নয় মাসের কাজ ২১ মাসেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে আটটি ঘূর্ণিঝড় সহনীয় ঘরের নির্মাণকাজ ছয় মাস ধরে বন্ধ রয়েছে। ফলে আইলার সময় গৃহহারা সংশ্লিষ্ট পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। বরাদ্দ পাওয়া সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী বর্ষা মৌসুমে এসব ঘরের নির্মাণকাজ শেষ না হলে তাঁরা স্থায়ীভাবে উদ্বাস্তুতে পরিণত হবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, আইলায় বিধ্বস্ত জেলাগুলোর চর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসনের জন্য জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ঘূর্ণিঝড় সহনীয় গৃহ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রকল্পের আওতায় ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে ১০টি, মাতারবাড়ি ইউনিয়নে ২০টি এবং ধলঘাটা ইউনিয়নে ৪০টি ঘর নির্মাণের জন্য প্রায় ৭১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ঢেউটিনের তৈরি ১০ ফুট প্রস্থ ও ১৫ ফুট দৈর্ঘ্যের প্রতিটি ঘরে একটি শৌচাগার ও ১০টি ঘর মিলে একটি নলকূপ বসানোর কথা।এসব ঘরের নির্মাণকাজের দায়িত্ব পায় সিকদার এন্টারপ্রাইজ, গোলাম কবির কনস্ট্রাকশন ও কোয়ালিটি কনস্ট্রাকশন। তারা এরই মধ্যে কুতুবজোম ও ধলঘাটার সব কটি ঘরের নির্মাণকাজ শেষ করেছে। কিন্তু মাতারবাড়ির ১২টি ঘর নির্মাণ করা হলেও আটটি ঘরের নির্মাণকাজ ২১ মাসেও শেষ হয়নি। দুটি নলকূপ বসানোর কাজও বাকি রয়েছে। মাতারবাড়ির ফুলজানমুড়ার বাসিন্দা আবুল কালাম ও মিয়া হোসেন বলেন, ‘অনেক দিন ধরে আশায় আছি, ঘরগুলো হলে পরিবার নিয়ে মাথা গোঁজার সুযোগ হবে। কিন্তু এখন আর ভরসা পাচ্ছি না। আগামী বর্ষায় কোথায় যাব, বুঝতে পারছি না।’ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা এরই মধ্যে মোট ৭০টির মধ্যে ৬২টি ঘর নির্মাণ করে দিয়েছি। কিন্তু পর্যাপ্ত বিল না পাওয়ায় বাকি আটটি ঘরের নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়নি। বিল পাওয়া সাপেক্ষে আবার কাজ শুরু করা হবে।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘প্রকল্পের জন্য বরাদ্দ ৭১ লাখ টাকার মধ্যে ঠিকাদার এরই মধ্যে ৫২ লাখ টাকা তুলে নিলেও বিল বাকির অজুহাতে আটটি ঘর নির্মাণ না করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।’ এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার বলেন, ‘ঠিকাদারের অবহেলার কারণে ঘরগুলোর নির্মাণ বন্ধ রয়েছে। এ ব্যাপারে ঠিকাদারকে অনেকবার তাগাদা দেওয়া হলেও কোনো কাজ হয়নি।’