>পেশাগত, শিক্ষাগত বা অন্য কোনো কারণে যাঁরা মায়ের কাছ থেকে দূরে থাকেন তাঁদের জন্যই ছিল মা দিবসের এ আয়োজন। অধুনায় ছাপা কুপনে মাকে নিয়ে পাঁচটি পঙ্ক্তি লিখতে বলা হয়েছিল সন্তানকে। সারা দেশ থেকে অসংখ্য সন্তান অংশ নিয়েছেন এই আয়োজনে। তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ী হয়েছেন ১২ জন। মা দিবসে সেই সন্তানদের পক্ষ থেকে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা গিয়েছেন তাঁদের মায়ের কাছে। ফুল, মিষ্টি, শাড়ি আর নানা ধরনের উপহারের সঙ্গে নিয়ে গেছেন মাকে উদ্দেশ করে লেখা সন্তানের সেই ভালোবাসার পঙ্ক্তিমালা। মায়েদের জন্য এটা ছিল বিস্ময়। সেই ১২ মায়ের এবং সন্তানদের অনুভূতি নিয়েই এ আয়োজন।

শহর থেকে অনেকটা পথ দূর। পিচঢালা পথ নেই, নেই বিদ্যুতের আলো। পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম কদমতলী। এ গ্রামে দুটি ঘরের ফাঁকা একটি বাড়িতে থাকেন মা আগ্নেশ রিতা গমেজ। আর তাঁর দ্বিতীয় সন্তান নয়ন যোসেফ গোমেজ থাকেন ঢাকার নটর ডেম কলেজের হলিক্রস সেমিনারিতে।
ছুটি নেই। মা দিবসে মায়ের কাছে আসতে পারেননি নয়ন। তবে তাঁর অনুভূতি পৌঁছে গেল মায়ের কাছে। নয়নের লেখা পাঁচটি পঙ্ক্তি শুনে কেঁদে ফেললেন মা।
বিকেল পাঁচটা তখন। বন্ধুসভার বন্ধুদের নিয়ে হাজির হই নয়নদের বাড়িতে। উঠানে পা ফেলতেই অজানা আগ্রহে ছুটে আসেন নয়নের মা আগ্নেশ রিতা গমেজ। বাড়িতে একসঙ্গে এত মানুষের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দের ছটা ফুটে ওঠে চোখে-মুখে। ফুল ও উপহারসামগ্রী দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান বন্ধুরা। তাঁর হাসি বলে দিচ্ছিল কতটা খুশি তিনি।

নয়নের লেখা পাঁচটি পঙ্ক্তি পড়ে শোনাতেই চোখ থেকে গড়িয়ে পড়ে আনন্দের কান্না। অনুভূতি জানতে চাইলে ফুঁপিয়ে কেঁদে ওঠেন তিনি। চার ছেলে তাঁর। বড় ছেলে ঢাকায় চাকরি করেন। নয়নসহ অন্যরা পড়ালেখা করছেন।
কথা বলতে বলতে সন্ধ্যা প্রায়। মুঠোফোনে নয়নকে খুঁজতে গিয়ে জানি ওর ফোন নেই। কথা হয় নয়নের বড় ভাইয়ের সঙ্গে। কিছুক্ষণ পর অন্য একটি নাম্বারে পাওয়া যায় নয়নকে। কথা বলতে আবারও কেঁদে ওঠেন মা। ওপার থেকে নয়ন বলে ওঠেন, ‘কাঁদছ কেন মা। সামনের ২৩ তারিখ ছুটি পেলেই বাড়িতে আসব।’ হাসি ফোটে মায়ের মুখে।