পূর্ণাঙ্গ মজুরি কমিশন ঘোষণা, বন্ধ কলকারখানা চালু, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয়মাস করাসহ বিভিন্ন দাবি নিয়ে নগরের শ্রমিক সংগঠনগুলো মে দিবস পালন করেছে। এই দিবস উপলক্ষে সম্মিলিত মে দিবস উদ্যাপন পরিষদ, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, সম্মিলিত শ্রমিক ও শ্রমজীবী জনতা, জাতীয় শ্রমিক পার্টি, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে।সম্মিলিত মে দিবস উদ্যাপন পরিষদসম্মিলিত মে দিবস উদ্যাপন পরিষদের উদ্যোগে নগরের ডিসি হিল প্রাঙ্গণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন মাজহারুল হক শাহ চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন প্রবীর পাল। বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা এম এ সালাম, এ এম নাজিমুদ্দিন, এ কে এম আবদুল মতিন চৌধুরী প্রমুখ।সভায় মহিউদ্দীন চৌধুরী বলেন, শ্রমিক শ্রেণীর পরিপূর্ণ মুক্তি ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। বিজ্ঞপ্তি। বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়। মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতা-কর্মীরা এই দাবি জানান। সমাবেশের আগে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নমিতা নাথের নেতৃত্বে নগরে বিশাল শ্রমিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করা, সব কারখানায় ট্রেড ইউনিয়ন চালু ও শ্রমিকনেতা আমিনুল হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন শ্রমিকনেতা চন্দন কুমার দে, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।সম্মিলিত শ্রমিক ও শ্রমজীবী জনতামে দিবস উপলক্ষে সম্মিলিত শ্রমিক ও শ্রমজীবী জনতা আয়োজিত সমাবেশে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জানানো হয়। নগরের টাইগারপাস চত্বরে আয়োজিত সমাবেশে বিদ্যুৎ সমস্যা দূর করতে দেশে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান জানান। এ ছাড়া শ্রমিকদের কল্যাণে সরকারকে তহবিল বাড়ানোর তাগিদ দেন তাঁরা।বাংলাদেশ মহিলা পরিষদ মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ নারী ও পুরুষ শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করার দাবি জানান।মহিলা পরিষদের জেলা কমিটির সভাপতি অধ্যাপিকা লতিফা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সুগতা বড়ুয়া, পূর্বা দাশ, স্বাতী পাল প্রমুখ।জাতীয় শ্রমিক পার্টিশ্রমিকদের আট ঘণ্টা চাকরি ও ন্যায্য মজুরির নিশ্চয়তা চেয়েছেন জাতীয় শ্রমিক পার্টির নেতা-কর্মীরা। মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। শ্রমিকনেতা মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জাতীয় পার্টির নেতা মো. শামসুল আলম, মো. আবু জাফর প্রমুখ।