ন্যায্যমূল্য পাচ্ছেন না পাহাড়ের ফলচাষিরা
বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের বাগানগুলোতে এখন আম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০-২০ টাকা দরে। সেই আম বান্দরবান শহরে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০-৫০ টাকায়। ঢাকা ও চট্টগ্রামের বাজারে এই আম ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক বছরে বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামে প্রচুর ফলবাগান গড়ে উঠলেও ন্যায্যমূল্য না পাওয়ায় খামারিদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেনি। কেবল আম নয়, আনারস, কাঁঠাল, লিচুসহ মৌসুমি ফলের ক্ষেত্রেও পাহাড়ের চাষিরা ন্যায্যমূল্য হতে বঞ্চিত হচ্ছেন। পরিবহনসুবিধা, সংরক্ষণ ও নিজস্ব পণ্য সরবরাহের ব্যবস্থা না থাকায় খামারিরা ফলের সঠিক দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন।সরেজমিনে বান্দরবানের থানচি, রুমা, রোয়াংছড়িসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ফলবাগানগুলোতে ঘুরে এ চিত্র দেখা গেছে। বেসরকারি সংস্থাগুলোর হিসেবে বান্দরবানে ফলদ, বনজ ও ঔষধি গাছের বাগানের সংখ্যা ১০ হাজারেরও বেশি। এসব বাগানের অধিকাংশই বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় গড়ে উঠেছে। আদিবাসীদের পাশাপাশি পাহাড়ে বসবাসরত বাঙালিরাও ফলের বাগান করায় এগিয়ে এসেছেন।রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল বিশ্বাস বলেন, ‘পরিবহনসুবিধা ও সংরক্ষণের অভাবে খামারিরা ফলের ন্যায্যদাম পান না। ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে এসব ফল সংগ্রহ করে তা বেশি দামে বান্দরবান কিংবা অন্যান্য স্থানে বিক্রি করেন।’ জানা গেছে, বান্দরবানে সরকারি সহযোগিতার পাশাপাশি ইউএনডিপির অধীন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, কারিতাস, গ্রামীণ উন্নয়ন সংস্থা ইত্যাদি প্রতিষ্ঠান বাগান করার জন্য পাহাড়ের অধিবাসীদের উদ্বুদ্ধ করে যাচ্ছে। গত প্রায় ২৫ বছর ধরে এসব প্রকল্প চললেও পার্বত্য চুক্তির পর মিশ্র ফলের বাগানের দিকে আদিবাসীরা বেশি ঝুঁকছে বলে জানা গেছে। বাজারে ফলের ন্যায্যদাম না পেলেও বাগান করে জুমচাষ থেকে বেশি আয় হচ্ছে আদিবাসী কৃষকদের।বান্দরবানের রুমার বলিপাড়া এলাকার বাগানের মালিক নিলাময় চাকমা গত পাঁচ বছর ধরে জুমচাষের পাশাপাশি তাঁর পাঁচ একর নিজস্ব ভূমিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন। গত মাসে তিনি এখান থেকে অন্তত ছয় হাজার টাকার লিচু বিক্রি করেছেন। এখন তাঁর বাগানে মিয়ানমারের রোয়াংরি ও আম্রপালিসহ বিভিন্ন জাতের আম হয়েছে। কিছু আম বিক্রিও করেছেন ইতিমধ্যে। নিলাময় চাকমা বলেন, ‘আমি পাঁচ বছর আগে কারিতাসের উদ্যান উন্নয়ন প্রকল্পের অধীনে বাগান করার প্রশিক্ষণ নিই। তারপর তাদের কাছ থেকে চারা নিয়ে বাগান শুরু করি। তিন বছরের মধ্যে ফলন শুরু হয়। এখন আমি মাসে ছয় হাজার টাকা আয় করি। কিন্তু আমরা ন্যায্য দাম পাই না। কারণ আমাদের নিজস্ব কোনো পরিবহনব্যবস্থা নেই। তাই নির্ভর করতে হয় ফড়িয়াদের ওপর।’একইভাবে থানচির দিংতেপাড়ার কারবারি র্যাংলিন ম্রো সরকারি সহযোগিতায় বাগান করেছেন। তিনিও পাশাপাশি জুমচাষ অব্যাহত রেখেছেন। তাঁরও অভিযোগ, সঠিক দাম পাচ্ছেন না। জেলা পরিষদের এক কর্মকর্তা জানান, এখানে সংরক্ষণব্যবস্থা নেই। তা ছাড়া দূর-দূরান্ত থেকে ফল পরিবহন করে জেলা শহরে আনার জন্য সরকারি বেসরকারি কোনো উদ্যোগ নেই। তাই ব্যবসায়ী ও ফড়িয়াদের ওপর খামারিদের নির্ভর করতে হয়।এ প্রসঙ্গে কারিতাসের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ বলেন, ‘এখানে আমাদের সহযোগিতায় গড়ে ওঠা প্রায় ৮০০ বাগান রয়েছে। আমরা তিন বছর ধরে তাঁদের সহযোগিতা করি। এরপর বাগান তদারকি করেন পুরোপুরি খামারিরা। ফলের বাগান করে খামারিরা মোটামুটি স্বাবলম্বী হচ্ছেন। কিন্তু তাঁরা ন্যায্য দামটা পাচ্ছেন না।’