
‘যেদিন থেকে জ্ঞান, আমার সেদিন থেকেই গান’। গান ভালোবাসতে শিখেছি জ্ঞান হওয়ার পর। তারও আগে আমি সংগীত ভালোবাসতে শিখেছি। শৈশবে মেলায় যেতাম বড়দের আঙুল ধরে। ভিড়ের মধ্যে বাঁশির সুর ভেসে আসত। কী সুমধুর সুর! মনে হতো একটু দাঁড়াই, একটু শুনে যাই! তারপর বাড়ি ফিরতাম। রাতে নিয়ম করে ঘুমোতে যেতাম। কিন্তু ওই সুর বুকের মধ্য থেকে বেরোতে চাইত না।
সবারই বয়সের সঙ্গে রুচির পরিবর্তন হয়। আগে যেটা মনে হতো, এ ছাড়া চলবে না; পরে অন্য অভিজ্ঞতায় সেটা ফিকে হয়ে আসে। কিন্তু শৈশবে সংগীত আমায় যেমন পাগল করে তুলত, এখনো তেমনি করে।
প্রিয় গানের প্রসঙ্গে সংগীত পছন্দ বলার কারণটা ব্যাখ্যা করা দরকার। আমার কাছে গানের চেয়ে অনেক গভীর মনে হয় সংগীতকে। গানে কথা বসিয়ে গানকে অনেক সহজ করে দেওয়া হয়। অন্যদিকে সংগীত যিনি করেন, তিনি আরও বেশি পরিশ্রম করে, শুধু সুরে শ্রোতার কাছে পৌঁছে যান।
আর এ ক্ষেত্রে রাগাশ্রিত সংগীতই বেশি ভালো লাগে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রে জলের একটি দৃশ্যে সেতারের যে টোকা, শুনলেই গায়ে কাঁটা দেয় আমার! কী অপূর্ব তার সুর! এই সুরসংযোজন করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। আর আমার সৌভাগ্য, এ নিয়ে তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়েছিল। তিনি বলেছিলেন, ‘সংগীতের কোনো রাগ চিন্তা না করে নিজেই আমি জলপিপি হয়ে গিয়েছিলাম। ওই রকম তিড়িং তিড়িং করে ডানে-বাঁয়ে সামনে-পেছনে লাফ দেওয়ার মতো সুর তুলেছিলাম।’ সত্যি বলতে, সংগীতে সব রসোত্তীর্ণ সুর আমাকে সম্মোহিত করে, বিশেষ করে পণ্ডিত রবিশঙ্করের সেতার বুকের ভেতর বেশি করে প্রবেশ করে।
পছন্দ করি শাস্ত্রীয় সংগীত। ভালো লাগে রশিদ খান, অজয় চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তীর গান। সেতারে বেলায়েত খাঁ, সানাইয়ে বিসমিল্লাহ খাঁন, বেহালায় ইয়াহুদি মেনুইনসহ অনেক শিল্পী শুধু সুর দিয়ে আমাকে পাগল করে তোলেন।
মান্না দে আমার খুব প্রিয় শিল্পী। কী অসাধারণ সুরে গান গেয়ে গেছেন তিনি! গেয়েছেন আধুনিক আর সিনেমার গান। কিন্তু ছিলেন শাস্ত্রীয় সংগীতের ওস্তাদ। অথচ কোথাও ওস্তাদি দেখাননি। প্রিয় তালিকায় আরও রয়েছেন লতা মঙ্গেশকর ও শ্যামল মিত্র।

তবে সংগীতের যে অনুষঙ্গটি জীবনের অংশ হয়ে আছে, সেটি বাঁশি। শৈশব থেকেই বাঁশি আমার খুব পছন্দ। প্রথম প্রথম যখন বাঁশি বাজাতে শিখেছি, তখন বাঁশিতে বিভিন্ন গানের সুর বাজাতে ভালো লাগত। তারপর বাঁশিতে ঠুমরি ও খেয়াল বাজাতে শুরু করলাম। একসময় মনে হলো, অন্যের গাওয়া গানের সুর নকল করে নতুন আর কতটুকু সৃষ্টি করতে পারব! তাই শুরু করলাম শাস্ত্রীয় সংগীতের সাধনা। শাস্ত্রীয় সংগীতের বড় বড় শিল্পীর গান ও বাজনা রেডিওতে শুনতাম। এ ক্ষেত্রে অনেকের সাহায্য পেয়েছি। নাড়া বেঁধে শিষ্য হয়ে বাঁশি বাজনা শিখেছি ওস্তাদ আবদুর রহমান সাহেবের কাছ থেকে। এক সময় অল ইন্ডিয়া রেডিও দিল্লিতে হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশি শুনে তো পাগল হয়ে গেলাম! বাঁশি থেকে ওই সুর তিনি কী করে বের করলেন—এই চিন্তায় আমি ঘোরে ছিলাম দিনের পর দিন। মাসের পর মাস। পরে অবশ্য সৌভাগ্য হয়েছে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার। বাঁশি বাজানোর বিভিন্ন কৌশল তিনি আমায় শিখিয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি এত কাছে টানলেন আমায় যে তাঁর ব্যক্তিগত জীবনের অনেক অজানা কথা আমাকে বলেছিলেন। এমনকি তাঁর কৈশোরে প্রেমের কাহিনি পর্যন্ত। এ আমার বিরাট সৌভাগ্য!
ধীরে ধীরে সংগীতের যত গভীরে ঢুকতে শুরু করেছি, বুঝতে শুরু করেছি এর গভীরতা। সংগীতের অন্তরের রস আস্বাদন করেছি। এখন মনে হয়, সংগীতের রস যদি আস্বাদন করতে না পারতাম, জীবনের একটা বিরাট প্রাপ্তি থেকে বঞ্চিত হতাম।
অনুলিখন: সুচিত্রা সরকার