ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। তবে গত বছরের তুলনায় কমে গেছে দাম। গত মৌসুমে চাষিরা পাইকারি ব্যবসায়ীর কাছে যে আকারের তরমুজ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি কেরছেন, এই মৌসুমে তেমন আকারের তরমুজ বিক্রি করছেন ৫০ থেকে ৬০ টাকায়। এ কারণে ভালো ফলনের খুশি স্থায়ী হয়নি চাষিদের মনে।
মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম প্রথম আলোকে বলেন, উপজেলার ১২৫ হেক্টর জমিতে এবার তরমুজের চাষ হয়েছে। উপজেলার কুতুবজোম, বড় মহেশখালী ও ছোট মহেশখালী ইউনিয়নেই মূলত তরমুজের চাষ হয়। এর মধ্যে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া ও বড়দিয়ায় তরমুজ ফলে সবচেয়ে বেশি। সেখানকার ৩০ হেক্টর জমিতে এবার আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, এক একর জমিতে তরমুজ চাষ করতে চাষিদের খরচ হয় প্রায় এক লাখ টাকা। ফলন ভালো হলেও বাজারে তরমুজের দাম কমে যাওয়ায় অনেক চাষি কাঙ্ক্ষিত লাভের দেখা পাবেন না।
২৬ মার্চ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে চাষিদের খেত থেকে তরমুজ তুলতে দেখা গেছে। সোনাদিয়া, বড়দিয়া ও তাজিয়াকাটা এলাকায় এবার আশাতীত ফলন পেয়েছেন চাষিরা। ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল পাহাড়ি এলাকার চাষি নুর মোহাম্মদ ও আব্দুল কাদের বাজারে বিক্রি করার জন্য খেত থেকে তরমুজ তুলছিলেন। ছোট-বড় মিলিয়ে প্রতিটি ৫০-৭০ টাকা করে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন তাঁরা। প্রতিটি তরমুজ গতবারের চেয়ে ৩০ থেকে ৪০ টাকা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান তাঁরা।
উত্তরকুল এলাকার চাষি রবি আলম বলেন, ‘চার মাস আগে দুই লাখ টাকা খরচ করে পাহাড়ের পাদদেশে পাঁচ একর জমিতে আগাম জাতের তরমুজ চাষ করি। এবারে তরমুজের ভালো ফলন হয়েছে। কিন্তু বাজারে তরমুজের দাম না থাকায় লাভ তুলতে পারব কি না, সেই সংশয় আছে।’
ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনার ব্যবসায়ী লেদু মিয়া ও বেলাল হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর তরমুজের ফলন অনেক ভালো হয়েছে। ফলন ভালো হওয়ায় বাজারে তরমুজের সরবরাহও বেশি। মূলত এই কারণে গত বছরের তুলনায় চাষিরা তরমুজের দাম পাচ্ছেন না। তাঁরা জানান, যে তরমুজ গত বছর ৮০-১০০ টাকায় বিক্রি হয়েছে সেই তরমুজ এখন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
উপজেলার গোরকঘাটা বাজারে বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায় আর ছোট আকারের তরমুজ ৭০ থেকে ৯০ টাকায়। বিক্রেতা নুরুল আলম বলেন, খেত থেকে ৫০-৬০ টাকা দরে প্রতিটি তরমুজ কিনে বাজারে বিক্রি করছেন তিনি। গত বছরের তুলনায় এবার তরমুজের দাম কম বলে তিনি জানান। ফলন বেশি হওয়ায় তরমুজের দাম কমে গেছে বলে মনে করেন তিনি।