পক্ষাঘাত চিকিৎসায় নতুন দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোষ প্রতিস্থাপনের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত কুকুরকে সারিয়ে তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। মেরুদণ্ডে আঘাত পেয়ে হাঁটার সক্ষমতা হারিয়েছিল কুকুরগুলো। এ ঘটনার পর বিজ্ঞানীরা বলছেন, পক্ষাঘাতগ্রস্ত মানুষকেও এভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হতে পারে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক রবিন ফ্রাংকলিন ও তাঁর সহযোগীরা এ গবেষণা চালিয়েছেন। গবেষণার ফল গতকাল সোমবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী ব্রেইন-এ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানীরা যে পোষা কুকুরগুলোর ওপর পরীক্ষা চালান, সেগুলো দুর্ঘটনার শিকার হয়েছিল। দুর্ঘটনায় স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়ে কুকুরগুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। অচল হয়ে পড়ে পেছনের পা দুটি। বিজ্ঞানীরা এ কুকুরগুলোর নাক থেকে বিশেষ কোষ সংগ্রহ করে তা ক্ষতিগ্রস্ত স্নায়ুকোষে প্রতিস্থাপন করেন। এর ফলে বেশির ভাগ কুকুরের ক্ষেত্রেই উন্নতি দেখা যায়। এগুলোর মধ্যে কয়েকটি কুকুর হাঁটার, এমনকি চার পায়ে দৌড়ানোর ক্ষমতাও ফিরে পেয়েছে। বিজ্ঞানীদের ধারণা, মেরুদণ্ডে আঘাত পেয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীদেরও একই ধরনের প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব হতে পারে। অধ্যাপক রবিন ফ্রাংকলিন বলেন, ‘গবেষণায় এই প্রথমবারের মতো দেখা গেল যে এ ধরনের কোষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত স্পাইনাল কর্ডে প্রতিস্থাপন করা হলে সেটাকে উল্লেখযোগ্য হারে সারিয়ে তুলতে পারে।’দি ইন্ডিপেনডেন্ট