নৌমন্ত্রীর ঘোষণায় আশায় বুক বাঁধছে নাইক্ষ্যংছড়ির সীমান্তবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চাকঢালায় মিয়ানমারের সঙ্গে স্থলবন্দর স্থাপনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারপরও নৌপরিবহনমন্ত্রীর ঘোষণা শুনে নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী মানুষজন আশায় বুক বাঁধছেন। তাঁদের আশা, স্থলবন্দর হলে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্য বাড়বে। পাল্টে যাবে এলাকার অর্থনৈতিক মানচিত্র।
নৌপরিবহনমন্ত্রীর সফরের আগে চাকঢালায় স্থলবন্দর করার দাবিতে ৯ মার্চ মানববন্ধনও করেছে নাইক্ষ্যংছড়ির মানুষ। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ১০ মার্চ ঘুমধুম স্থলবন্দর পরিদর্শনের সময় এ ব্যাপারে আশাব্যঞ্জক মন্তব্য করেন। তিনি বলেন, ঘুমধুমের পাশাপাশি চাকঢালায়ও স্থলবন্দর হবে।
তবে বিষয়টি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী। মুঠোফোনে যোগাযোগ করলে প্রথম আলোকে তিনি বলেন, বিষয়টি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই হয়নি এখনো। এর প্রক্রিয়া চলছে। সম্ভাব্যতা যাচাইয়ের পর মিয়ানমার কর্তৃপক্ষ সাড়া দিলে স্থলবন্দরের বিষয়ে সিদ্ধান্ত হবে।
তবে দুই দেশের সীমান্তের উভয় পাশেই স্থলবন্দর করার উপযোগী পর্যাপ্ত জায়গা আছে বলে জানান, স্থানীয় প্রশাসনের লোকজন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার কামাল বলেন, এ জায়গায় স্থল বন্দর হতে পারে। কারণ পর্যাপ্ত জায়গা ও গ্রহণযোগ্য পর্যায়ে সড়ক যোগাযোগ ব্যবস্থাও রয়েছে।
স্থলবন্দরের প্রস্তাবিত জায়গাটি নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে চেরারমাঠ নামক স্থানে। সম্প্রতি সেখানে গিয়ে দেখা গেছে, ওই এলাকার সড়ক এখনো ভারী যানবাহন চলাচলের উপযোগী হয়নি। আশারতলীর কাছাকাছি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চেকপোস্টের পর সড়কের কিছু অংশে ইট বিছানো এবং কিছু অংশ সম্পূর্ণ কাঁচা।
চেরারমাঠে সীমান্তের ওপার থেকে আসা মিয়ানমারের নাগরিক আবুল হোসেন জানিয়েছেন, চেরারমাঠ থেকে প্রায় এক কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্ত। সীমান্তের ওপারে পুরাণমাইজ্যা ও ফকিরা বাজার এলাকায়ও সড়ক যোগাযোগব্যবস্থা ভালো নয়। স্থলবন্দর বাস্তবায়ন করতে হলে সড়কের অবকাঠামো গড়ে তুলতে হবে।
এদিকে নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির আশায় স্থলবন্দরের জন্য জমি দিতেও প্রস্তুত নাইক্ষ্যংছড়ির বাসিন্দারা। চেরারমাঠের বাসিন্দা আয়েন উদ্দিন ও ওসমান গণি বলেন, তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থলবন্দরের ঘোষণার জন্য। অধিগ্রহণে জায়গা-জমি দিতেও প্রস্তুত তাঁরা। কারণ বন্দর হলে তাঁদের বেকারত্ব দূর হবে। বড় ব্যবসায়ীদের পাশাপাশি তাঁরাও ছোটখাটো ব্যবসা করতে পারবেন।
নাইক্ষ্যংছড়ি বাজারের নজির হোসেন বলেছেন, চাকঢালায় স্থলবন্দর হলে আমদানির চেয়ে রপ্তানি বেশি করা সম্ভব হবে। কারণ মিয়ানমারের কাঠ ও দানাজাতীয় কৃষি পণ্য ছাড়া নিজস্ব উৎপাদিত রপ্তানিযোগ্য পণ্য তেমন কিছু নেই। তিনি আরও বলেন, ঘুমধুমের চেয়ে চাকঢালায় স্থলবন্দর হলে অনেক বেশি সুবিধা হবে।
বাইশারির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক বলেন, চাকঢালায় স্থলবন্দর হলে ঘুমধুমের চেয়ে প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব কম হবে এবং কোনো যানজট সৃষ্টি হবে না।