ন্যায্য দাম পেতে মহেশখালীতে আগাম লবণ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় আগাম লবণ চাষ শুরু করেছেন চাষিরা। গত বছর লবণের ভালো দাম পাওয়ায় চাষিরা এবার উৎসাহ নিয়ে লবণের চাষে ঝুঁকেছেন। লবণের মাঠে পার করছেন ব্যস্ত সময়।
লবণচাষিরা জানান, গত মৌসুম থেকে এখন পর্যন্ত প্রতি মণ লবণ সাদা সাড়ে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ দুই বছর আগে লবণ বিক্রি হয়েছিল মাত্র ৯০ থেকে ১২০ টাকায়। চাষিরা জানান, গত বছর থেকে ভালো দাম পাচ্ছেন তাঁরা। চাষের খরচ বাদ দিয়ে থাকছে লাভও।
গত বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ধলঘাটা, তাজিয়াকাটা, ঘটিভাঙা, সোনাদিয়া, ছোয়াখালি, সাইরার ডেইল, বড় মহেশখালী, গোরকঘাটা ও কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন স্থানে পুরো দমে লবণ চাষ শুরু হয়েছে। লবণ মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা।
ধলঘাটা ইউনিয়নের নাসির মোহাম্মদ ডেইল এলাকার লবণচাষি মোহাম্মদ হাসেম ও মোহাম্মদ নুরুচ্ছফা বলেন, ‘গত বছর এক মণ লবণ উৎপাদনে খরচ হয়েছিল প্রায় ২০০ টাকা। লবণের দাম পেয়েছি ৩৫০ থেকে সাড়ে ৪০০ টাকা। ফলে গত বছরের খরচ বাদ দিয়ে প্রায় ৪ লাখ টাকা লাভ হয়েছে। আর এবারেও ন্যায্য দামের আশায় আগে-ভাগে লবণ চাষ করেছি।’
কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন ও বিসিক কার্যালয় সূত্রে জানা গেছে, এবার কক্সবাজার জেলা ও বাঁশখালীর ৬৩ হাজার একর জমিতে লবণ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে মহেশখালীতে প্রায় ১৫ হাজার একর জমি রয়েছে। গত বছর লবণ চাষ হয়েছিল প্রায় ৬১ হাজার একর জমিতে। তখন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৮ লাখ মেট্রিক টন পরিশোধিত লবণ। কিন্তু তার স্থলে উৎপাদন হয়েছিল ১৫ লাখ ৫৫ হাজার মেট্রিক টন। আর এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ লাখ মেট্রিক টন পরিশোধিত লবণ।
কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন ও বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবছার উদ্দিন বলেন, ন্যায্য দাম পাওয়ায় স্থানীয় চাষিরা আগাম লবণ চাষ শুরু করেছে। জেলার বিভিন্ন স্থানে এখন লবণ উৎপাদনের প্রক্রিয়া চলছে।