পছন্দের ঠিকাদার পেলেন সোয়া দুই কোটি টাকার কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পুনঃ দরপত্রে অনিয়মের আশ্রয় নিয়ে কর্মকর্তারা পছন্দের ঠিকাদারকে চার শতাধিক নলকূপ বসানোর কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি বঞ্চিত ঠিকাদাররা এ অনিয়মের দরপত্র বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রধান প্রকৌশলী কাছে লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। বরং উল্টো ওই ঠিকাদারকে কাজের কার্যাদেশ দেওয়া হয় বলে জানা গেছে। সূত্র জানায়, গত ৯ ফেব্রুয়ারি দৈনিক পত্রিকায় এক স্মারকমূলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার অঞ্চলের বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১৪ লটে প্রায় দুই কোটি ১৫ লাখ টাকার গভীর নলকূপ বসানোর কাজের দরপত্র আহ্বান করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি দরপত্র দাখিলের শেষ সময় বিকেল তিনটার আগে ঢাকা ও স্থানীয় কয়েকজন ঠিকাদার দরপত্র দাখিল করতে গেলে জোটবদ্ধ চক্রের হোতারা দরপত্র জমা দিতে বাধা দেন। পরে এ দরপত্র বাতিল করে পুনঃ দরপত্র আহ্বানের কথা বলা হয়। কিন্তু পরে নির্বাহী প্রকৌশলী আবুল বশার তাঁর আস্থাভাজন ঠিকাদার মেসার্স বি বড়ুয়া অ্যান্ড সন্সের মালিক ঠিকাদার বঙ্কিম বড়ুয়ার হাতে পুরো কাজটি তুলে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার জানান, নির্বাহী প্রকৌশলী মো. আবুল বশারের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং চট্টগ্রাম বিএনপির সাবেক এক মন্ত্রীর ভাইপোর হস্তক্ষেপে ঠিকাদার বঙ্কিম বড়ুয়াকে প্রাক্কলিত দর অপেক্ষা ১৫ শতাংশ বেশি দামে ১৪ লটের কাজ পাইয়ে দেওয়া হয়। এতে সরকারের ক্ষতি হয় প্রায় ৩০ লাখ টাকা।সূত্র জানায়, ১৪ লটের কাজের মধ্যে রয়েছে—সদর কক্সবাজার, রামু, টেকনাফ, উখিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার বিভিন্ন জায়গায় চার শতাধিক গভীর নলকূপ স্থাপন ও বিভিন্ন প্রযুক্তির পানির উৎস স্থাপন। কার্যাদেশ দেওয়ার ৮০-৯০ দিনের মধ্যে এসব লটের কাজ শেষ করার কথা। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মতিন এন্টারপ্রাইজের মালিক আবদুল মতিন জানান, নির্দিষ্ট সময়ে তিনি ও ঢাকার মেসার্স কবির এন্টারপ্রাইজ নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দরপত্র দাখিল করতে গেলে নির্বাহী প্রকৌশলী মো. আবুল বশার ঠিকাদার বঙ্কিম বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে দরপত্র দাখিলের নির্দেশ দেন। অন্যথায় ওই দরপত্র দুইটি বাতিল ও পে-অর্ডার বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়ে দেন। ঠিকাদার মতিন জানান, এরপর দুই ঠিকাদার নিরুপায় হয়ে বঙ্কিম বড়ুয়ার সঙ্গে দেখা করলে তিনি দরপত্র দুইটি ছিনিয়ে নিয়ে তাঁদের কক্সবাজার ত্যাগ করার জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বঙ্কিম বড়ুয়া জানান, ঢাকা থেকে আসা এ দুই ঠিকাদার দেরিতে দরপত্র জমা দিয়েছেন, তাই দুইটি দরপত্র বাতিল করা হয়। সেক্ষেত্রে একক দরপত্র দাতা হিসেবে তিনি সোয়া দুই কোটি টাকার কাজটি পেয়েছেন। এখন কিছু ঠিকাদার চাঁদার দাবিতে দরপত্রে নানা অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন দপ্তরে লেখালেখি করছেন। এতে কোনো লাভ হবে না। বঙ্কিম বড়ুয়া জানান, কার্যাদেশ নিয়ে তিনি কয়েকদিন আগে টেকনাফ ও কুতুবদিয়া উপজেলার বিভিন্ন স্থানে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেছেন। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি কাজ শেষ করতে চান। ১৫ শতাংশ বেশি দরে কাজ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে ঠিকাদার বঙ্কিম বড়ুয়া জানান, ‘নির্বাহী প্রকৌশলী মো. আবুল বশার ভালো লোক। তিনি কক্সবাজারে দীর্ঘদিন চাকরি করে অবসরে গিয়েছিলেন। মুক্তিযোদ্ধা কোটায় সম্প্রতি কয়েকমাসের জন্য তিনি পুনরায় চাকরিতে ফিরে আসেন। এখন যাওয়ার বেলায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁকে খাটো করা হচ্ছে। তা ছাড়া কাজের ব্যাপারে আমার মতো অভিজ্ঞ ঠিকাদার কম রয়েছে। কিছু ঠিকাদার চাঁদা দাবি অব্যাহত রাখায় তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’ নির্বাহী প্রকৌশলী মো. আবুল বশার তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে জানান, কাজ না পেয়ে কিছু ঠিকাদার এসব অপপ্রচার চালাচ্ছেন। দরপত্র দাখিলের শেষ সময়ের আধঘণ্টা পরে ঢাকার দুই ঠিকাদার দরপত্র জমা দিতে এসেছিলেন। কিন্তু নিয়মবর্হিভূত হওয়ায় তাঁদের দরপত্র গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে একক দরপত্র দাতা হিসেবে ঠিকাদার বঙ্কিম বড়ুয়াকে ১৫ শতাংশ অতিরিক্ত দরে কাজের ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি। নির্বাহী প্রকৌশলী জানান, কুতুবদিয়ার মতো জায়গায় একটি গভীর নলকূপ বসাতে এক হাজার ১০০ ফুট পর্যন্ত মাটির নিচে খনন করতে হয়। বঙ্কিম বড়ুয়া ছাড়া অন্য কোনো ঠিকাদারের এ কাজের অভিজ্ঞতা নেই।