পঞ্চ গীতিকবির গানের আসর
পঞ্চ গীতিকবি—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্র লাল রায়, রজনীকান্ত সেন ও অতুল প্রসাদ সেন। তাঁরা কথা আর সুরের অপূর্ব সম্মিলনে সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভান্ডার। এই পঞ্চ গীতিকবির গানের আসর বসেছিল ২৩ আগস্ট টিআইসি (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম) মিলনায়তনে। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এ গানের আসরের আয়োজন করে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। এম শাহীন চৌধুরীর পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আবুল মনসুর আহমেদ। সভাপতিত্ব করেন ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের পরিচালক নন্দ দুলাল গোস্বামী। প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শাহিদ হাসান। ‘এসো প্রাণ সখা, এসে প্রাণে’ দলীয় গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন। এরপর দ্বিতীয় দলীয় পরিবেশনা ‘নিত্য তোমার যে ফুল ফোটে’। দলীয় শেষে একক পরিবেশনা শুরু হয় শিবিকা পালের কণ্ঠে ‘মন মোর মেঘেরও সঙ্গী’ রবীন্দ্রসংগীতটি দিয়ে। এরপর দেবমিতা নন্দীর ‘নীলাম্বরী শাড়ি পরে’ ও মারিয়া চৌধুরীর ‘একবার গাল ভরা মা ডাকে’ গান মাতিয়ে তোলে মঞ্চ। এ ছাড়া একে একে সংগীত পরিবেশন করেন চৌধুরী তানজিন আহমেদ, অদিতি বিশ্বাস, আফিফা খানম, তোফা জাহান, তুর্না আহমেদ, ঐশী চক্রবর্তী, মুক্তা নন্দী, সাবরিনা খানম ও শাকলা বড়ুয়া। শেষে ‘আমার যাবার সময় হল, দাও বিদায়’ গানটির মাধ্যমে শেষ হয় অনবদ্য এ আয়োজন।