ঝড়ের কবলে পড়ে যখন পাখিরা সব দিশেহারা, তখনই কোথা থেকে এসে হাজির এক পাজি শিকারি। মারতে শুরু করল পাখি। অন্যরা দেখেও না দেখায় রুখে দাঁড়ালেন মুনসুর সরকার। সেই থেকে শুরু। পাখি-অন্তঃপ্রাণ মানুষ নওগাঁর মুনসুর সরকার প্রায় ২৭ বছর ধরে করছেন বিপন্ন পাখির সেবা আর পাখি পুষে অরণ্যে মুক্ত করে দেওয়ার কাজ। তাঁরই উদ্যোগে নওগাঁর মহাদেবপুর উপজেলায় হয়েছে পাখিদের অভয়ারণ্য। বিলমোহাম্মদপুর গ্রামের আশুতোষ মণ্ডল তাঁর দেবদারুগাছটা বিক্রি করে দিয়েছেন। এই দেবদারুগাছেই আছে এক ঝাঁক বক আর পানকৌড়ির বাসা। প্রতিটি বাসায় আবার বাচ্চা ও ডিম। বাচ্চাগুলো এখনো উড়তে শেখেনি। কিছু ডিম ফুটে সবে বাচ্চা হবে হবে করছে। এ সময় গাছটি কাটা হলে নিশ্চিহ্ন হয়ে যাবে অনেক পাখির ছানা। ঘটনা জানতে পেরে ভীষণ বিচলিত বোধ করেন মুনসুর সরকার। ছুটে যান গাছের ক্রেতা ইউনুস আলী মোল্লার বাড়িতে। তাঁকে অন্তত এক দিনের জন্য গাছটি কাটা বন্ধ রাখতে বলেন। কিন্তু পাখির ছানার বিপদ নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নন ইউনুস আলী। উপায় না দেখে শেষে মুনসুর সরকার ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তাঁর কাছে তিনি অসহায় পাখিগুলোর প্রাণভিক্ষা চান। লেখেন পাখিদের প্রাণভিক্ষা চেয়ে আবেদনপত্র। নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল কবীর মুনসুর সরকারের আবেদনের ওপর সুপারিশ লিখে দেন—‘বাচ্চাগুলো বড় না হওয়া পর্যন্ত গাছটি না কাটার জন্য অনুরোধ করা হলো।’ এ আবেদনপত্রটি নিয়ে তিনি আবার আসেন গাছের ক্রেতা ইউনুস আলী মোল্লার কাছে। ততক্ষণে গাছ কাটতে লোকজন করাত নিয়ে হাজির। এতক্ষণে গাছগুলোর গুরুত্ব বুঝতে পেরে ইউনুস আলী মোল্লাও এবার তত্পর হন। থামান মিস্ত্রিদের। কিন্তু একটা গাছে অনেক পাখি থাকার ঘটনা ঠিক বিশ্বাস করতে চায় না গাছ কাটার মিস্ত্রিরা। মুনসুর সরকারের কথা সত্য কি না তা যাচাই করার জন্য মিস্ত্রিদের একজন গাছে ওঠে। দেখে সত্যিই তা-ই। অনেক পাখির বাসা গাছের ডালে। নিচে নেমে এসে ওই মিস্ত্রিই এবার বলল, মাত্র ২০০ টাকার জন্য তারা এত পাখির জীবন নষ্ট করতে রাজি নয়। ৭ জুন ২০০৬ সালের ঘটনা। ঘটনাস্থল নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায়। এ রকম ঘটনা মুনসুর সরকারের জন্য প্রথম নয়। শুধু তা-ই নয়, ঝড়ের পর মানুষ যখন ভাঙা ঘর মেরামত করতে শুরু করেন, মুনসুর সরকার তখন বাঁশঝাড় আর গাছতলায় ঘুরে বেড়ান বিপন্ন পাখিদের খোঁজে। দেখেন কোনো গাছ থেকে কোনো পাখির ছানা পড়ে গেছে কি না। বিপন্ন পাখির ছানাদের নিয়ে এসে বাড়িতে সেবা-শুশ্রূষা দিয়ে তিনি আবার আকাশে উড়িয়ে দেন। এভাবে তিনি বিপন্ন প্রজাতির পাখিদের প্রজনন করেও ছেড়ে দেন। পাখি আর পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে তিনি ব্যয় করেছেন জীবনের ২৭টি বছর। হাজারও বিদ্যালয়ে তিনি নিজ উদ্যোগে সেমিনার করেছেন পাখি রক্ষার জন্য। যেখানেই পাখিরা বিপন্ন অবস্থার শিকার হচ্ছে, তিনি সেখানেই ছুটে যান। স্কুল, কলেজ ও স্থানীয় প্রেসক্লাবের সঙ্গে যোগাযোগ করে সেখানে পাখি ও পরিবেশ নিয়ে সচেতনতা তৈরির জন্য সভা-সমাবেশ করেন। এভাবে সারা দেশেই তিনি ঘুরে বেড়ান। পাখি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর জন্য, ‘জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করুন’ অথবা ‘পাখি শিকার থেকে বিরত থাকুন’ ইত্যাদি জনসচেতনতামূলক বাণীসহ হাজার হাজার লিফলেট ছাপিয়ে বিলি করেছেন তিনি নিজের খরচে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলায় তিনি চারবার পুরস্কৃত হয়েছেন। বিপন্ন প্রজাতির প্রাণী ও বৃক্ষের ওপর দলিল প্রণয়নে অংশ নেওয়ার জন্য দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন (আইইউসিএন) থেকে ২০০৪ সালের ২১ এপ্রিল তাঁকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁরই উদ্যোগে নওগাঁর মহাদেবপুর উপজেলাকে পাখিদের জন্য অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। উপজেলার গ্রামের দিকে পা বাড়ালেই এখন চোখে পড়বে ঝাঁক ঝাঁক ঘুঘু পাখি। এর পেছনে বড় অবদান মুনসুর আলীর।পক্ষীবন্ধুমুনসুর সরকারের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার কুঞ্জবন গ্রামে। বাবা দেলোয়ার সরকার কলকাতার একটি নামকরা ক্লাবে ফুটবল খেলতেন। দেশ বিভাগের আগে সপরিবারে নওগাঁয় এসে বসবাস শুরু করেন। খুব শৌখিন মানুষ ছিলেন তিনি। ছিলেন পাখিপ্রেমিক। বাবার কাছ থেকেই মুনসুর সরকার পেয়েছেন পাখি ও প্রকৃতিকে ভালোবাসার প্রেরণা।টাকা-পয়সার টানাটানির কারণে এসএসসি পাসের পর আর পড়ালেখা হয়নি মুনসুর সরকারের। চার বোন, এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বাধ্য হয়ে তাঁকে সংসারের দায়িত্ব নিতে হয়। অভাবের তাড়নায় কখনো আনসার-ভিডিপির উন্নয়ন প্রশিক্ষক, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী ভান্ডাররক্ষক, কখনো ব্যাংকের নিরাপত্তারক্ষীর কাজ করেছেন। বারবার পাখি ও পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে বাধাধরা চাকরি তাঁর আর করা হয়নি। পারিবারিকভাবেই ছোটবেলা থেকে মুনসুর সরকার বাড়িতে পশুপাখির প্রতি যত্ন নেওয়া শিখেছিলেন। কিন্তু পাখিদের জন্য সত্যিকার কাজ করার শুরু এক ঝড়ের পর। ঝড়ের পরে সবাই যখন আম কুড়াতে ব্যস্ত, তখন মুনসুর সরকার দেখলেন গাছের নিচে অনেক পাখি ডানা ভেঙে পড়ে আছে। বেশির ভাগই বাচ্চা। এরই মধ্যে একজন শিকারি এসে গাছের ডালে ঝুলে থাকা পাখিগুলোকে গুলি করে মাটিতে ফেলছে। এ দৃশ্য দেখে মুনসুর সরকার ভীষণ কষ্ট পেয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, ঝড়ে বিধ্বস্ত মানুষ, গাছপালা আর পশুপাখির কষ্টের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি কয়েকজন বন্ধুকে সঙ্গে করে ওই শিকারিকে সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করেন। তারপর আহত পাখিগুলো উদ্ধার করে কুড়িয়ে বাসায় নিয়ে আসেন। তিনি বড় পাখিগুলোকে যত্ন-আত্তি করেন। নিজের জ্ঞানে যতুটুক কুলোয় চিকিত্সা করেন। একসময় বড় পাখিগুলো ওড়ার মতো সুস্থ হয়ে ওঠে।ছোট বাচ্চাগুলোকে তিনি পোষা পাখির মতো পালতে শুরু করেন। উড়তে শেখার পরে তিনি সেগুলোও আকাশে উড়িয়ে দেন। সেই থেকে শুরু হলো তাঁর পাখি ও পরিবেশ সংরক্ষণ আন্দোলন। তিনি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার বিভিন্ন উদ্যোগ নেন।‘জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষার আন্দোলনকে সফল করুন’, ‘অভয়ারণ্যগুলো জাতীয় সম্পদে রূপান্তরিত করুন’, ‘পাখি হত্যা করবেন না। এরা প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে’, ‘পাখি কৃষকের পরম বন্ধু’ এসব বক্তব্য সংবলিত লিফলেট ছেপে এলাকায় বিলি করতে শুরু করেন। সেই সঙ্গে সারা উপজেলায় মাইকিং শুরু করেন। এখনো মাসে একবার তিনি এ ধরনের মাইকিং করেন। প্রতিবছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করেন তাঁর গ্রামে। তিনি এলাকার ক্লাবগুলোকে উদ্বুদ্ধ করেছেন। তারা এখন নিজেরাই উত্সাহী হয়ে মুনসুর সরকারের লিফলেট-ভিজিটিং কার্ড বিলি করে। এলাকায় কোনো পাখিশিকারিকে দেখলে তারা সঙ্গে সঙ্গে মুনসুর সরকারকে খবর দেন অথবা শিকারির কাছ থেকে পাখি শিকার না করার জন্য অঙ্গীকারনামা লিখে নিয়ে ছেড়ে দেন। মুনসুর সরকারের ফাইলে এ রকম শতাধিক শিকারির অঙ্গীকারনামা সংরক্ষিত আছে। রয়েছে বিভিন্ন দপ্তরে পাঠানো চার শতাধিক চিঠির কপি। উপজেলার প্রতিটি ইউনিয়নের বড় বড় স্কুল-কলেজ নিজ উদ্যোগে পাখি ও পরিবেশের সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে। এ কাজের জন্য তিনি নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, খুলনা, জয়পুরহাট, গাজীপুর, রংপুর জেলার বিভিন্ন এলাকায় দিনের পর দিন থেকে কাজ করেছেন। গঠন করেন পরিবেশ রক্ষা কমিটি।বিলুপ্ত ও বিপন্ন প্রজাতির পাখি চিহ্নিতকরণ, কী কী কারণে এসব পাখি হারিয়ে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিকাজে পাখির ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে তিনি ব্যাপক কাজ করেছেন। পাখি যে মানুষের বন্ধু, পাখি মারা উচিত নয়, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ২৭ বছর ধরে তিনি এ কথাই বোঝাচ্ছেন। এ বিষয়ে পাখিদের নিয়ে পথ চলা একদিন নামে তিনি একটি বইও লিখেছেন। অর্থাভাবে তিনি বইটি প্রকাশ করতে পারেননি। কিন্তু পাখি নিয়ে যাঁরা গবেষণা করেন অথবা প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর এই পাণ্ডুলিপির তথ্য নিজের গবেষণাকাজে ব্যবহার করেছেন। মুনসুর সরকার বলছিলেন, ‘আজকাল গ্রামেও ডাহুক আর ঘুঘু আগের মতো চোখে পড়ে না। ডাহুক ও ঘুঘু পাখির বাচ্চা ফুটিয়ে আমি বড় করে ছেড়ে দিই। ঝড়ে আহত পাখির বাচ্চা কুড়িয়ে নিয়ে এসে লালন-পালন করে মুক্ত করি। আমার ভালো লাগে।’ ২৭ বছর ধরে এভাবে তিনি প্রায় তিন হাজার পাখি প্রতিপালন করে আকাশে উড়িয়ে দিয়েছেন। তাঁর এই আন্দোলনে ফলে মহাদেপুর উপজেলাকে পাখিদের জন্য অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। তার অনুপ্রেরণায় উপজেলার হাসানপুর পশ্চিমপাড়া চৌমুহনী ক্লাব তাদের অভয়ারণ্যে রীতিমতো সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। সেখানে পাখিরা বাসা বেঁধে ডিম দিয়ে বাচ্চা ফোটায়। পারতপক্ষে সংরক্ষিত এ এলাকায় কাউকে ঢুকতেই দেওয়া হয় না।পক্ষীরাজের বাড়িসম্প্রতি তার বাসায় গিয়ে দেখা যায় একটি লাল ঘুঘুর বাচ্চা তিনি ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যেসব পাখি ছেড়ে দিয়েছেন, সেগুলো অনেক ছবি ও ভিডিওচিত্র ধারণ করে রেখেছেন। ভিডিওচিত্রেই দেখা গেল পাখির বাচ্চারা খাবারের জন্য তাঁর পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে।জমি চাষে পাওয়ার টিলার ব্যবহার করার করণে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। পাওয়ার টিলারের ফলায় কাঁকড়া কেঁচো, ব্যাঙ ইত্যাদি প্রাণী মারা যাচ্ছে। এ ছাড়া তিনি দেখিয়েছেন কীভাবে কীটনাশক ছাড়াও কাঠি দিয়ে পাখি বসার জায়গা করে দিয়ে পোকামাকড় দমন করা যায়। ইদানীং তিনি এ আন্দোলনকে জোরদার করছেন। এলাকার প্রায় ৩০ জন কৃষক পরীক্ষামূলকভাবে সাত বছর ধরে তাঁর সঙ্গে কাজ করছেন। তাঁর অনুপ্রেরণায় কুঞ্জবন বাজারের চায়ের দোকানি খয়বর আলী প্রতিদিন পাখিদের দুই বেলা খাবার দেন। খয়বর আলী বলেন, মুনসুর ভাইয়ের কাছ থেকে পাখিদের ভালোবাসতে শিখেছি। এখন নিয়মিত আমি ওদের দুই বেলা খাওয়াই। এই এলাকায় পাখি মারার সাধ্য কারও নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলায় ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাখিবিষয়ক স্টল সজ্জায় তিনি টানা চারবার পুরস্কার পেয়েছেন। আর্থিক সমস্যার কারণে এ বছর তিনি মেলায় যোগ দিতে পারেননি।২০০৮ সালের ২৪ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের মিট দ্য পিপল প্রোগ্রামের সপ্তম সভার কার্য বিবরণীতে উল্লেখ করা হয়, মুনসুর সরকার তাঁর এলাকায় পাখি সংরক্ষণ ও অন্যান্য পরিবেশ সংরক্ষণের কাজে নিয়োজিত রয়েছেন। সভায় সিদ্ধান্ত হয়, মুনসুর সরকারকে পরিবেশ সংরক্ষণে সহায়তার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হবে, অধিদপ্তর কর্তৃক আয়োজিক বিভিন্ন কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনা করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে অধিদপ্তর কর্তৃক প্রকাশিত প্রচারপত্রসমূহ তাঁকে সরবরাহ করা হবে। এ সভার কার্য বিবরণী মুনসুর সরকারকে ডাকে পাঠানো হলেও পরে সে কাজ আর বেশি এগোয়নি। মুনসুর সরকার বলেন, সে রকম সহায়তা সরকারের কাছ থেকে না পেলেও তিনি একদিনের জন্যও তাঁর কাজ বন্ধ রাখেননি।মুনসুর সরকারের স্ত্রী শাহিনা সরকার বলেন, বিয়ের পর থেকেই স্বামীর এই পাখি ও পরিবেশ নিয়ে কাজ দেখে আসছি। সংসারের প্রতি তাঁর খেয়াল নেই। এগুলো আমাকেই সামলাতে হয়। তারপরও তাঁর এই কাজ আমার ভালো লাগে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোস্তফা ফিরোজ বলেন, মুনসুর সরকার আমাদের পাখি মেলায় নিয়মিত আসেন এবং তিনি এলাকায় পাখি সংরক্ষণের ব্যাপারে জনমত তৈরির কাজ করেন এ কথা আমি শুনেছি। তাঁর মতো এ রকম অনেক অজানা পাখিপ্রেমী আছেন বলেই আমাদের জীববৈচিত্র্য ভালো আছে।মুনসুর সরকারের কাজ সম্পর্কে বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক বলেন, তিনি আমার বাসায় এসেছিলেন। তাঁকে আমি বেশ কিছু বই-পুস্তকও দিয়েছি। মুনসুর সরকার প্রাণের টানে পাখি ও পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছেন। এটাই দুর্লভ। এমন কাজ এ সময়ে কজন করে?বাসাবাড়ি ভাড়া দিয়ে, বাড়ির পাশে ছোট্ট একটি পুকুরে মাছ চাষ ও বাসায় মুরগি-ছাগল প্রতিপালন করে যে যত্সামান্য আয় হয়, তা দিয়েই মুনসুর সরকারের সংসার চলে যায়। দারিদ্র্যের মধ্যেও পাখি নিয়ে কাজের নেশায় তিনি ছুটে গেছেন ভারত, ভুটান ও নেপালে। তাঁর ছোট ছেলে মেহেদী হাসানও বাবার পিছে পিছেই পাখিদের সঙ্গে লেগে থাকে। বসতভিটে ছাড়া তেমন কোনো জায়গাজমি নেই তাঁর। প্রবল মানসিক শক্তি আর পরিবেশের প্রতি ভালোবাসার কারণে দারিদ্র্য কোনো বাধা হতে পারেনি মুনসুর সরকারের জন্য। বাড়ির আঙিনায় ঘর করে ভাড়া দিলেও কিছু বাড়তি আয়ের সুযোগ হতে পারে, কিন্তু সেটা করতে রাজি নন মুনসুর। পাছে ভিটের গাছগাছালিগুলো কেটে ফেলতে হয়, সেই ভয়ে। মুনসুর সরকারের চেয়ে আর কে ভালো জানে কত পাখির বসতবাড়ি সেসব গাছগাছালির ফাঁকে।