
শুরুটা ১৯৯১ সালের ২৫ নভেম্বর। ৮০ জন শিক্ষার্থী, ১২ জন শিক্ষক নিয়ে খুলনা শহর থেকে কিছুটা দূরে ছোট অবকাঠামো নিয়ে যাত্রা শুরু হয়েছিল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের। ২০১৫ পেরিয়েছে। মাঝখানে কেটে গেছে ২৫ বছর। সে সময়ে রোপণ করা ছোট্ট চারাগাছ আজ মহিরুহে পরিণত হয়েছে। এখন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন দুই শতাধিক শিক্ষক!
বলছি খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা। ২৫ বছর পূর্তিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব ২০১৫। সেই সঙ্গে যাত্রা শুরু হলো খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। ২৫ বছর পূর্তির অনুষ্ঠানটি ঘটা করে পালনের উদ্দেশ্যে আগে থেকেই প্রস্তুতি চলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করার এই মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চাননি। ফলে রজতজয়ন্তীর সঙ্গে যুক্ত হলো পুনর্মিলনী উৎসবও। অনুষ্ঠানের সহযোগী ছিল প্রথম আলো।
ক্যাম্পাসে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয় অনুষ্ঠানের আগের দিন থেকেই। বিকেলে হাদি চত্বর, তপন দার দোকান, সাইদুল ভাইয়ের দোকানসহ খান জাহান আলী হল-সংলগ্ন ইসলামনগর রোড সরগরম হয়ে ওঠে প্রবীণদের পদচারণে। সবখানেই চলছিল আড্ডা, গল্প আর স্মৃতিচারণা। কোথাও কোথাও নবীনেরা ঘিরে ধরেছেন পুরোনোদের। আড্ডার মাঝেই চলছিল খাওয়াদাওয়া। নবীন-প্রবীণ সবাই যেন এমন একটা উৎসবমুখর সময়েরই অপেক্ষায় ছিলেন।
বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। অনুষ্ঠানের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানটির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিকেলে অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রাক্তন শিক্ষার্থীদের দেখা যায় সেই ছাত্রজীবনের মতো একসঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠতে। তাঁরা এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন, সেলফি তুলছিলেন। পুরোনো ‘ক্যাম্পাস তারকা’রা আগের মতোই মঞ্চ মাতিয়েছেন।
সন্ধ্যার পর ছিল অন্যতম মূল আকর্ষণ মাইলস ব্যান্ডের কনসার্ট। ছাত্র-শিক্ষক, নবীন-প্রবীণ সবাই মেতে উঠেছিলেন গানের সুরে। যে শিক্ষকদের সব সময়ই একটু কঠোর স্বভাবের মনে হতো, আনন্দ-উচ্ছ্বাসে বাদ পড়েননি তাঁরাও! অংশ নিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। পরে রাতের আকাশে ফানুস উড়িয়ে শেষ হয় অনুষ্ঠানিক পর্বের।
রবীন্দ্রনাথের ছোটগল্পের মতো উৎসবটাও যেন ‘শেষ হইয়াও হইলো না শেষ!’ বর্তমান, পুরোনো শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ালেন ক্যাম্পাসের এখানে-ওখানে। সবাই যেন মনে মনে বলছিলেন, রাতটা যেন না ফুরায়, উৎসব যেন শেষ না হয়...!