ন্যায্যমূল্যে খাদ্যশস্য পাচ্ছে দিনে সাড়ে সাত লাখ মানুষ
খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং চালের বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামে সরকারের নানা কর্মসূচির আওতা বাড়ানো হয়েছে। খাদ্য বিভাগের হিসাবে দেখা গেছে, চট্টগ্রামের ১১ জেলায় দিনে গড়ে সাড়ে সাত লাখ মানুষ বাজারদরের চেয়ে কম দরে চাল-গম কেনার সুযোগ পাচ্ছে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস), ফেয়ার প্রাইস, চতুর্থ শ্রেণীর কর্মচারী ও ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে চাল-গম বিক্রি—এ চারটি কর্মসূচিতে দিনে ও মাসে এসব কার্যক্রম চলছে। এসব কর্মসূচির মধ্যে সপ্তাহে এক দিন ছাড়া প্রতিদিন এক হাজার ১৬৯ জন ডিলারের মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার টন চাল খোলাবাজারে বিক্রি হচ্ছে। এতে চট্টগ্রামের ১১ জেলায় দিনে সুবিধা পাচ্ছে প্রায় সাত লাখ মানুষ। এর মধ্যে নগরে সুবিধা পাচ্ছে ৩৩ হাজার জন। বাকি তিনটি কর্মসূচিতে সরকারি কর্মচারী ও হতদরিদ্র প্রায় সাড়ে ১৫ লাখ মানুষ প্রতিমাসে একবার ২০ কেজি করে ন্যায্যমূল্যে চাল ও গম কেনার সুযোগ পাচ্ছে। ওই হিসাবেও চট্টগ্রাম বিভাগে দিনে গড়ে সাড়ে সাত লাখ মানুষ ন্যায্যমূল্যে চাল-গম কেনার সুযোগ পাচ্ছে। এ প্রসঙ্গে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এসব কর্মসূচি অব্যাহত থাকায় দরিদ্র ও নির্দিষ্ট আয়ের লোকজন সুবিধা পাচ্ছে। এতে চালের বাজারেও প্রভাব পড়ছে। এ কারণে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রমের আওতা আরও বাড়ানো হয়েছে।’জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে খোলাবাজারে চাল বিক্রিসহ পর্যায়ক্রমে অন্যান্য কর্মসূচি চালু হয়। ন্যায্যমূল্যে চাল বিক্রি কার্যক্রমের সুবিধা বেশি মানুষের কাছে পৌঁছাতে আওতাও বাড়ানো হয়েছে। নগরে খোলাবাজারে চাল বিক্রির আওতা বাড়িয়ে ২৫টি ট্রাকের পরিবর্তে গত সপ্তাহ থেকে ৫৫টিতে উন্নীত করা হয়েছে। প্রতিট্রাকে তিন টন হিসেবে দিনে ১৬৫ টন চাল সরবরাহ হচ্ছে। এতে দিনে গড়ে সুবিধা পাচ্ছে ৩৩ হাজার লোক। কেজিপ্রতি ২৪ টাকা দরে একজন সর্বোচ্চ পাঁচ কেজি করে ওএমএস কর্মসূচি থেকে চাল কেনার সুযোগ পাচ্ছেন। প্রতিসপ্তাহে মঙ্গলবার ছাড়া ছয় দিনই এ কার্যক্রম চলছে।যোগাযোগ করলে বন্দরটিলা এলাকায় খাদ্য বিভাগের ডিলার মো. কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বন্দরটিলা এলাকায় পোশাকশ্রমিকের সংখ্যা বেশি। এ কারণে খোলাবাজারে চাল কিনতে বেশি ভিড় হয়।নয়াবাজার এলাকার একটি কারখানার শ্রমিক জসীম উদ্দিন প্রথম আলোকে জানান, ‘খোলাবাজারে শুধু আতপ চাল বিক্রি হয়। কিন্তু আমরা সিদ্ধ চাল খেতে অভ্যস্ত। এ কারণে আতপ চাল খেতে অভ্যস্ত লোকজন এ সুবিধা পেলেও আমরা পাচ্ছি না।’ খাদ্য বিভাগ সূত্র জানায়, সরকারি নানা কর্মসূচিতে চাল বিক্রির কার্যক্রম অব্যাহত রাখতে আমদানিও বাড়ানো হয়েছে। এ বছর সরকার সাড়ে সাত লাখ টন গম এবং সাড়ে ১৩ লাখ টন চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে এসব চাল আমদানি হচ্ছে।বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম বন্দরে খাদ্য বিভাগের ১৬টি জাহাজ থেকে চাল-গম খালাসের প্রক্রিয়া চলছে। আসার পথে আছে আরও বিপুল পরিমাণ চাল-গম।খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রায় সাত লাখ টন চাল এবং পাঁচ লাখ টন গম আমদানি হয়েছে সরকারিভাবে। চট্টগ্রাম বন্দরে এখনো প্রায় ৫৬ হাজার টন চাল-গম খালাসের অপেক্ষায় আছে।