‘বিদ্যালয়ের ভবনটি অনেক বড়। কিন্তু লিফট নেই। প্রতিদিন সিঁড়ি বেয়ে ওঠা-নামা করতে হয় আটতলার শ্রেণীকক্ষে। খুব কষ্ট লাগে।’ জামালখান সড়কের চিটাগাং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা (ছদ্মনাম) এভাবেই নিজের কষ্টের কথা জানাল। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, নয়তলা ভবনে তিন বছর আগে শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত লিফট বসানো হয়নি। শিশুরা বাধ্য হয়ে প্রতিদিন সিঁড়ি বেয়েই ওপরতলার শ্রেণীকক্ষে উপস্থিত হচ্ছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম লিফটের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘৮ জুন দশম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে তাঁরা ভোগান্তির কথা তুলে ধরেছেন।’ চিটাগাং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আবু তাহের মজুমদার প্রথম আলোকে বলেন, ‘এক মাসের মধ্যে লিফট স্থাপনের কাজ সম্পন্ন হবে। তিন বছর আগে এখানে শিক্ষার্থী ছিল ৮০০। তখন চারতলার ওপরে শ্রেণীকক্ষ ছিল না। বর্তমানে শিক্ষার্থী আছে দুই হাজার ৯২ জন। এখন আরও ওপরের তলায় পাঠদানের কাজ চলে। পর্যায়ক্রমে কাজ করতে গিয়ে লিফট স্থাপনে একটু দেরি হয়েছে।’ জানা যায়, ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর সময় এর একাডেমিক ভবন ছিল এস এস খালেদ সড়কে জামালখান গোলচত্বরের অদূরে। বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণীকক্ষ রয়েছে ৫৭টি। প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে পাঁচটি করে ৩৫টি এবং অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত চারটি করে ১২টি—মোট ৪৭টি শাখা (সেকশন) রয়েছে। শিক্ষক আছেন ৮৪ জন। এর মধ্যে ৫১ জন মহিলা। এ ছাড়া শিক্ষকদের কক্ষ চারটি, কম্পিউটার ল্যাব তিনটি, গবেষণাগার তিনটি, কার্যালয় কক্ষ তিনটি, অন্যান্য তিনটিসহ মোট ১৭টি কক্ষ রয়েছে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম জানিয়েছেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এখনো পূর্ণাঙ্গ কলেজ চালু করা যাচ্ছে না।’সরেজমিনে গত ৯ জুন সকাল পৌনে ১০টায় দেখা যায়, প্রথম তলায় অধ্যক্ষের কার্যালয় এবং কেজি-১ ও কেজি-২, দ্বিতীয় তলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণী, তৃতীয় তলায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এবং চতুর্থ-নবম তলা পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণী রয়েছে।নয়তলার বিশাল এ ভবনে রয়েছে দুটি সিঁড়ি। লিফট স্থাপনের জন্য জায়গা রাখা হয়েছে ঠিকই, কিন্তু লিফট নেই।সকাল ১০টায় বিদ্যালয়ের ছুটি শেষে সিঁড়ি বেয়ে নামতে নামতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী বলল, ‘প্রতিদিন সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অভ্যস্ত হয়ে গেলেও কষ্ট লাগে।’ নাজিমুর রহমান নামের এক অভিভাবক বলেন, ‘কর্তৃপক্ষের গাফিলতির কারণে লিফট স্থাপন করা হয়নি।’