা-সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। চাঙা রাখছেন নেতা-কর্মীদের। এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন ছয় নেতা। তাঁরা হলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, গতবারের মহাজোট প্রার্থী সাইমুম সরওয়ার ওরফে কমল, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার ওরফে কাজল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক এবং হাইকোর্টের আইনজীবী মিজান সাঈদ।
সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার এখন শহর জমজমাট হয়ে উঠছে মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায়। তাঁরা গ্রামেও সফর করে ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। অব্যাহত রেখেছেন গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়। ভোটারদের মধ্যেও চলছে নানা আলোচনা। কোন দল থেকে কে আসছেন এ নিয়ে চায়ের কাপে এখন ঝড় উঠছে।
রামুর রাজারকূল এলাকার কৃষক হাসমত আলী (৫৫) ও নবাব মিয়া (৪৫) বলেন, বিএনপির বর্তমান সাংসদ কাজলের বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী দাঁড় করাতে আওয়ামী লীগকে বেগ পেতে হবে। তার পরও সব নির্ভর করবে নির্বাচনের সময় হাওয়া কোন দিকে থাকে তার ওপর। রামু উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী বলেন, ‘এই আসনে সাংসদ কাজল ছাড়া বিএনপিতে বিকল্প অন্য কোনো প্রার্থী নেই। সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে গত পাঁচ বছর ধরে তিনি (কাজল) এলাকায় পড়ে আছেন।’
সাংসদ কাজল বলেন, ‘সারা জীবন দল ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। দলীয় সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন করব না।’
আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, গত নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে এই আসনের সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু ঋণখেলাপি হওয়ায় তিনি বাদ পড়েন। এরপর তাঁর স্ত্রী কানিজ ফাতেমাকে মনোনয়ন দেওয়া হয়। তিনিও বাদ পড়লে আলোচনায় উঠে আসেন আওয়ামী লীগের তরুণ নেতা রাশেদুল ইসলাম। কিন্তু পরে মহাজোটের প্রার্থী করা হয় সাইমুম সরওয়ারকে। নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী লুৎফর রহমানের কাছে পরাজিত হন। তবে এবার সোনালী ব্যাংকের সাবেক পরিচালক হিসেবে হল-মার্ক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এলাকায় বিতর্কিত হয়ে পড়েছেন কমল। তা ছাড়া কমলের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছেন তাঁর বড় ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার।
সোহেল সরওয়ার জানান, গত নির্বাচনে তৃণমূলের নেতারা সাতজন সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করে মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠিয়েছিলেন। সেখানে তিনি ছিলেন ২ নম্বরে। এবার মনোনয়ন পেতে তিনি আশাবাদী।
জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফরিদুল আলম বলেন, জেলা পরিষদের প্রশাসক হওয়ায় এবার মোস্তাক আহমদ চৌধুরীর প্রার্থী হওয়া অনিশ্চিত। এ ক্ষেত্রে তাঁর স্ত্রী কানিজ ফাতেমা বা অন্য কোনো জনপ্রিয় নেতাকে প্রার্থী করা হতে পারে।