পক্ষে-বিপক্ষে মিছিলের প্রস্তুতি
প্রতিবার বাজেট ঘোষণার পর নগরে দুই ধরনের মিছিল দেখা যায়। এক পক্ষ বাজেটকে অভিনন্দন জানিয়ে, অন্য পক্ষ বাজেটের সমালোচনা করে মিছিল সমাবেশ করে থাকে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এসব কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। বাজেট ঘোষণার আগেই ব্যানার তৈরির কাজও সেরে রাখে অনেক দল। সরকারি দল ‘গণমুখী বাজেট’ আখ্যা দিয়ে অভিনন্দনসূচক ও বিরোধী দল ‘গণবিরোধী’ কিংবা ‘গরিব মারার বাজেট’ আখ্যায়িত করে ব্যানার প্রস্তুত করে। বাজেট বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এসব মিছিল রাস্তায় দেখা যায়।নগর আওয়ামী লীগও বাজেটের পর একটি মিছিল করার পরিকল্পনা নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক বলেন, ‘বাজেট বক্তৃতার পর আমরা হয়তো একটা মিছিল করব। এ ছাড়া বিকেলে লালদীঘি মাঠে আমাদের একটি পূর্বনির্ধারিত জনসভা রয়েছে। তখনো বাজেট বক্তৃতা শেষ হবে না।’এদিকে, আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগও বাজেটের পর পৃথক মিছিল করতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। একইভাবে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল ও অন্য বাম দলগুলো বাজেট নিয়ে মিছিল সমাবেশ করে থাকে। এ ছাড়া ব্যবসায়ী সংগঠনের নেতারাও বিবৃতি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানা গেছে।এ প্রসঙ্গে জানতে চাইলে নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান বলেন, ‘বাজেট আগে ঘোষণা হোক। তার পর আলোচনা-সমালোচনা তো থাকবেই। তবে এখনো আমাদের কোনো কর্মসূচি নির্ধারণ করা হয়নি। আস্তে-ধীরে হবে।’ প্রতিবছর বাজেট ঘোষণার পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল নগরে বাজেটের আলোচনা-সমালোচনামূলক মিছিল বের করে। তবে কমিউনিস্ট পার্টি বাজেট নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো কর্মসূচি পালন করবে না বলে জানা গেছে। বাজেটের ভালো-খারাপ দিক বিবেচনা করে পরবর্তী সময়ে এই কর্মসূচি দেবে বলে দলীয় সূত্রে জানা গেছে।এ প্রসঙ্গে পার্টির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম বলেন, ‘বাজেট ঘোষণার পর আমরা আগে দেখব বাজেটটি কেমন হলো তারপর কর্মসূচি দেব। বাজেট বক্তৃতার পরপর কোনো মিছিল করার সিদ্ধান্ত আপাতত নেই।’