নৌপথের অগ্রণী
একেবারে শৈশবেই সাগর-মহাসাগর পাড়ি দিয়ে সে ছুটে বেড়িয়েছে দেশ-দেশান্তর। পাঁচ বছর বয়সে জলে ভাসা জীবনের বিশ্রাম। ডানপিটে বন্ধুরা যখন বাড়ির পাশের বিদ্যালয়ে যাচ্ছে, তখন সে হাজার মাইল দূরে সিঙ্গাপুরের অচেনা বিদ্যালয়ে বই-খাতা নিয়ে দৌড়াচ্ছে। গোলাম মোহাম্মদ সাইফুল ইসলামের বাবা মেরিন ইঞ্জিনিয়ার, মা গৃহিণী। মা-বাবার সঙ্গে শিশু বয়সেই জলের সঙ্গে গলাগলি তাঁর। কিন্তু বাবার মতো ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছা ছিল না গোলাম মোহাম্মদের। তবু বাবার পথেই গমন এবং শেষ পর্যন্ত অসাধারণ সাফল্য ছিনিয়ে আনা।গোলাম মোহাম্মদ মালয়েশিয়া মেরিটাইম একাডেমির ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বেস্ট অ্যাওয়ার্ড জিতেছেন। ১০৩তম কনভেনশনে তাঁর হাতে স্মারক তুলে দেন একাডেমির চেয়ারম্যান নাসির উদ্দিন। ১০টি দেশের ২৮৫ জন শিক্ষার্থীর মধ্যে সেরা হন গোলাম মোহাম্মদ।২০০৬ সালে মালয়েশিয়া মেরিন একাডেমি বাংলাদেশ থেকে মেরিন ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ছয়জনকে ভর্তি করে। ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন গোলাম মোহাম্মদ, বৃত্তি পেয়ে ভর্তি হন। তাঁর প্রথম বিদ্যালয় সিঙ্গাপুরের ইউহুয়া প্রাইমারি স্কুল। চিটাগাং গ্রামার স্কুল থেকে এ লেভেল পাস করেন। গোলাম মোহাম্মদের সঙ্গে একাডেমিতে ভর্তির সুযোগ পান সরওয়ার ইকবাল, তানভীর আহমেদ, মুকিত হোসেন চৌধুরী, হোসাইন সাব্বির ও কায়সার আহমেদ। বাংলাদেশের ছয়জনই ভালো ফল করেছেন।সরওয়ার ইকবাল বলেন, ‘মালয়েশিয়া মেরিন একাডেমিতে বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তি করা হতো কালেভদ্রে। কিন্তু আমাদের ব্যাচের ভালো ফলের কারণে দেশের ভাবমূর্তি বেড়েছে। বিশেষ করে বেস্ট অ্যাওয়ার্ড পাওয়ার পর গোলাম মোহাম্মদের নাম সবখানে ছড়িয়ে পড়েছে। সে প্রতিটি সেমিস্টারে সর্বোচ্চ জিপিএ পেয়েছে।’ইতিমধ্যে মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানিতে চাকরি হয়ে গেছে গোলাম মোহাম্মদের। ডাক পড়লেই চতুর্থ প্রকৌশলী হিসেবে যোগ দেবেন। জলবাসী জীবনের প্রস্তুতি নিয়ে নিয়েছেন এরই মধ্যে।গোলাম মোহাম্মদ বলেন, ‘মেরিন একাডেমিতে আমরা দেশি ছয়জন সময় পেলেই একসঙ্গে বসে আড্ডা দিতাম, সময় কাটাতাম। সুশৃঙ্খল জীবনে ভালো ফল করাই ছিল আমার একমাত্র লক্ষ্য। আমি মা-বাবার মুখ উজ্জ্বল করতে চেয়েছি।’স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদের মা শামীম আরা। তিনি এই প্রতিবেদককে জানান, ‘ছোটবেলায় আমার সন্তানদের একটি কথাই বলতাম—তোমাদের পড়তে হবে দেশের জন্য, দেশের মুখ উজ্জ্বল করার জন্য। গোলাম মোহাম্মদ আমার কথা রেখেছে, দেশের জন্য সম্মান বয়ে এনেছে। মা হিসেবে আমি আজ গর্বিত।’