পঞ্চম শ্রেণীর ছাত্র দ্বিতীয় শ্রেণীর শিক্ষক!
পঞ্চম শ্রেণীর ছাত্র আবু তালেব দ্বিতীয় শ্রেণীতে প্রবেশ করতেই শিক্ষার্থীরা উঠে দাঁড়াল। গুরুগম্ভীর শিক্ষকসুলভ ভাবভঙ্গিতে উপস্থিত সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল সে। সবাইকে বসতে বলে বই খুলে শুরু করল পড়ানো। ‘সবই আমার সঙ্গে বল—ঝকঝকা ঝক ট্রেন চলেছে, ট্রেন চলেছে ওই। ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই!’ শিক্ষার্থীরা সমস্বরে তার সঙ্গে গলা মেলাল। ‘ঝকঝকা ঝক ট্রেন চলেছে।’ কচি কণ্ঠের কলতানে মুখরিত হয়ে উঠল বিদ্যালয়প্রাঙ্গণ। নগরের পূর্ব মাদারবাড়ি ইউনুস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। খেলার ছলে নয়, এই বিদ্যালয়ে আবু তালেবের মতো চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নিচের ক্লাসে নিয়মিত পাঠদান করে। সম্প্রতি এই বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। জানা গেছে, বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয়টি শ্রেণীতে প্রায় ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়ের পাঁচটি শিক্ষকের পদ থাকলেও বর্তমানে মাত্র দুজন শিক্ষক পাঠদান করছেন। শিক্ষকঘাটতি পুষিয়ে নিতেই এ ব্যবস্থা।দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সোহেল রহমান জানায়, ‘চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের ক্লাস নেয়। দুষ্টুমি করলে বা পড়া না পারলে মারও দেয়।’চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আশিক উর রহমানও নিচের শ্রেণীতে পাঠদান করে। পাঠদান করতে কেমন লাগে এই প্রশ্নের উত্তরে সে জানায়, ‘নিচের ক্লাসে পড়ালে ক্লাস করতে হয় না, পড়াও দিতে হয় না।’ বিদ্যালয় সূত্রে জানা গেছে, ইউনুস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে সরকারীকরণের পর বিদ্যালয়টিতে শিক্ষকপদ ছিল চারটি। বর্তমান পাঁচটি শিক্ষকের পদ থাকলেও নিয়মিত শিক্ষক আছেন দুজন। ঘিঞ্জি ও বস্তি এলাকায় হওয়ায় এখানে কোনো শিক্ষানবিশ শিক্ষক আসতে চান না। সরেজমিনে দেখা যায়, সাত শতাংশ জায়গার ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়ে প্রবেশের পথ অত্যন্ত সরু। শিশুদের অ্যাসেম্বলি করার ব্যবস্থা নেই। বিদ্যালয়ের তিনজন শিক্ষক বিভিন্ন মেয়াদে ছুটি কাটাচ্ছেন। প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক ও চতুর্থ-পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাঠদান করাচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা চক্রবর্তী এ ব্যাপারে বলেন, ‘উপায় নেই তাই ওপরের শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে নিচের ক্লাসে পাঠদান করাতে হয়। আমাদের বিদ্যালয়ে শিক্ষকসংকট দীর্ঘদিনের। শিক্ষক পদ আছে পাঁচটি। কিন্তু বিদ্যালয়ে শিক্ষার্থীর অনুপাতে অন্তত সাতটি শিক্ষকের পদ রাখা উচিত ছিল।’ স্কুল কমিটির সভাপতি জামাল উদ্দিন স্কুলের শিক্ষকসংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, বারবার প্রশাসনকে জানানো হলেও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীদের দ্বারা পাঠদান পড়াশোনার অংশ হতে পারত। কিন্তু শিক্ষক-সংকটের কারণেই এ ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে।ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা তসলিম হোসেন শিক্ষার্থীর অনুপাতে ইউনুস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংখ্যা কম বলে স্বীকার করেন। তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক বছরে দুবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আগামী সময়ে এই বিদ্যালয়ে শিক্ষক-সংকট থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।