নড়বড়ে সাঁকো ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালের ওপর দুটি খুঁটি গেড়ে কোনো রকমে তিনটি বাঁশ বেঁধে দিয়ে চলছে পারাপার। পারাপারের সময় ধরার ব্যবস্থাও নেই। পা পিছলে পড়লে সোজা খালে। নড়বড়ে এ সাঁকোটি কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের পূর্বগোদারবিল খালের ওপর। এটি দিয়ে চলাচল করছে চার গ্রামের কয়েক হাজার মানুষ। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশু-কিশোরেরা চরম ঝুঁকি নিয়ে পার হয় সাঁকো।সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালের পশ্চিম পাশে সদর ইউনিয়নের পূর্বগোদারবিল ও পশ্চিম গোদারবিল গ্রাম। আর পূর্বপাশে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ ও সাইট্যংখিল গ্রাম। এই চার গ্রামের কয়েক হাজার মানুষ দীর্ঘ কয়েক যুগ ধরে খালের ওপর দুটি বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে চলাচল করছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সাঁকোটি পার হতে পারলেও প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাপড়ুয়া শিশু-কিশোর শিক্ষার্থীরা সাঁকো পার হচ্ছে ঝুঁকি নিয়ে।স্থানীয় গোদারবিল গ্রামের কৃষক সৈয়দ আমিন জানান, ৫ এপ্রিল সকালে সাঁকো পারাপারের সময় টেকনাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণীর দুই শিক্ষার্থী খালে পড়ে আহত হয়। এ সময় পানিতে তাদের বই-খাতা ভিজে নষ্ট হয়। শুধু শিক্ষার্থী নয়, বহু বৃদ্ধ নারী-পুরুষ সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে আহত হচ্ছেন। আসন্ন বর্ষার আগে খালের ওপর একটি পাকাসেতু নির্মাণ করা না গেলে শিক্ষার্থীদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।গোদারবিল গ্রামের ব্যবসায়ী হোছন আহাম্মদ জানান, দীর্ঘ ৪০ বছর ধরে তিনি এভাবে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। পশ্চিম অলিয়াবাদ গ্রামের গৃহবধূ খতিজা বেগম বলেন, নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা খালের ওপর সেতু নির্মাণের আশ্বাস দেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর আর দেখা মেলে না। তাই সাঁকোর জন্য চার গ্রামের মানুষের দুঃখও শেষ হচ্ছে না।টেকনাফ পৌরসভার কাউন্সিলর নুরুল বশর বলেন, চার গ্রামের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এই খালের ওপর একটি সেতু নির্মাণ জরুরি। এ প্রসঙ্গে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে ওই খালের ওপর একটি সেতু নির্মাণ করা হবে।