নয় বছরে এনআইডি
নয় বছরে পা দিল ফ্যাশন শিক্ষার প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)। এ উপলক্ষে ১৩ মে ঢাকার রাইফেলস স্কয়ারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনআইডির নবম জন্মদিনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেসরকারি অধিদপ্তরের চেয়ারম্যান মির্জা জলিল। তিনি বলেন ‘পোশাক ও ফ্যাশন শিল্পকে সুন্দরভাবে উপস্থাপন করতে এনআইডি ভূমিকা রাখছে। বাংলাদেশের পোশাক খাতকে আরও গতিশীল করতে ফ্যাশন বিষয়ে শিক্ষার জন্য প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিচারপতি হাবিবুর রহমান খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এন এ করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন প্রতিষ্ঠানের পরিচালক জি এম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন এনআইডির চেয়ারপারসন শারমিন আক্তারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। অতিথিদের বক্তব্য আর শুভ কামনার পর পরই শুরু হয় ‘এনআইডি ফ্যাশন নোভা ১০’ শিরোনামের ফ্যাশন শো। এনআইডির বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাক নিয়ে আয়োজিত এ ফ্যাশন নোভায় সাতটি কিউতে পোশাকগুলো প্রদর্শন করা হয়।নোভা ১০-এর কোরিওগ্রাফি করেন চৈতী ও এহসান। মডেল ছিলেন নওশীন, লিসা, আঁখি, ঝিনুক, নায়না, রিসা, তরী, তানিয়া, বুশরা, অদ্রিতাসহ আরও অনেকে। ফ্যাশন শো শেষে নানা গান আর সুরের মূর্ছনায় মেতে ওঠে পুরো মিলনায়তনকক্ষ। এভাবেই নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এনআইডির নবম জন্মদিনের অনুষ্ঠান।