ন্যাড়া পাহাড়ে ফললসোনা
মাত্র চার বছর আগেও যে জমিতে আগাছা জন্মেছিল, এখন সেখানে উন্নত জাতের আম, পেয়ারা ও লিচুর চাষ হচ্ছে। একসময়ের ন্যাড়া পাহাড়ে এখন শোভা পাচ্ছে ফলের বাগান। ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তাপুর গ্রামের বাসিন্দা মো. নেজাম উদ্দিন পাহাড়ে সোনা ফলিয়েছেন। তাঁর বাগানে পা দিলে রীতিমতো বিস্মিত হতে হয়। ফলের ভারে নুয়ে পড়া গাছগুলোই যেন নেজামের সাফল্যের স্বাক্ষর বহন করছে।
১৯৯২ সালে রাউজান ডিগ্রি কলেজ থেকে স্নাতক পাস করার পর চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতিতে ছোটখাটো একটা পদে চাকরি জোটে নেজামের। বেতনের অল্প টাকায় সংসার চলছিল না। তাই পাড়ি জমান মধ্যপ্রাচ্যে। বিদেশে হাড়ভাঙা পরিশ্রমের পরও ভাগ্যের পরিবর্তন না হওয়ায় দেশেই কিছু করার কথা ভাবেন তিনি। সেই ভাবনা থেকেই একরাশ স্বপ্ন নিয়ে দেশে ফেরেন।
২০০৯ সালের গোড়ার দিকের কথা। ফটিকছড়ি উপজেলার পাহাড়-টিলা বেষ্টিত লেলাং গ্রামের গোপালঘাটায় ১৬ একর জমিতে আম, পেয়ারা, লিচু, মাল্টাসহ ১২ প্রজাতির ফলের বাগান করেন নেজাম। নেজাম জানান, তাঁর দেখাদেখি বহু মানুষ এখন উপজেলার পাহাড়ি এলাকায় বাগান করছেন। পাহাড়-টিলা ছেয়ে গেছে ফলের গাছে।
বাগানের ২০০ আম্রপালি গাছের প্রতিটিতে গড়ে ২০ কেজি আম উৎপাদিত হবে বলে আশা করছেন তিনি। যার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। বাগানে পেয়ারাগাছ রয়েছে ৩৫০টি। ফল ধরেছে সব কটিতেই। প্রতিটি গাছে ১০ থেকে ১৫ কেজি পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তিনি।
এ ছাড়া ১০০টি মাল্টা, ২০০টি চায়না-৩ লিচু, ৩৫০টি কমলা গাছে ফল ধরবে বলে আশা করছেন তিনি। এসবের বাইরে মোসাম্বি, লটকন ও আমলকীসহ শতাধিক ফলদ গাছ রয়েছে তাঁর বাগানে।
নেজাম জানান, এক একর জমিতে সার, বীজ, চারা ও পরিচর্যাসহ খরচ হয় এক লাখ টাকা। ফলন হয় প্রায় ২০০ মণের মতো। যার বাজারমূল্য চার লাখ টাকা। অন্য কোনো কৃষিপণ্য চাষ করে এমন লাভবান হওয়া সম্ভব নয় বলে তিনি মনে করেন।
নেজাম বলেন, চারা গাছে জৈবসার ব্যবহারের কারণে এই বাগানের ফল নিরাপদ। বাগানে কোনো রাসায়নিকও ব্যবহার হয় না।
নেজামের বাগানে এখন চারজন শ্রমিক সাত হাজার টাকার বেতনে কাজ করেন। কেবল নিজের নয়, এমন একটি উদ্যোগের মধ্য দিয়ে গ্রামের বহু তরুণেরও বেকারত্ব ঘুচিয়েছেন তিনি।