
হাতে সময় কম। মাত্র কটা দিনেই সারতে হবে রাজ্যের কেনাকাটা। তাই পছন্দসই পোশাক পেতে শুরু হয়ে গেছে এ-দোকান ও-দোকান ঘোরাঘুরি। তবে পোশাকে বৈচিত্র্যের খোঁজে বেশির ভাগ ক্রেতা প্রথমেই ঢুঁ মারছেন ফ্যাশন হাউসগুলোতে। চট্টগ্রাম নগরের বিভিন্ন বিপণিবিতানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত লেগে আছে ক্রেতার ভিড়।

দেশী দশ, শৈল্পিক, মিরনস, মিয়াবিবি, পিণন, রওশনস, ডলস হাউস, অনিন্দ্য, শ্রেয়া, নৈ, মুনমুনস, সালসাবিল, নক্ষত্র, ক্র্যাফট ক্যাসেল, জেন্টলপার্ক, চারু চট্টগ্রাম, রমনীয়া প্রভৃতি বুটিক হাউসে কেনাকাটা এখন জমজমাট।
এবার পোশাকের কাট ও প্যাটার্নে এসেছে পশ্চিমা ধাঁচ। প্রাচ্য আর পাশ্চাত্যের নকশার সম্মিলন ঘটেছে পোশাকে। বিশেষ করে মেয়েদের পোশাকে বৈচিত্র্য বেশি। সালোয়ার-কামিজে লম্বা ঝুলই রয়েছে। তবে আগের সেই চুমকি পুঁতির কাজ নেই। শাড়ির ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে জমকালো কাজ। বর্ষার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড়ের পোশাকই আনা হয়েছে। সুতি, ভয়েল, ধুপিয়ান, মসলিন, তাঁত ও বিভিন্ন সিল্কের কাপড়ের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার–কামিজ ও শিশুদের পোশাকে ভরপুর শপিং মলগুলো। রঙে ঔজ্জ্বল্য চোখে পড়ার মতো—সাদা, গোলাপি, ফিরোজা, বেগুনি, আকাশি, নীল, ম্যাজেন্টা, হলুদসহ হালকা রঙের ব্যবহার।
আফমি প্লাজার দেশী দশে কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণী তারানা তাবসসুম বলেন, ‘ফ্যাশন হাউসের পোশাকে সব সময় বৈচিত্র্য থাকে। গতানুগতিক হয় না। হালকা কাজের লম্বা ঝুলের কামিজই কিনেছি। আশা করছি ভালোই লাগবে।’
দেশী দশের বুটিক হাউসের বিক্রয়কর্মীরা জানান, রোজার প্রথম সপ্তাহ থেকেই এখানে বিক্রি শুরু হয়েছে। এখন পুরোদমে চলছে কেনাকাটা।
উৎসবে পুরুষের প্রধান পোশাক পাঞ্জাবিতে এবার চলছে মাঝারি ঝুল। পরিবর্তন এসেছে কলারে। শার্ট ও ফতুয়ার মতো কলার যোগ হয়েছে। সুতি, অ্যান্ডি ও সিল্কের হালকা কাজ করা পাঞ্জাবির চাহিদা বেশি। শেরোয়ানি কাটের পাঞ্জাবিও বেশ চলছে।
বুটিক হাউস শৈল্পিকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ডিজাইনার এইচ এম ইলিয়াস বলেন, পোশাকে নতুনত্ব থাকলে যেকোনো বয়সী ক্রেতা টানা সহজ। তবে এ ক্ষেত্রে তরুণেরা এগিয়ে। নতুন কোনোকিছু পেলেই লুফে নিচ্ছেন। তিনি জানান, কেনাকাটা এখন জমজমাট। এ রকম অবস্থা থাকলে বিক্রি গতবারের চেয়ে বেশি হবে।