নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন যাঁদের

বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি ২০১৭ অফিসার ক্যাডেট ব্যাচের চতুর্থ গ্রুপে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ কমান্ডো ও সাবমেরিনার—এই চারটি পদে অফিসার ক্যাডেট হিসেবে লোকবল নিয়োগ দেওয়া হবে। নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়েই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনের প্রক্রিয়া। আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন যাঁদের দীর্ঘদিনের, তাঁরা অনায়াসেই কাজে লাগাতে পারেন এই সুযোগ।
আবেদনের যোগ্যতা
২০১৭ অফিসার ক্যাডেট ব্যাচের চতুর্থ গ্রুপে আবেদনের জন্য আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও উচ্চতর গণিত বিষয় দুটিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ’ ও দুটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেড অবশ্যই থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত—এই দুটি বিষয় থাকা বাধ্যতামূলক।
শুধু সরবরাহ শাখায় আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় হিসাববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে জিপিএ ৪.০ থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা (এইচইটি) বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদে আবেদন করতে পারবেন ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
বয়স হতে হবে আগামী ১ জানুয়ারি ২০১৭ তারিখে ১৬.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আবেদনের জন্য নারী-পুরুষ উভয়কে অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।
আবেদন প্রক্রিয়া
নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে আবেদনের দুটি পদ্ধতি রয়েছে। অনলাইনের মাধ্যমে এবং সরাসরি ফরম পূরণ করে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে ট্রাস্ট ব্যাংক মোবাইল মানি (টিবিএমএম)-এর গ্রাহক হয়ে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে TrustMM BNRF O PIN Candidate’s Mobile Number লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২০১ নম্বরে। তবে গ্রামীণফোনের গ্রাহকদের ০১১৯০০১৬২০১ নম্বরে এসএমএস করতে হবে। এ জন্য আবেদনকারীর টিবিএমএম অ্যাকাউন্টে কমপক্ষে ৭২০ টাকা থাকতে হবে। টাকা জমা দেওয়ার পর একটি ট্রানজেকশন আইডি আবেদনকারীর মুঠোফোনে চলে আসবে, যা ব্যবহার করে অনলাইনে www.navy.mil.bd এই ঠিকানা থেকে Join Navy লিংকে ক্লিক করে অথবা সরাসরি www.joinnavy.mil.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করে জমা দিতে হবে। সঠিকভাবে ফরম পূরণ শেষে প্রার্থীকে অনলাইনেই কল-আপ লেটার পাঠানো হবে। সে ক্ষেত্রে অনলাইনে ফরম পূরণ শেষে এর একটি প্রিন্ট নিতে হবে, যা পরবর্তীকালে ফরম কমিশন ২(ক) হিসেবে বিবেচিত হবে।
সরাসরি ফরম পূরণের জন্য যাঁরা টিবিএমএমের গ্রাহক নন, তাঁরা ট্রাস্ট ব্যাংকের যেকোনো শাখা অথবা ট্রাস্ট ব্যাংকের মনোনীত পে পয়েন্টে গিয়ে ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড’ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকার অনুকূলে ৭০০ টাকা জমা দেওয়ার পর প্রাপ্ত নোটিফিকেশন এসএমএস ও মানি রিসিপ্ট, যাতে একটি ট্রানজেকশন আইডি থাকবে, সেটি অনলাইনে ফরম পূরণের ক্ষেত্রে পেমেন্ট পেজের যথাস্থানে লিখতে হবে এবং ম্যানুয়ালি ফরম পূরণের ক্ষেত্রে ব্যাংক ড্রাফটের ঘরে লিখতে হবে। ম্যানুয়ালি পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি হিসেবে দিতে হবে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, মানি রিসিপ্ট এবং অনলাইনে আবেদনকৃতদেরকে ১ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, নাগরিক ও চারিত্রিক সনদের কপি সংযুক্ত করে তা পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করে তাঁদের বুদ্ধিমত্তা, ইংরেজি দক্ষতা ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে আগামী ২২ থেকে ২৫ আগস্ট এবং লিখিত পরীক্ষা ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে। সেখানে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে পর্যায়ক্রমে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) কর্তৃক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। চূড়ান্তভাবে বাছাই করা প্রার্থীরা প্রথমে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণ এবং পরবর্তীকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ২৪ মাস ও মিডম্যানশিপ হিসেবে ১২ মাসসহ মোট ৩ বছর মেয়াদি সফল প্রশিক্ষণ শেষ করার পর তাঁদের সাব-লেফটেন্যান্ট হিসেবে নিয়মিত কমিশন প্রদান করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি (অনার্স) এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে।
সুযোগ-সুবিধা ও পদোন্নতি
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত স্কেলে বেতন, বিদেশে প্রশিক্ষণ, সরকারি খরচে উচ্চশিক্ষা, বাসস্থান, সন্তানদের পড়ালেখার খরচ, চিকিৎসা খরচ ইত্যাদি সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ তো আছেই।
বিস্তারিত জানতে যোগাযোগ
পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩, ফোন: ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১১, ২২১৪ ও ২২১৫।
ওয়েবসাইট: www.joinnavy.mil.bd