নড়বড়ে মহেশখালীর ১০ বেইলি সেতু
২৫ ফুটের বেইলি সেতু। পাটাতন ভেঙে গেছে অনেক আগে। এরপর বসানো হয়েছে কাঠ। তাও দেবে গেছে। গাড়ি উঠলে এখন সেতু দোলে। তারপরও ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রাক, যাত্রীবাহী জিপ, অটোরিকশাসহ নানা যানবাহন। এটি মহেশখালীর গোরকঘাটা-জনতাবাজার সড়কের কালালিয়াকাটা বেইলি সেতু। শুধু কালালিয়াকাটায় নয়, এ সড়কের আরও নয়টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব সেতু দিয়ে চলাচলের সময় ঘটছে দুর্ঘটনা। গত ৬ নভেম্বর হোয়ানকের হারিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী একটি জিপ পার হওয়ার সময় পাটাতন ভেঙে চাকা ঢুকে যায়। এ সময় জিপটি কাত হয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। এতে আহত হন আটজন। অপরদিকে ১৯ নভেম্বর বড়ছড়া এলাকায় কালভার্ট পার হওয়ার সময় একটি অটোরিকশা উল্টে আহত হয় পাঁচজন। এ ছাড়া ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। জানা যায়, গোরকঘাটা-জনতাবাজার-শাপলাপুর সড়কের এ রকম বেইলি সেতু রয়েছে ২০টি। ১৯৯৬ সালে এসব সেতু স্থাপন করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী বলেন, ‘একসময় এ সড়কে কোনো সেতু ছিল না। তখন ছড়ার ওপর দিয়ে গাড়ি চলাচল করত। ছড়ায় পানি বাড়লে গাড়ি চলচল বন্ধ থাকত। বেইলি সেতুগুলো হওয়ায় যাতায়াতে সুবিধা হয় কিন্তু এখন সেগুলোই মরণফাঁদে পরিণত হয়েছে।’ সরেজমিনে দেখা যায়, হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া, খোরশাপাড়া, বড়ছড়া, কেরুনতলী, কালালিয়াকাটা, পানিরছড়া, কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালির আপজলিয়াপাড়া ও শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার সেতুগুলোর অবস্থা বেশি নাজুক। জিপ চালক আবুল কালাম বলেন, ‘কালালিয়াকাটা ও হোয়নক এলাকার পার হওয়ার সময় আমরা পর্যন্ত ভয়ে দোয়া-দরুদ পড়তে থাকি। এ অবস্থা চলছে অনেকদিন ধরে। কিন্তু কারও কোনো মাথাব্যথা নেই। প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।’ এ প্রসঙ্গে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, ‘বেশি ঝুঁকিপূর্ণ পাঁচটি সেতু সংস্কারের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ চেয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আর ভেঙে যাওয়া সড়কের সংস্কার কাজও দ্রুত শুরু হবে।’