রাতের বেলা হাঁটতে বের হলে প্রায়ই বেল্লালের সঙ্গে আমার দেখা হতো। ফুটপাতে একটা নেড়ি কুকুরের সঙ্গে জড়াজড়ি করে শুয়ে থাকত ও। যখনই আমার উপস্থিতি টের পেত, উঠে বসত। ‘স্লামালাইকুম ভাই’ বলে মুখে হাসি নিয়ে কেমন মায়া মায়া দৃষ্টিতে আমার দিকে তাকাত। এই মুখ, এই দৃষ্টি আমার খুব পরিচিত।
ওর পাশে আসন পেতে বসে নিয়মিত খোঁজ খবর নিতাম। তারপর বাঘার খবর নিতাম। বাঘা ওর কুকুরের নাম। শহরের সবাই বাঘা-বেল্লালকে একনামে চিনত। বেল্লাল বাঘাকে পরিচয় করিয়ে দিত ভাই হিসেবে।
বেল্লাল রাস্তায় রাস্তায় বড় হয়েছে। আত্মীয়স্বজন বলতে তার কেউ নেই। কোনো দিন ছিল কি না তাও সে জানে না। শুধু জানে এবং বিশ্বাস করে তার একজন মা ছিল যে তাকে জন্ম দেয়। বেল্লাল পরম মমতায় বাঘার গায়ে হাত বুলিয়ে দিয়ে সে তার চারপাশের শূন্যতাকে ভুলে থাকার চেষ্টা করে।
বেল্লাল দিনে হোটেল বা চায়ের দোকানে পানি সার্ভ অথবা ট্রাকে মাল তোলার কাজ করে। বাঘা তখন ওর আশপাশেই ঘুরঘুর করে। যেদিন কোনো কাজ থাকে না সেদিন বেল্লাল উদাস মনে নদীর পাড়ে বসে থাকে। পাশে চুপচাপ বসে থাকে বাঘা। দেখলে মনে হয় সেও খুব গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। হয়তো সেও ভাবে বেল্লালের কথা। যে কিনা তাকে আপন করে নিয়েছে, পেয়েছে বেঁচে থাকার উপযুক্ত অবলম্বন।
শবে বরাতের রাতে নামাজ শেষ করে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম। ভাবলাম বেল্লালকে একবার দেখে যাই। কিন্তু যেখানে ওর থাকার কথা সেখানে ওকে খুঁজে পেলাম না। বেল্লালের আশপাশে যারা বিছানা পেতে শোয় তাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম, বেশ কয়েক দিন হল বাঘার গায়ে পচন ধরেছে। গা থেকে বিদঘুটে গন্ধ বেরোতে শুরু করেছিল। আশপাশের সবাই কুকুরটাকে তাড়িয়ে দিতে চাইলেও বেল্লাল বাঘাকে ছাড়েনি। সে বাঘাকে নিয়ে কোথাও চলে গেছে। কিন্তু ওরা কোথায় গেছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারল না।
রমজানের শুরুর দিকে বেল্লালকে পাওয়া গেল কোনো এক ময়লা-আবর্জনার স্তূপের পাশ থেকে। দুর্গন্ধময় স্যাঁতসেঁতে পরিবেশের মধ্যে থাকার মতো একটা জায়গা বানিয়ে নিয়েছিল সে। ময়লার বিদঘুটে গন্ধের মধ্যে বাঘার গাত্র পচনের গন্ধ আলাদা করা একেবারেই অসম্ভব ছিল।
ভেটেরিনারি থেকে সদ্য পাশ করা আমার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করলাম। ওকে বাঘার অসুখের কথা জানালাম, বললাম বেল্লালের কথা। সে বাঘার ট্রিটমেন্টের দায়িত্ব নিল।
শেষবার বেল্লালের সঙ্গে আমার দেখা হয়েছিল ঈদের দিন। ঈদগাহ থেকে নামাজ পড়ে ফিরছিলাম। চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েছিল বেল্লাল। চোখে মুখে সেই মায়াভরা দৃষ্টি। হাতে খাবারের প্যাকেট। বাঘার মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব যত্নে খাইয়ে দিচ্ছিল। বেল্লাল নিজেও সেখান থেকে একটু একটু ছিঁড়ে খাচ্ছিল। বাঘা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তবে দেখতে অনেকটাই স্বাভাবিক লাগছিল। খাওয়া শেষ করে তারা ধীরে ধীরে পশ্চিম দিকের রাস্তাটায় পা বাড়াতে থাকে।
বেল্লাল হাঁটছে, পাশে পাশে হাঁটছে বাঘা। খুব স্বাভাবিক একটা দৃশ্য। যে দৃশ্যের সঙ্গে শহরের অনেকেই বহুদিন ধরে পরিচিত।