পঞ্চদশের প্রদর্শনীতে ঐক্যের সুর
নগরের শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি এখন জমজমাট। নানা বয়সী দর্শক সিঁড়ি ভেঙে উঠছেন, কেউ নামছেন, আর কেউ গভীর মনোযোগে দেখছেন ছবি। শুধু দর্শক কেন আসছেন নবীন-প্রবীণ শিল্পীরাও। আড্ডার মৌতাত জমছে প্রদর্শনীকে ঘিরে। চলছে সুখ-দুঃখের নানা স্মৃতিতর্পণ, ধোঁয়া উঠছে শফীর দোকানের চায়ের কাপে। প্রাণের এ আয়োজনটা করেছে পঞ্চদশ। চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন এটি। পঞ্চদশের প্রদর্শনী শুরু হয়েছিল ২০ ফেব্রুয়ারি। ছয় দিনের এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পী হাসি চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে সুন্দর আয়োজনের প্রশংসা করেন এবং প্রদর্শনীর সাফল্য কামনা করেন।এ প্রদর্শনীতে ১৭ শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা ভিন্ন ভিন্ন বিষয়ের ৫৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রকৃতি, পরিবেশবিষয়ক ছবিগুলো ভালো হয়েছে। এ ছাড়া কিছু বিমূর্ত ছবিও দর্শকদের মুগ্ধ করেছে। শিল্পী বিশ্বজিৎ তলাপাত্র প্রথম আলোকে বলেন, ‘আমাদের এ প্রদর্শনী দেখতে প্রতিদিন অনেক দর্শক আসছেন। বলা যায়, বেশ ভালো সাড়া পাচ্ছি।’বিশ্বজিৎ ছাড়াও এখানে মোহাম্মদ আরিফ, অরুণ কুমার শীল, মোহাম্মদ বাবুল হক, ফারজানা ইয়াসমিন, ইসরাত সুলতানা, মিজানুর রহমান, নাসির উদ্দিন আহমেদ খান, নিরঞ্জন কর্মকার, প্রদীপ কুমার চক্রবর্তী, সুনীল কুমার প্রমুখের ছবি রয়েছে। প্রদর্শনী শেষ হবে কাল শুক্রবার।