চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়া বাজারের একটি হোটেল। হোটেলটিতে একই সঙ্গে বেকারিপণ্য, চা-নাশতা ও ভাত বিক্রি হয়। বেকারিপণ্য ছাড়া হোটেলের প্রায় সব খাবারই বিক্রি হয় খোলা অবস্থায়। খাবারের ওপর ভন ভন করে ওড়ে মাছি। কেবল তা-ই নয়, ময়লা ও নোংরা পোশাক পরে খাবার পরিবেশন করেন হোটেলের কর্মচারীরা।
গত বৃহস্পতিবার হোটেলটিতে গেলে এমন দৃশ্য চোখে পড়ে। হোটেলের রান্নাঘরে উঁকি দিলে দেখা যায়, রান্নাও হচ্ছিল নোংরা পরিবেশে। অপরিচ্ছন্ন পরিবেশে খোলা অবস্থায় রাখা ছিল তরি-তরকারি।
কেবল মিঠাছড়া বাজারের এটি নয়, উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভার ৪০০ হোটেল-রেস্তোরাঁর চিত্রই এমন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার পরিবেশন করা হয় এসব হোটেলে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সব চেয়ে বেশি হোটেল বা খাবারের দোকান আছে বারইয়ারহাট পৌর বাজারে। এখানকার হোটেলগুলো বাইরে থেকে আকর্ষণীয় মনে হলেও সব হোটেলের ভেতরের চিত্র একই রকম অস্বাস্থ্যকর। তবে প্রতিটি হোটেলের বেচা-বিক্রি জমজমাট।
উপজেলার সেনেটারি কর্মকর্তা শংকর প্রসাদ জানান, মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ছোট-বড় প্রায় ৬৩টা বাজার আছে। এই বাজারগুলোতে প্রায় ৪০০ চায়ের দোকান বা খাবার হোটেল আছে। এই উপজেলায় বেকারি আছে ১৯টি, মাছবাজার ৩০টি এবং মাংসবাজার ১০টি। তিনি স্বীকার করেন, খাবার হোটেলের কর্মচারীরা অস্বাস্থ্যকরভাবে খাবার পরিবেশন করেন। হোটেলের রান্না করার স্থানও খুব অস্বাস্থ্যকর বলে মন্তব্য করেন তিনি।
তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান জোরদার করার দাবি জানান।
উপজেলায় গত বছর খাবারে ভেজাল মেশানোর অভিযোগে ১৪টি মামলা করা হলেও চলতি বছর কোনো মামলা হয়নি।
উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা তবারক উল্লাহ বলেন, ‘হোটেলগুলোতে নোংরা ও বাসি খাবার বিক্রি হয়, এটা আমিও জানি। এ জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা উচিত।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ মুশাররফ হোসেন বলেন, উপজেলার হোটেলগুলোতে নোংরা পরিবেশে খাবার তৈরি হয়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।