ফুল ফুটুক আর নাই ফুটুক এখন বসন্তকাল। তবে এই মুহূর্তে বলা উচিত—ককটেল ফুটুক আর নাই ফুটুক এখন বসন্তকাল। ফুলের চেয়ে এখন মনে হয় ককটেলই বেশি ফুটছে। এদিকে কোকিলরাও ডাকছে কুহু কুহু করে। কিন্তু কোকিলের কুহুতান উপভোগ করার মতো অবস্থা কি আর আছে? এক বাংলা ব্যাকরণের কারণেই কোকিল পাখিটার কত বদনাম! সুকণ্ঠি হওয়ার পরেও মানুষের তিরস্কার সয়ে যাচ্ছে দিনের পর দিন। সবাই জানেন, কোকিল কেবল বসন্তেই ডাকে। অথচ আমাদের দেশে তো বারোমাসই বসন্তকাল। বারো মাসই কুহু কুহু করে ডাকেন কত শত কোকিল! নির্বাচনের পরে একটা দল সরকার গঠন করে। আর সঙ্গে সঙ্গে কুহু কুহু ডাকে মুখর হয়ে ওঠে চারপাশ। কি টেলিভিশন, কি চায়ের টেবিল, কি রাজনৈতিক মঞ্চ—এই চাটুকার কোকিলেরা এমনই ডাক শুরু করেন, মাঝে মাঝে মনে হয় আমরা সবাই কোকিল, আমাদের এই কোকিল-রাজত্বে! সুবিধা আদায় করা পর্যন্ত এই কোকিলরা কুহু কুহু করতেই থাকেন করতেই থাকেন। আর বাগধারাটির সফল প্রয়োগ তারা দেখান নির্বাচিত সরকার যখন ‘দৌড়ের ওপর’ থাকে। কেবল রাজনীতিতেই কি বসন্তের কোকিল আছে? না, আরও আছে। এমন কোকিলের দেখা মেলে টেলিভিশনের সামনেও। বাংলাদেশ ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায়। চলছে টেস্ট ম্যাচ। বাংলাদেশ যদি টেস্ট ম্যাচে জিতে যায় তাহলে এই কোকিলরা কুহু কুহু করে চারপাশ মাতিয়ে রাখবেন। আর যদি গো-হারা হেরে যায়, কোকিলরা ভোল পাল্টে শুরু করবেন ভীষণ চেঁচামেচি, ‘কী দরকার শুধু শুধু টাকা নষ্ট করে এই ক্রিকেট খেলার!’এবার আপনিই বলুন, কোকিল পাখিটির প্রতি কি আমরা বিমাতাসুলভ আচরণ করছি না? আমাদের কি উচিত না ‘বসন্তের কোকিলের’ জায়গায় ‘বসন্তের মনুষ্য কোকিল’ লেখা? সত্যিকারের কোকিলদের যদি আত্মসম্মানবোধ থাকত তাহলে এত দিনে নিশ্চয়ই ‘কুহু কুহু’ করে না ডেকে ‘উহু উহু’ করে ডাকত। আশা করি ভাষাবিদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববেন। দ্রুত ‘বসন্তের কোকিল’ বাগধারাটি পরিবর্তন করে অপবাদ থেকে রেহাই দেবেন কোকিল জাতিকে।