পছন্দের কলেজে ঠাঁই হবে না সব মেধাবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো ফলের এই আনন্দ ম্লান হতে যাচ্ছে পছন্দের কলেজে ভর্তি হতে না পারার শঙ্কায়  ফাইল ছবি
ভালো ফলের এই আনন্দ ম্লান হতে যাচ্ছে পছন্দের কলেজে ভর্তি হতে না পারার শঙ্কায় ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮৮৪ জন। তাদের মধ্যে চতুর্থ বিষয়সহ সব কটি বিষয়ে জিপিএ-৫ (গাল্ডেন এ প্লাস) পেয়েছে চার হাজার ৫৪ জন। অথচ নগরের ছয়টি সরকারি কলেজে মোট আসন রয়েছে মাত্র পাঁচ হাজার ৯৮৫টি। ফলে এবার জিপিএ-৫ পাওয়া সব মেধাবী শিক্ষার্থীর স্থান হবে না এসব প্রতিষ্ঠানে।
এসএসসিতে উত্তীর্ণ বেশির ভাগ মেধাবীরই প্রথম পছন্দ সরকারি কলেজ হলেও আসনসংকটের কারণে তাদের অনেককেই ভর্তি হতে হবে বেসরকারি কলেজে। সরকারি কলেজগুলো সীমিত আকারে কিছু আসন বাড়ালেও এতে সংকটের সমাধান হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কলেজের শিক্ষক ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
শিক্ষকদের মতে, ঢালাওভাবে আসনসংখ্যা বাড়াতে হলে শিক্ষকের সংখ্যা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধাও বৃদ্ধি করতে হবে; যা অনেকটাই সময়সাপেক্ষ বিষয়।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, ‘আমরা দেখছি, গত কয়েক বছর ধরে মাধ্যমিকে পাস করা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। সরকারি কলেজে আসন বাড়িয়ে এ সংকট মোকাবিলা করা সম্ভব নয়। কারণ, সরকারি কলেজে আসন বাড়াতে হলে মানসম্পন্ন পাঠদানের স্বার্থে সেই অনুপাতে শিক্ষক প্রয়োজন। প্রয়োজন শ্রেণিকক্ষ ও শিক্ষা-উপকরণ। তাই এই মুহূর্তে আমাদের বিদ্যমান বেসরকারি কলেজগুলোর মান বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। তা হলে আর সংকট থাকবে না।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা আশরাফ হোসেন বলেন, ‘আমার মেয়ে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। স্বাভাবিকভাবেই মেয়েকে সরকারি কলেজে ভর্তি করানোর ইচ্ছা রয়েছে। কারণ, এসব কলেজে অভিজ্ঞ শিক্ষক এবং অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে পর্যাপ্ত। কিন্তু পাসের হার বেড়ে যাওয়ায় ভর্তি করাতে পারব কি না, সে নিয়ে দুশ্চিন্তায় আছি।’

ভালো ফলের এই আনন্দ ম্লান হতে যাচ্ছে পছন্দের কলেজে ভর্তি হতে না পারার শঙ্কায়  ফাইল ছবি
ভালো ফলের এই আনন্দ ম্লান হতে যাচ্ছে পছন্দের কলেজে ভর্তি হতে না পারার শঙ্কায় ফাইল ছবি

তবে অভিভাবক এবং শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘শুধু সরকারি কলেজের মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। বোর্ড অনুমোদিত বেশ কয়েকটি বেসরকারি ভালো মানের কলেজ রয়েছে। সেখানেও ভর্তি হওয়া যায়। তা ছাড়া ভর্তি সমস্যার সমাধানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মান বাড়াতে হবে। রাজধানী ঢাকাতেও বেসরকারি কলেজগুলো দিন দিন ভালো করছে। চট্টগ্রামেও মানসম্পন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার ব্যাপারে বিত্তবানেরা এগিয়ে এলে আর এ ধরনের সমস্যা থাকবে না।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, নগরের ছয়টি সরকারি কলেজের পাঁচ হাজার ৯৮৫টি আসনের মধ্যে বিজ্ঞানে এক হাজার ৯৩০টি, মানবিকে এক হাজার ৬৫০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে দুই হাজার ৪০৫টি আসন।
কলেজগুলোর আসনবিন্যাস পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম সরকারি কলেজে বিজ্ঞানে ৫০০টি ও মানবিকে ৩০০টি আসন রয়েছে।
হাজী মুহম্মদ মুহসীন কলেজে বিজ্ঞানে ৫২৫টি, মানবিকে ৪০০ ও ব্যবসায় শিক্ষায় ৫২৫টি আসন রয়েছে। সরকরি সিটি কলেজে বিজ্ঞানে ৫২৫টি, দিবা ও নৈশ শাখা মিলিয়ে মানবিকে ৬০০টি এবং ব্যবসায় শিক্ষায় ৭০০টি আসন রয়েছে। সরকারি কমার্স কলেজের আসনসংখ্যা ৮০০টি। নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ৩০০টি করে আসন রয়েছে। কলেজিয়েট সরকারি কলেজে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় ৮০টি করে আসন রয়েছে।