নৌপথে ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল নয়টা, বিশ্ববিদ্যালয়ে একটাই মাত্র ক্লাস ছিল। চার বন্ধুর আড্ডায় ঠিক হলো ঢাকার কোলাহল ছেড়ে নিরিবিলি পরিবেশে যাওয়ার। কোথায় যাওয়া যায়? একজন প্রস্তাব করল, লঞ্চে চেপে কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। তাই সই। সদরঘাটে লঞ্চে উঠেই চলে গেলাম ছাদের ওপরে। খোলা আকাশ, ময়লা পানি, চারদিকে অনেক লঞ্চ, ছোট-বড় অনেক নৌকা। পোস্তগোলা পার হওয়ার পর টলটলে পানি, চারদিকে সবুজ গাছগাছালি। আর একটু সামনে গেলেই মুন্সিগঞ্জ ঘাট। তাকালেই দেখা যায় বালুর ট্রলার, জেলেদের মাছ ধরার নৌকা, ছোট-বড় নৌযান। সদরঘাট থেকে চাঁদপুর, মতলব কিংবা মুন্সিগঞ্জ এলাকার চরে, মেঠোপথ ধরে হারিয়ে যেতে পারেন অনেক দূর। আর যদি সময় থাকে চলে যেতে পারেন চাঁদপুর। খাবারের ব্যবস্থা আছে লঞ্চেই। চাঁদপুর ঘাট থেকে নামলেই থাকার জন্য হোটেল তাজমহল ছাড়া আরও আছে আবাসিক হোটেল। খেতে ভুলবেন না পদ্মার ইলিশ, চিংড়ি, আইড়, বোয়াল। পদ্মার ইলিশ ধরার দৃশ্য দেখতে পারেন খুব কাছ থেকে। লঞ্চ ভ্রমণে তিন শ্রেণীর টিকিট হয়। টুলে বসলে বা ছাদে পুরো সময় কাটালে ডেকের ভাড়া সবচেয়ে কম। প্রথম শ্রেণী হলে একটি ঘরে অনেকের জন্য চেয়ার। আছে আলাদা করে রুম কেবিন (একক ও ডবল)। পিকনিক করতে চাইলে আগে থেকে ঠিক করে নিতে হবে লঞ্চ। জানাশোনা লোক থাকলে তার সঙ্গে কথা বলে নিতে পারেন, লঞ্চ মালিক সমিতির সঙ্গে চুক্তিও করে নিতে পারেন। ফোন: ৭১১৯০৬৪। সব লঞ্চ ভাড়ায় চলে না। পিকনিকে কতজন যাবেন, তার ওপর নির্ভর করবে ভাড়া কত হবে। মহনপুর চরে গেলে ৬০ হাজার থেকে দুই লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। খাবার নিজেদের ব্যবস্থা করতে হবে।যদি দিনে দিনে ফিরতে চান, তাহলে সদরঘাট থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন।