নয় বছরে ভর্তি ফি বেড়েছে সাড়ে চার গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় প্রতিবছরই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বাড়ছে শিক্ষার্থীদের ভর্তি ফি। কিন্তু বাড়ছে না সরকারি বৃত্তির পরিমাণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা। গত নয় বছরে ভর্তি ফি প্রায় সাড়ে চার গুণ বাড়লেও বাড়েনি শিক্ষার্থীদের বৃত্তির এক টাকাও। ২০০১-০২ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল এক হাজার ৯৫০ টাকা, ২০১০-১১ শিক্ষাবর্ষে তা এসে দাঁড়িয়েছে আট হাজার ৯০০ টাকায়।এ বিষয়ে চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, বৃত্তির সব টাকা আসে সরকারের কাছ থেকে। বৃত্তির টাকা কম আসছে। তাই বৃত্তির পরিমাণ বাড়ানো হয়নি। সরকারি টাকা বেশি আসলে বৃত্তির পরিমাণও বেশি হবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০১-০২ শিক্ষাবর্ষে চুয়েটে ভর্তি ফি ছিল এক হাজার ৯৫০ টাকা, যা ২০০২-০৩ শিক্ষাবর্ষে এসে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৮৫ টাকায়। এভাবে ২০০৩-০৪ শিক্ষাবর্ষে পাঁচ হাজার ৩৬০ টাকা, ২০০৪-০৫-এ পাঁচ হাজার ৯০০ টাকা, ২০০৫-০৬-এ ছয় হাজার ৭৫০ টাকা, ২০০৬-০৭-এ ছয় হাজার ৭৫০ টাকায় পৌঁছে ভর্তি ফি। ২০০৭-০৮ ও ২০০৮-০৯-এ ছিল সাত হাজার টাকা। ২০০৯-১০ ও ২০১০-২০১১-এ তা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৯০০ টাকায়। শুধু ২০০১-০২ থেকে ২০০২-০৩ শিক্ষাবর্ষেই ভর্তি ফি বেড়েছে দেড় গুণ। অপরপক্ষে ২০০১-০২ শিক্ষাবর্ষে বৃত্তির পরিমাণ ছিল প্রতি সেমিস্টারে এক হাজার ৮৫ টাকা যা ২০১০-১১-এও অপরিবর্তিত আছে।২০০১-০২-এ সাময়িকী, সনদ, কোর্স ফি, বিদ্যুৎ বিল, যানবাহন ও গ্রন্থাগারের জন্য আলাদা কোনো ফি না থাকলেও বর্তমানে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।এ বিষয়ে চতুর্থ বর্ষের পুরকৌশল বিভাগের মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফলাফলের ওপর ভিত্তি করে প্রতি সেমিস্টারেই ৫০ শতাংশ শিক্ষার্থীকে একটি বৃত্তি দেওয়া হয়। যার পরিমাণ এক হাজার ৮৫ টাকা। প্রায় প্রতিবছরই দেখা যায় বাড়ছে শিক্ষার্থীদের ভর্তি ফি কিন্তু বৃত্তির টাকা বাড়ছে না। কর্তৃপক্ষের এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত।’শিক্ষার্থীদের ভর্তি ফি বাড়ানোর বিষয়ে চুয়েটের উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘চলতি শিক্ষাবর্ষে (২০১০-১১) শিক্ষার্থীদের কোনো ভর্তি ফি বাড়ানো হয়নি।’