নয় বছর পর আয়োজিত সম্মেলন পাঁচ মিনিটে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা আবারও নতুন সভাপতি এবং কাজি মজিবুর রহমান আবার সাধারণ সম্পাদক—আপনারা হ্যাঁ বলুন।’ উপস্থিত কাউন্সিলররা হাততালি দিয়ে বললেন ‘হ্যাঁ’। এরপর সম্মেলন শেষ। বান্দরবান জেলা আওয়ামী লীগের নয় বছর পর অনুষ্ঠিত সম্মেলন এভাবে ‘হ্যাঁ’ ‘না’ ভোটের মধ্য দিয়ে পাঁচ মিনিটেই শেষ হয়ে গেল।জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজি মজিবুর রহমান জানান, দল ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের এটিই প্রথম জেলা সম্মেলন। বহু জল্পনা-কল্পনা ও অপেক্ষার পর ঢাকঢোল পিটিয়ে ১১ অক্টোবর এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উৎসাহ-উদ্দীপনা নিয়ে নেতা-কর্মীরা অংশ নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের কাউন্সিলররা জানান, তাঁরা চেয়েছিলেন গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন। কিন্তু এলাকার কয়েকজন শীর্ষ নেতা নির্বাচন চাননি। ফলে দলের মধ্যে গণতন্ত্র চর্চার মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে যেভাবে সম্মেলন হবে বলে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। দলের শীর্ষ নেতাদের এ রকম অগণতান্ত্রিক আচরণ আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন নাম প্রকাশ করতে অনিচ্ছুক স্থানীয় অনেক নেতা-কর্মী। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে গোপন ব্যালটের মাধ্যমে দুই বছর মেয়াদি জেলা কমিটি গঠিত হয়েছিল। এর পরবর্তী কমিটি মনোনয়নের মাধ্যম নাকি গোপন ব্যালটের মাধ্যমে গঠন করা হবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কারণে একাধিকবার উদ্যোগ নিয়েও গত নয় বছরে সম্মেলন করা যায়নি। ফলে দীর্ঘদিন পর অনুষ্ঠিত এবারের সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছিল। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, জেলার সাত উপজেলাসহ জেলা কমিটির অধিকাংশ কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে কমিটির নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরের কাছে আবেদন জানিয়েছিলেন। জেলা কমিটিতে ভাবমূর্তি ভালো এমন নেতাদের আনার লক্ষ্যে গোপন ব্যালটে নির্বাচন দরকার বলে আবেদনে তাঁরা মত দিয়েছিলেন। অন্যদিকে গোপন ব্যালটে নির্বাচনের বিরোধিতাকারী নেতাদের যুক্তি ছিল জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হলে এতে দলীয় কোন্দল সৃষ্টি হতে পারে। এতে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য কিছু সংযোজন-বিয়োজন করে পুরোনো জেলা কমিটিকে নবায়ন করে নেওয়াই সমীচীন। এ প্রসঙ্গে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইসলাম বেবী বলেন, ‘আমরা গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্য মনোনয়নপত্র ও ব্যালট পেপারসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু সে রকম প্রয়োজন না হওয়ায় তা আর করা হয়নি।’ সম্মেলন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার সময় বীর বাহাদুর বলেন, ‘দলের মধ্যে কোনো দ্বিমত নেই বলে গোপন ব্যালটে নির্বাচনেরও প্রয়োজন নেই।’ সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।