পছন্দের খাবার বাছাই করে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে আমাদের স্মৃতি। প্রতীকী ছবি।
খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে আমাদের স্মৃতি। প্রতীকী ছবি।

কোনো একটা নির্দিষ্ট খাবার আমাদের স্মৃতিতে যত বেশি জড়িয়ে থাকে সে খাবারটি বেছে নেওয়ার প্রবণতা আমাদের মধ্যে তত বেশি। এমনকি তার চেয়ে আরও ভালো বিকল্প থাকলেও অধিকাংশই হয়তো সেই খাবারটিকেই বেছে নেব। খাবারদাবার বাছাইয়ের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে নতুন এক গবেষণায় এমনটাই দাবি করেছেন সুইজারল্যান্ডের গবেষকেরা। পিটিআইয়ে বরাত দিয়ে এ খবর জানিয়েছে টিএনএন।

সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা খাবার বাছাইয়ের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক প্রভাব পর্যালোচনায় কিছু স্বেচ্ছাসেবকের ওপর একটি পরীক্ষা চালান। এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মস্তিষ্কের ক্রিয়া-প্রতিক্রিয়া স্ক্যান করা হয়। বিজ্ঞানীরা দেখতে পান যে, খাবার বাছাইয়ের সময় মস্তিষ্কের স্মৃতি সংক্রান্ত অংশটি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গবেষকেরা বলছেন,‘বন্ধুকে কী উপহার দেব’ কিংবা ‘আমরা কোথায় খেতে যাব’ এমন অনেক দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণের মতোই খাবার বাছাইয়ের ক্ষেত্রেও আমাদের স্মৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে, এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে ‘নিউরাল’ ও ‘কগনিটিভ’ কার্যকারণ নিয়ে বিশদ কোনো গবেষণা হয়নি।


বাসেল বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় ৩০ জন ক্ষুধার্ত ব্যক্তিকে ৪৮টি স্ন্যাকসের মধ্য থেকে খাবার বাছাই করতে দেওয়া হয়। প্রথমে স্ন্যাকসগুলোকে ভালো-মন্দ বা আকর্ষণীয়-অনাকর্ষণীয় হিসেবে চিহ্নিত করতে বলা হয় অংশগ্রহণকারীদের। এরপর তাদের পছন্দের স্ন্যাকস বেছে নিতে বলা হয়। এতে দেখা যায়, যে খাবারগুলো অংশগ্রহণকারীদের স্মৃতিতে রয়েছে সেগুলোই বাছাই করছেন তারা। এমনকি শুরুতে অনাকর্ষণীয় খাবার হিসেবে চিহ্নিত করলেও বেছে নেওয়ার সময় নিজের স্মৃতিতে থাকা খাবারটাই বেছে নিচ্ছেন তারা।

এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মস্তিষ্কের কর্মপ্রক্রিয়া পর্যালোচনায় ফাংশনাল ম্যাগনেটিক রিজোনেন্স বা এফএমআরআই স্ক্যানের সাহায্য নেওয়া হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্মৃতির ভূমিকা নিরূপণের জন্য একটা গাণিতিক মডেলও বানিয়েছেন বাসেল বিশ্ববিদ্যালয়ের এই গবেষকেরা। এই গবেষণাপত্রটি সম্প্রতি নিউরন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।