ছোটবেলায় মায়ের হাতের রান্না খেয়ে মনে করতেন, এত ভালো রান্না নিজের পক্ষে কোনো দিনও করা সম্ভব হবে না। মা যেভাবে মাংস কষাতেন বা ভর্তা করতেন, সেগুলো দেখের জিভে পানি চলে আসত। কিন্তু চুলার পাশে এতক্ষণ দাঁড়াবেন, এটা ভাবতেই রান্না শেখার আগ্রহটা হারিয়ে ফেলতেন। মা বলতেন, ‘থাক, তোর রান্না করার দরকার নেই। আমি রান্না করব, তুই সেটাই খাবি।’ কিন্তু বিয়ের পর সেই ন্যান্সিকে ঠিকই রান্না করতে হয়েছে। কীভাবে পারলেন তিনি? ‘শাশুড়ি শিখিয়েছেন। এখন রান্নাটা শখে পরিণত হয়েছে। বাসায় মেহমান এলে নিজেই রান্নার আয়োজন করি।’ জানালেন ন্যান্সি। ঈদের দিন ন্যান্সি রান্না করতে পছন্দ করেন। ‘এই ঈদে সব বাড়িতে মাংস খাওয়ার ধুম। এখন স্বাদ বদলের জন্য আমি করি লইট্যা শুঁটকি, ঢ্যাঁড়স ভাজি, ডাল ভুনা। পোলাও-মাংস তো থাকছেই।’চলুন জেনে নেই ন্যান্সির রেসিপিগুলো।গরুর মাংসের ভুনাউপকরণ: দুই কেজি গরুর মাংস, ১ কাপ সয়াবিন তেল, পরিমাণমতো হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, জিরাবাটা ও লবণ।প্রণালি: মাংসগুলো ধুয়ে পানি নিংড়ে নিতে হবে। খুব ভালো হলো যদি মাংসটা চালুনির ওপর ছড়িয়ে দিয়ে রাখা যায় ২০ মিনিট। এরপর গরম পাত্রে তেল ঢেলে পেঁয়াজকুচি ভেজে নিতে হবে। এবার মাংসে মসলা মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানোর পর ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়তে হবে। পাঁচ মিনিট পর দেড় কাপ পানি ঢেলে একটু ঢেকে রাখুন। ১০ মিনিট পর আবার নেড়ে দিন। এবারে গুনে গুনে ৬ কাপ পানি ঢেলে দিন। তারপর চুলার জ্বালটা কমিয়ে রাখুন। লক্ষ রাখতে হবে যেন মাংস কড়াইতে লেগে না যায়। এ জন্য মাঝেমধ্যে শক্ত চামচ দিয়ে নেড়ে দেওয়া যেতে পারে। এই রান্নায় ঝোল একদমই থাকবে না। দেখবেন, মাংস রান্নার ঘ্রাণ এসে নাকে লাগছে। যখন মাখা মাখা হয়ে আসবে, তখন দেখে নিতে হবে মাংস সেদ্ধ হয়েছে কি না। এরপর পরিবেশন।লইট্যা শুঁটকিউপকরণ: এক কাপ শুঁটকি, পরিমাণমতো শুকনা মরিচবাটা, জিরাবাটা, আদাবাটা, রসুনবাটা, ধনেপাতা, লবণ, সরিষার তেল।প্রণালি: লইট্যা শুঁটকি একেকজন একেকভাবে রান্না করেন। প্রথমে শুঁটকি ছোট ছোট টুকরা করে গরম পানিতে সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে তেল গরম করতে দিন। মসলা দিয়ে মাখিয়ে নিন শুঁটকি। তেল গরম হলে মসলামিশ্রিত শুঁটকি তেলের মধ্যে ছেড়ে দিন। তারপর নাড়তে থাকুন। লবণটা পরীক্ষা করে দেখে নিয়ে এবার একটু পানি দিয়ে কড়াই ঢেকে দিন দিন। যখন দেখবেন পানি শুকিয়ে এসেছে, তখন চুলা থেকে নামিয়ে নিন।ফিরনিউপকরণ: দুই কেজি দুধ, একমুঠো চালের গুঁড়া, পরিমাণমতো চিনি, কিশমিশ, কাঠবাদাম।প্রণালি: প্রথমে দুধ জ্বাল দিয়ে নিন। এরপর গরম দুধে চিনি ছেড়ে দিন। পরে আরও জ্বাল দিন। ২ কেজি দুধ জ্বাল করতে করতে যখন প্রায় ১ কেজিতে আসবে, তখনই একমুঠো চালের গুঁড়া ছেড়ে দিন। এরপর ঢেকে দিন পাতিলের মুখ। ২০ মিনিট পরেই দেখবেন, আপনার ফিরনি তৈরি হয়ে গেছে। তখন কাঠবাদাম আর কিশমিশ ছড়িয়ে দিন ফিরনির ওপর। পোলাওউপকরণ: এক কেজি পোলাওয়ের চাল, ঘি এক কাপ, পেঁয়াজকুচি, পরিমাণমতো পানি ও লবণ।প্রণালি: প্রথমে পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর চালুনিতে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর চুলার ওপর পাতিল দিয়ে ঘি ছেড়ে দিতে হবে। সেখানে পেঁয়াজকুচি ছেড়ে দিন। সামান্য লবণ দিতে হবে। এবার পেঁয়াজকুচিগুলো তুলে নিতে হবে। এরপর ঘিয়ের মধ্যে পোলাওয়ের চাল ছেড়ে দিন। একটু লবণ দিয়ে দিতে পারেন। তারপর চাল ভাজতে থাকুন। ভাজতে ভাজতে যখন চালের রং পরিবর্তন হতে থাকবে, তখনই পানি ঢেলে দিন পাতিলে। এরপর চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরই মধ্যে দেখবেন, পানি শুকিয়ে গেছে। এরপর ঝরঝরে পোলাও আপনি খাবারটেবিলে পরিবেশন করতে পারবেন। টাকি মাছের ভর্তাউপকরণ: টাকি মাছ ৭ টুকরা। পরিমাণমতো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ ও সরিষার তেল। প্রণালি: গরুর মাংস খেতে খেতে যখন মুখের স্বাদটা একঘেয়ে হয় যায়, তখনই স্বাদ বদলানোর জন্য টাকি মাছের ভর্তাটা খেতে ভালো লাগে। প্রথমে মাছ কেচে সেদ্ধ করে নিতে হবে। তারপর কাঁটা ছাড়িয়ে নিতে হবে। এরপর শিলপাটায় মাছগুলো পিষে নিতে হবে। এরপর রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা মরিচ, লবণ ও সরিষার তেলের সঙ্গে মাছের পিষে ফেলা অংশটুকু মিশিয়ে নিতে হবে। আবার ইচ্ছা করলে হাত দিয়েও ভর্তা করে নেওয়া যায়।