পঞ্চতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালপাকা গরম না পড়লেও তাল পেকেছে ঠিকই। তালের নানা পদ এখন তো খাওয়া চাই-ই। দেখুন কল্পনা রহমানের দেওয়া রেসিপিগুলো।কলাপাতায় তালের রুটি[চারজনের জন্য পরিবেশন]উপকরণ: ঘন তাল ২ কাপ, নারকেল কোরানো ১ কাপ, আটা ২ কাপ, গুড় ১ কাপ, লবণ ১ চা-চামচ, গুঁড়া দুধ আধা কাপ, ঘি ২ টেবিল-চামচ। প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে খামির বানাতে হবে। এবার কলাপাতায় ঘি বা তেল মাখিয়ে রুটির মতো বিছিয়ে দিতে হবে। আরও একটি কলাপাতা দিয়ে রুটি ঢেকে দিতে হবে। পাতাসহ রুটি গরম তাওয়ায় দিয়ে ঢেকে দিতে হবে। অল্প আঁচে পাতা পোড়া পোড়া হওয়া পর্যন্ত ছেঁকে নিতে হবে। এবার পরিবেশন। তালের বিস্কুট [ছয়জনের জন্য পরিবেশন]উপকরণ: ময়দা ২ কাপ, কনডেন্সড মিল্ক ২ টেবিল-চামচ, গুঁড়া দুধ সিকি কাপ, লবণ আধা চা-চামচ, সয়াবিন তেল সিকি কাপ, চিনি আধা কাপ, ডিম ১টা, পানি পরিমাণমতো, বেকিং পাউডার ১ টেবিল-চামচ, খাওয়ার সোডা সিকি কাপ, তেল ভাজার জন্য পরিমাণমতো। প্রণালি: তাল বাদে ওপরের সব উপকরণ একসঙ্গে ময়ান দিতে হবে। এবার পমিরাণমতো তালের ঘন রস দিয়ে রুটি বানানোর মতো ডো বানাতে হবে। এবার ছোট ছোট রুটি বেলে বিভিন্ন ছাঁচ দিয়ে বিস্কুটের আকারে কেটে ডুবোতেলে বাদামি করে ভেজে পরিবেশন। এই বিস্কুট ইচ্ছে করলে অনেক দিন ঘরে রেখেও খাওয়া যায়। তালের কেক[ছয়জনের জন্য পরিবেশন] উপকরণ: তালের রস ১ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, চালের গুঁড়া ৩ কাপ, খাওয়ার সোডা সিকি চা-চামচ, ডিম ১টা, গুঁড়া দুধ আধা কাপ, কনডেন্সড মিল্ক সিকি কাপ, নারকেল কোরানো আধা কাপ, লবণ আধা চা-চামচ, চিনি ১ কাপ, কাঁঠালের পাতা প্রয়োজনমতো, ধানের খড় বা বিচালি প্রয়োজনমতো। প্রণালি: তালের রস, চালের গুঁড়া, বেকিং পাউডার ও খাওয়ার সোডা একসঙ্গে মাখিয়ে গরম জায়গায় পাঁচ-ছয় ঘণ্টা রেখে দিতে হবে। যখন ফুলে উঠবে, তখন বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এবার কিছু খড় বা বিচালি ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইয়ে নিতে হবে। ২-৩ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। যখন পানি ফুটে ভাপ উঠবে, তখন কাঁঠালের পাতা দিয়ে খিলি বানিয়ে টুথপিক দিয়ে আটকিয়ে খড়ের ফাঁকে ফাঁকে গুঁজে দিয়ে বানানো ডো ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ভাব দিতে হবে ২০ থেকে ২৫ মিনিট। একটি সাসলিক কাঠি ঢুকিয়ে তুলে নিতে হবে। যদি কাঠি তেলতেলা থাকে, তবে বুঝতে হবে কেক হয়ে গেছে। এবার নামিয়ে গরম অথবা ঠান্ডা পরিবেশন। নকশির সাজে তাল [ছয়জনের পরিবেশন]উপকরণ: তাল গোলানো ১ কাপ, লবণ আধা চা-চামচ, ময়দা ১ কাপ, ডিম ১টা, গুড় দেড় কাপ, পানি দেড় কাপ। প্রণালি: আগেই গুড় ও পানি জ্বাল দিয়ে সিরা তৈরি করে রাখতে হবে। তাল ও লবণ চুলায় দিয়ে যখন ফুটে উঠবে, তখন ময়দা দিয়ে খামির বানাতে হবে। নামিয়ে ডিম দিয়ে খুব ভালোভাবে ময়ান দিতে হবে। এবার ছোট ছোট রুটি বেলে নকশি করে কেটে নিতে হবে। খেজুরকাঁটা অথবা বড় সুঁই দিয়ে ওপরে দাগ কেটে নিতে হবে। ডুবোতেলে বাদামি করে ভেজে ঠান্ডা সিরায় ভেজাতে হবে তিন-চার মিনিট। এবার তুলে পরিবেশন। তালের গুলগুল্লা [ছয়জনের পরিবেশন]উপকরণ: আটা ২ কাপ, কনডেন্সড মিল্ক সিকি কাপ, গুঁড়া দুধ সিকি কাপ, খাওয়ার সোডা এক চিমটি, বেকিং পাউডার ১ টেবিল-চামচ, চিনি আধা কাপ, নারকেল আধা কাপ (কোরানো), লবণ ১ চা-চামচ, পানি ১ কাপ, তেল ভাজার জন্য পরিমাণমতো। প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে আধা ঘণ্টা রেখে গুলগুল্লা বানাতে হবে এবং ডুবোতেলে বাদামি করে ভেজে তুলে গরম গরম পরিবেশন।