নয় লাখ টাকার মালামাল ৮৯ হাজার টাকায় নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের হাতে বিভিন্ন সময় জব্দ করা চাল, ফিশিং ট্রলার, স্পিডবোট, বিস্কুট ও দুটি ল্যাপটপ কম মূল্য দেখিয়ে নিলামে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ১১ ফেব্রুয়ারি দুপুরে টেকনাফ থানা পুলিশের হাতে বিভিন্ন সময় জব্দকৃত ২০ কেজি ওজনের ৪০০ বস্তা চাল, ৩০ কার্টন বিস্কুট, একটি স্পিডবোট, একটি ফিশিং ট্রলার, দুটি ল্যাপটপ মাত্র ৮৯ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে। কিন্তু সে সময় এসব মালামালের মূল্য দেখানো হয়েছিল ৪০০ বস্তা চাল (আট হাজার কেজি), প্রতিকেজি ৩০ টাকা হারে দুই লাখ ৪০ হাজার টাকা, একটি ইঞ্জিনসহ স্পিডবোট চার লাখ টাকা, ৪৫ অশ্বশক্তির ইঞ্জিনসহ ফিশিং ট্রলারের দুই লাখ টাকা, ল্যাপটপ দুটি ৬০ হাজার টাকা। থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত তিন-চার মাসে আগে মালামালগুলো জব্দ করা হয়েছিল। মালামালগুলো নষ্ট হওয়ার কোনো অজুহাত নেই। তার পরও কেন এত কম দামে নিলামে বিক্রয় হলো সেটা বুঝতে পারছি না।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, স্থানীয় সংবাদপত্রে নিলামের বিজ্ঞপ্তি প্রচার করা হলেও সেখানে ল্যাপটপের বিষয়ে কোনো উল্লেখ নেই। টেকনাফ মডেল থানার পুলিশের মালখানায় দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাজীব বড়ুয়ার কাছ থেকে স্বল্পমূল্যে মালামাল নিলামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মালামালগুলোর গুণগত মান নষ্ট হয়ে যায়। নিলামে সর্বোচ্চ ডাক যিনি দিয়েছেন, তিনিই মালামালগুলো পেয়েছেন।