নড়বড়ে সাঁকো দুই গ্রামের চলাচলের ভরসা
মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের দুটি গ্রাম দ্বীপ না হলেও দ্বীপের মতোই বিচ্ছিন্ন। চলাচলের জন্য একটি কাঁচা রাস্তা আছে। তবে সেই সড়কে যেতে হলে খাল পার হতে হয় গ্রামবাসীকে। স্থানীয় বাসিন্দারা গত তিন বছর আগে নিজেদের উদ্যোগে খালের ওপর একটি সাঁকো তৈরি করেছিলেন। নড়বড়ে এই সাঁকোটিই দুই গ্রামের ১০ হাজার মানুষের ভরসা।নড়বড়ে সাঁকো দিয়ে পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন সরইতলা ও সুতরিয়ার পশ্চিম এলাকার গ্রামবাসী। বিশেষ করে শিশু-বৃদ্ধ ও নারীদের ভোগান্তিতে পড়তে হয় এই পথে যাতায়াত করার সময়। গ্রামবাসীর দাবি, একটি কালভার্ট নির্মাণ করে দূর করা হোক এই ভোগান্তি। সরইতলার স্থানীয় বাসিন্দা আবদুর রহিম ও আলমগীর হোসেন জানান, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে ধলঘাটার লোকজন অনেক দিন ধরে বঞ্চিত হলেও তা দেখার কেউ নেই। আর পাশের ইউনিয়ন মাতারবাড়িতে বিদ্যুতের সংযোগ আছে অথচ এই এলাকায় বিদ্যু ৎ আসেনি। সরইতলার যোগাযোগব্যবস্থাও খুব খারাপ। এখানকার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পারাপার হন।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আতাউল্লাহ বোখারি বলেন, ধলঘাটায় একটি কালভার্ট নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন করেও কোনো কাজ হচ্ছে না।ধলঘাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ বলেন, ‘শিক্ষার্থীরা সাঁকো পারাপারের সময় ভয় পায়। কিন্তু সাঁকো পার না হলে বিদ্যালয়ে আসবে কীভাবে? অন্তত শিশুদের কথা ভেবে সাঁকোর স্থানে একটি কালভার্ট নির্মাণ করা উচিত।’ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, বিভিন্ন সময়ে দুর্যোগের আঘাতে এই এলাকার বেড়িবাঁধসহ গ্রামীণ সড়কগুলো ভেঙে গেছে। এই এলাকায় বেশ কয়েকটি কালভার্টসহ রাস্তা নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে ইতিমধ্যে বেশ কয়েকটি আবেদন করা হয়েছে।উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, ধলঘাটার বিভিন্ন সড়ক সংস্কারসহ কলভার্ট নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে ইতিমধ্যে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ না আসায় আপাতত ওই সড়ক সংস্কারসহ কালভার্ট নির্মাণ করা সম্ভব হচ্ছে না।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ভেঙে যাওয়া সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।