
পরিবার, বন্ধু, স্বজন ও সমাজের সবার পরিহাস উপেক্ষা করেই একজন কাজ করে চলেছেন সাধ্যের মধ্যে স্যানিটারি ন্যাপকিন উৎপাদন করতে। এ কাজ করতে গিয়ে মায়ের উপহাসেরও শিকার হতে হয়েছে তাঁকে। তাঁর এই আবিষ্কার একদিকে যেমন কর্মসংস্থান তৈরি করেছে, অন্যদিকে বিশ্বের কোটি কোটি নারীর বছরে ৫২ সপ্তাহ স্বাস্থ্যকর ও স্বাভাবিক জীবনের প্রতিশ্রুতিও নিশ্চিত করেছে।
শুরুটা ছিল ব্যতিক্রমী। একদিন এক মা ছেলের ঘরে ঢুকতে গিয়ে দেখলেন, ঘরভর্তি মুরগির পালক। কিছুক্ষণ পর আবিষ্কার করলেন, এগুলো তো মুরগির পালক নয়, রক্তাক্ত স্যানিটারি ন্যাপকিন। এমন কিছু নিজের ছেলের ঘরে দেখলে নিশ্চয় যেকোনো মা ধরে নেবেন, তাঁর ছেলে হয় শয়তানের খপ্পরে পড়েছে, নয়তো তার মাথা খারাপ হয়ে গেছে।
এরপর এক স্ত্রী তাঁর স্বামীকে মেডিকেল কলেজের ছাত্রীনিবাসের দেয়াল বেয়ে ঝুলতে দেখলেন। তিনি কি ধরেই নেবেন না যে কারও সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক হয়েছে?
পরের ঘটনায় দেখা যাচ্ছে, এক পুরুষ স্যানিটারি ন্যাপকিন পরে পশুর রক্তভর্তি একটি কৃত্রিম ব্লাডার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পিরিয়ডের সময় একজন নারীর কী অনুভূতি হয়, শুধু সেটা অনুভব করার জন্য।
ওপরের ঘটনাগুলো পড়ে আপনি অরুণাচলম মুরুগানন্তমকে নিয়ে যেকোনো কিছু ভাবতে পারেন। তিনি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোইমবাতুর রাজ্যের বাসিন্দা। নিজেকে স্বল্পশিক্ষিত দাবি করলেও এই যুবক এক বিরাট কাজ করেছেন। গ্রামের মহিলাদের জন্য তৈরি করেছেন স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন প্রস্তুতকারক যন্ত্র। তাঁর এই কাজকে তিনি করপোরেট বাণিজ্যিকীকরণের চেয়ে একটি আন্দোলন বলে ভাবতেই পছন্দ করেন। ইতিমধ্যে এটি ভারত ছাড়িয়ে বিশ্বের নানা দেশে পৌঁছে গেছে।
মুরুগানন্তমের গল্পের শুরু ১৯৯৮ সালে, যখন তাঁর স্ত্রী একগাদা নোংরা ন্যাকড়া লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন পিরিয়ডের সময় ব্যবহারের জন্য। কেন তিনি এটি ব্যবহার করছেন, সে প্রশ্নের জবাবে স্ত্রী বললেন, তিনি স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে জানেন। কিন্তু তিনি ও তাঁর বোন এটি ব্যবহার শুরু করলে মাসের দুধের বাজেটে ঘাটতি হবে।

ভারত বা উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সাধ্য না থাকায় ভয়ংকর ঘটনা ঘটছে। পিরিয়ড চলাকালে নারীরা ঘরে থাকে এবং পুরোনো কাপড় ব্যবহার করে। এতে প্রজননসংক্রান্ত রোগের শঙ্কা তৈরি হয়। এক সরকারি জরিপে দেখা গেছে, ভারতের মাত্র ১২ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। মুরুগানন্তমের বিশ্বাস, গ্রামের নারীদের মধ্যে মাত্র ২ শতাংশ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে।
স্কুল পালানো মুরুগানন্তম জীবন শুরু করেছিলেন ছোট্ট এক কোম্পানিতে ওয়েলডিংয়ের কাজে। তাঁর কাজের শুরুটা ছিল ভয়ংকর। এ কাজে নারীদের সহায়তা দরকার ছিল। তিনি স্ত্রী ও বোনের কাছে সাহায্য চাইলেন। বোন তাঁকে বের করে দিলেন। পরে তিনি মেডিকেল কলেজের ছাত্রীদের কাছে সাহায্য চাইতে গেলেন। তাঁর ধারণা ছিল, ভবিষ্যৎ ডাক্তাররা এই বিষয়ে কোনো সংকোচ করবেন না। কিন্তু তাঁরাও তাঁকে দূর দূর করে তাড়িয়ে দিলেন।
পরে নিজেই স্যানিটারি ন্যাপকিন পরা শুরু করলেন মুরুগানন্তম। সে সময় খেয়াল করলেন, যে পশুর রক্ত তিনি ব্যবহার করছেন, সেটা ন্যাপকিন শুষে নিতে পারছে না। ঘরের এদিক-সেদিক ছড়িয়ে পড়ছে। তিনি জানলেন, তাঁকে পাইন কাঠ থেকে তৈরি একধরনের বিশেষ সেলুলোজ ব্যবহার করতে হবে। এমনিতে পাইন কাঠের দাম কম হলেও সেটি বাজারে খুব চড়া মূল্যে বিক্রি হতো। মুরুগানন্তম বলেন, দামের এই তারতম্যের কারণ হচ্ছে স্যানিটারি ন্যাপকিন তৈরির যন্ত্রটি। একটি যন্ত্রের দাম কমপক্ষে পাঁচ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার।
মুরুগানন্তম স্বল্পমূল্যে এমন একটি যন্ত্র তৈরির পরিকল্পনা করলেন, যেটি বিক্রির আগে স্যানিটারি ন্যাপকিন তৈরির সব কাজ সারতে পারবে। এমনকি ন্যাপকিন বিশুদ্ধকরণও এই যন্ত্র দিয়েই যেন করা যায়। তাঁর তৈরি এই ছোট্ট যন্ত্রটির দাম পড়ল মাত্র দুই হাজার মার্কিন ডলার। এমনকি এর জন্য কোনো বড় জায়গারও দরকার হয় না। ড্রয়িং বা ডাইনিংরুমের মতো জায়গায় রেখে এটি দিয়ে কাজ করা যায়।
মুরুগানন্তম তাঁর কোম্পানির নাম দিয়েছেন ‘জয়শ্রী কারখানা’। সবাই ‘দূর ছাই’ করলেও যে তাঁর পাশে ছিল, সেই বোনের মেয়ে জয়শ্রীর নামেই এই কারখানা।
এই যন্ত্র তৈরিতে মুরুগানন্তম সরকারেরও কোনো সহায়তা পাননি। তবে ২০০৬ সালে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, মাদ্রাজ থেকে সম্মাননা পান। এই প্রতিষ্ঠান মুরুগানন্তমের আবিষ্কারটি জাতীয় উদ্ভাবন তালিকায় যোগ করে। সংস্থাটির পক্ষ থেকে তৃণমূল উদ্ভাবকের পুরস্কারও পান তিনি। এর পরেই তাঁর কাজটির প্রতি লোকের আগ্রহ তৈরি হয়। তিনি বেশ মূলধনও পান। এখন তাঁর তৈরি যন্ত্র দিয়েই ভারতের প্রত্যন্ত গ্রামগুলোতে স্থানীয়ভাবে তৈরি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন।
মুরুগানন্তমের স্ত্রী ও মা তাঁর কাছে ফিরে এসেছেন। একসময় ভারতে প্রচলিত বিশ্বাস ছিল, যেসব নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে, তারা শয়তান দুহিতা। তিনি এ বিশ্বাস ভেঙেছেন। তাঁর কল্যাণে ভারতের লাখ লাখ মেয়ে নিরাপদ জীবন কাটাচ্ছেন।