নড়বড়ে সেতু ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতুর অর্ধেক অংশ ভেঙে গেছে দেড় বছর আগে। ভাঙা অংশে কাঠের পাটাতন দিয়ে কোনো রকমে যোগাযোগব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে। বর্তমানে অবস্থাটা এমন যে, মানুষ উঠলেও সেতু দুলতে থাকে। এ সেতু দিয়ে চলাচলে আনোয়ারার বোয়ালগাঁও গ্রামের বাসিন্দারা নিত্য দুর্ভোগ পোহালেও মেরামতে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।জানা গেছে, আনোয়ারা সদরের সঙ্গে বোয়ালগাঁও গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম কাঠের সেতুটি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি এমনিতেই নড়বড়ে হয়ে পড়েছে। তার ওপর ২০১০ সালের এপ্রিলে সেতুর অর্ধেক অংশ ভেঙে যায়। এর পর থেকে ওই অবস্থায় পড়ে আছে। গ্রামের লোকজনকে কেনাকাটা থেকে শুরু করে সব কাজে এ সেতু দিয়ে চলাচল করতে হয়।এ ছাড়া শোলকাটা, ধানপুরা ও শিলাইগড়া গ্রামের পাঁচ শতাধিক শিক্ষার্থী আনোয়ারা ডিগ্রি কলেজ, আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়, আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়, সিংহরা রামকানাই উচ্চবিদ্যালয়, আনোয়ারা অগ্রযাত্রা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কিন্ডারগার্টেনে নিয়মিত যাতায়াত করে।স্থানীয় লোকজন জানান, সেতু দিয়ে রাতে চলাচল বন্ধ থাকে। দিনের বেলায়ও চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে। প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। বিশেষ করে, নারী ও শিশুদের পারাপারে কষ্ট হয় বেশি। কোনো রোগীকে হাসপাতালে নিতে হলে এবং কারও বিয়ে বা পূজাপার্বণে দুই কিলোমিটার ঘুরে শোলকাটা দিয়ে যাতায়াত করতে হয়।স্থানীয় শিক্ষক প্রিয়তোষ গুহ বলেন, ‘আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ধস নেমেছে। সেতুটি মেরামত না হওয়ায় সীমাহীন কষ্ট হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমাদের দেখার কেউ নেই।’আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুশীল ধর বলেন, ‘আমি পরিষদের দায়িত্বে থাকাকালে বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও এ সেতু মেরামতের কোনো সাড়া পাইনি।’এ প্রসঙ্গে সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ প্রথম আলোকে জানান, বোয়ালগাঁওয়ের সেতুটি শিগগির মেরামত করে যাতায়াতের উপযোগী করা হবে। স্থায়ীভাবে এ সেতু করার পরিকল্পনা রয়েছে।