পছন্দের প্রার্থী এখনো অস্পষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্লেষকদের অনেকেই এ ব্যাপারে একমত যে সামপ্রতিক সময়ে এই উপমহাদেশ তো বটেই, গোটা বিশ্বে সবচেয়ে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি পাকিস্তানের। বেসামরিক সরকার ও সেনা প্রশাসনের মধ্যে ক্ষমতা নিয়ে চিরন্তন টানাপোড়েনের মধ্যে যোগ হয়েছে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের রমরমা। দিন দিন বেড়েই চলেছে সহিংসতা। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষ এখন সীমান্তবর্তী এলাকা ছেড়ে শিকড় ছড়িয়েছে করাচির মতো বড় নগরে। এই চরম নৈরাশ্যকর পরিস্থিতির মধ্যে পাকিস্তানের জন্য আশা জাগানোর মতো একটি বিষয় হচ্ছে প্রথম নির্বাচিত বেসামরিক সরকারের মেয়াদ পূর্ণ করা। ১১ মে অনুষ্ঠেয় পরবর্তী পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে দেশটির সাধারণ মানুষের মনে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সদ্য বিদায় নেওয়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সরকার গত পাঁচ বছরে সুনামের চেয়ে বহুগুণ দুর্নাম কুড়ালেও তাদের পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকার বিষয়টি সে দেশের রাজনীতিতে বিশাল ইতিবাচক দিক বলে বিবেচিত হয়েছে। এর মধ্যে পাকিস্তানের প্রধান সাতটি রাজনৈতিক দল ইশতেহার ঘোষণা করে নির্বাচনী প্রচারণায় নেমেছে। পিপিপি ছাড়া অন্য ছয়টি উল্লেখযোগ্য দল হচ্ছে: পাকিস্তান মুসলিম লিগ—নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান মুসলিম লিগ—কায়েদ-ই-আজম (পিএমএল-কিউ), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। প্রতিটি দল তাদের ইশতেহারে বিদ্যুৎ ও জ্বালানি, বেকারত্ব, শিক্ষা, নারী উন্নয়ন ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের মতো ইস্যুগুলোকে প্রাধান্য দিয়েছে। পিপিপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে ৪ এপ্রিল। ওই দিন ভুট্টো পরিবারের ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটি বলে পরিচিত সিন্ধু প্রদেশের নওদেরোতে বিশাল সমাবেশে ভাষণ দেন দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি (২৪)। লাখো সমর্থকের ওই সমাবেশে বিলাওয়াল পিপিপির নির্বাচনী প্রতীক ‘তির’কে ‘গণতন্ত্রের প্রতীক’ অভিহিত করে দেশবাসীকে এই দলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর নাতি, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সদ্য বিদায় নেওয়া প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে হিসেবে তরুণ বিলাওয়ালের জন্য এরই মধ্যে দেশের রাজনীতিতে একটা অবস্থান গড়ে তোলা খুব কঠিন হয়নি। কারও কারও কাছে তিনি পিপিপির আগামী দিনের ভরসা। কিন্তু দলটির আগের সেই জনসমর্থন এখন আর নেই। দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যাপক অভিযোগ রয়েছে দলটির নেতাদের বিরুদ্ধে। দলের বর্তমান কান্ডারি আসিফ আলী জারদারির বিরুদ্ধে অর্থ পাচারের মামলা ঝুলছে আদালতে। তাঁর সময়ে দেশে বেকারত্ব বেড়েছে। বিদ্যুৎ-পরিস্থিতি চরম সংকটে পড়েছে। শিক্ষাব্যবস্থায় কোনো উন্নতি ঘটেনি। এসব কারণে দেশের মানুষ এমনকি পুরোনো সমর্থকেরাও অনেকে বিরক্ত দলটির ওপর। গত ৩০ মার্চ পাকিস্তানের দি এক্সপ্রেস ট্রিবিউন-এর পক্ষ থেকে অনলাইনে ভোটারদের মধ্যে জনমত জরিপ করা হয়। এর ফলাফলে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ভোটাররা ২০০৮ সালের নির্বাচনে যে দলটিকে সমর্থন দিয়েছিলেন, এবার আর সে দলকে সমর্থন দেবেন না। তবে ওই জনমত জরিপে সাধারণ মানুষের নতুন পছন্দের বিষয়ে স্পষ্ট করে কিছু বোঝা যায়নি।পিপিপির বিকল্প হিসেবে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এবার ভোটাররা বেছে নিলেও নিতে পারেন। তবে তিনিও দুর্নীতির দায় থেকে মুক্ত নন। সমপ্রতি দেশের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরো নওয়াজ শরিফ ও তাঁর ভাই সাবেক গভর্নর শাহবাজ শরিফের প্রার্থিতার বিরোধিতা করে অভিযোগ তুলেছে, এই দুই ভাই দেশের সবচেয়ে বড় ঋণখেলাপিদের অন্যতম। তাঁরা ব্যাংক থেকে ৩৪৮ কোটি রুপি ঋণ নিয়ে তা শোধ করেননি।সমপ্রতি দুবাই ও লন্ডনে দীর্ঘ স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। ফিরেই তিনি আলোড়ন তুলেছেন। সে আলোড়ন মূলত তালেবানের হুমকিকে ঘিরে। কট্টরপন্থী এ গোষ্ঠী তাঁকে সমুচিত শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছে। উত্তরাঞ্চলীয় নির্বাচনী এলাকা চিত্রলে ভোটযুদ্ধে লড়ার অনুমতি পেয়েছেন মোশাররফ। নানা ধরনের মামলা ও অভিযোগে জড়িয়ে থাকা মোশাররফের নির্বাচনে লড়ার অনুমতি পাওয়াটাই একটা বড় ব্যাপার। ভাগ্য মোশাররফকে কোন দিকে নিয়ে যায়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবারের নির্বাচনে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল ভালো করতে পারে। সোজাসাপ্টা আপসহীন কথাবার্তা বলে ইমরান নিজের বেশ ভালোই একটা ভাবমূর্তি তুলে ধরেছেন। মধ্যপন্থীদের কাছে তাঁর এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। নির্বাচনী ইশতেহারে ইমরান তিন মাসের মধ্যে দুর্নীতি নির্মূল করার অঙ্গীকার করেছেন। কথা দিয়েছেন ক্ষমতায় গেলে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা চালু করবেন, সবার জন্য থাকবে একই রকম শিক্ষাব্যবস্থা, বেকারসহ অন্যদের জন্য থাকবে সামাজিক নিরাপত্তার ভালো ব্যবস্থা। আধুনিক উদারপন্থী পাকিস্তানি ভোটারদের জন্য ইমরান খান এবার আদর্শ প্রার্থী হতে পারেন। কিন্তু শহরকেন্দ্রিক এসব ভোটারের সংখ্যা বেশি নয়। সে ক্ষেত্রে ইসলামপন্থী ও রক্ষণশীল ভোটারদের অন্তত কিছু ভোট পেতে হবে তাঁকে। সমস্যা হচ্ছে, দেশের কট্টরপন্থী রক্ষণশীলরা ইমরান খানকে এখনো পশ্চিমা ধ্যান-ধারণা ও চালচলনে অভ্যস্ত বলেই মনে করে। অনেক ‘ভাগ্যান্বেষী উটকো’ লোক তাঁর দলে ঢুকেছেন বলে যে অভিযোগ, তা উড়িয়ে দেওয়াও তাঁর জন্য কঠিন হবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের প্রার্থী হিসেবে নির্দিষ্ট করে কারও নাম বলতে পারছেন না কেউ। মনে করা হচ্ছে, নির্বাচনী প্রচারণা জোরেশোরে শুরু হলে বিভিন্ন জনমত জরিপের ফলাফলে হয়তো বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে।