নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের নাথপাড়া–মনুপাড়া সড়কে ভাঙা কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে পথচারীরা। l প্রথম আলো
সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের নাথপাড়া–মনুপাড়া সড়কে ভাঙা কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে পথচারীরা। l প্রথম আলো

পাঁচ বছর আগে বন্যার পানির তোড়ে ভেঙে যায় বাঁশের সাঁকো। স্থানীয় লোকজন চাঁদা তুলে নির্মাণ করেন কাঠের সেতু। দিনে দিনে সেটিও জীর্ণ হয়ে পড়েছে। সাতকানিয়ার ছদাহার নাথপাড়া-মনুপাড়া সড়কের শীলপাড়ার সেতুটির এখন বেহাল দশা।
সরেজমিনে দেখা গেছে, সেতুর বেশির ভাগ পাঠাতন ভেঙে গেছে। কিছু স্থানে পাঠাতনই নেই, হাঁ হয়ে আছে। পারাপারের জন্য মানুষ কিংবা গাড়ি উঠলেই দুলতে থাকে সেতু। তার পরও সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন।
স্থানীয় লোকজন জানান, তিন গ্রাম—শীলপাড়া, নাথপাড়া ও মনুপাড়ার প্রায় আট হাজার মানুষের চলাচলের ভরসা এই সেতু। প্রতিদিন সেতুর ওপর দিয়ে চলাচল করে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল। বেশ কয়েকবার ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। বিকল্প কোনো সড়ক না থাকায় স্থানীয় লোকজনকে ঝুঁকি নিয়ে হলেও ওই সেতুর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। তাঁদের দাবি এই স্থানে একটি পাকা সেতু নির্মাণের।
শীলপাড়ার বাসিন্দা অতুল চন্দ্র শীল (৬৮) জানান, সেতুর পাশের তিন গ্রামের বেশির ভাগ মানুষ কৃষক। তাঁরা ধানের পাশাপাশি মৌসুমি সবজিও চাষ করেন। সেতুটি নড়বড়ে হয়ে পড়ায় উৎপাদিত ফসল উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রির জন্য নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অতুল চন্দ্র আরও জানান, গত বছর শ্রাবণ মাসে এই ভাঙা কাঠের সেতু পার হওয়ার সময় নিচে পড়ে গিয়ে স্কুলপড়ুয়া এক শিশু আহত হয়েছিল। তা ছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে একটি ভ্যান সেতুর নিচে পড়ে যায়।
নাথপাড়ার শিবুকান্তি নাথ (৩৫) ও মনুপাড়ার মো. নাছির উদ্দিন (২৮) বলেন, ‘সড়কে একটি পাকা সেতুর জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছি। এ বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বেশ কয়েকবার জানানো হয়েছে। তিনি ওই জায়গায় একটি পাকা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে ছাদাহা ইউপি চেয়ারম্যান মো. মোসাদ হোসেন চৌধুরী বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা প্রকৌশল কার্যালয়ে একটি পাকা সেতু নির্মাণের জন্য আবেদন করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন বলেন, ‘ওই সড়কে পাকা সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি শিগগির সেতু নির্মাণের কাজ শুরু করতে পারব।’