পঞ্চমে সরকারি কমার্স কলেজ
গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ ও পাসের হার কিছুটা কমেছে সরকারি কমার্স কলেজে। গতবার পাসের হার ছিল ৯৯ ভাগ, জিপিএ-৫ পেয়েছিলেন ২১৫ জন। এবার পাসের হার ৯৭ দশমিক ৭২ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন।অবশ্য এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো আক্ষেপ নেই। কারণ কলেজটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পঞ্চম হয়েছে। এ নিয়েই খুশি সবাই।‘জিপিএ-৫ বাড়লেই মেধার মান বাড়ে—এটা বলা যাবে না। বরং এটা শিক্ষার মানকে আরও নিম্নমুখী করছে। শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত মেধার প্রতিযোগিতা প্রয়োজন। নতুবা জিপিএ-৫ পেয়েও উচ্চশিক্ষার ভর্তিযুদ্ধে ছিটকে পড়তে হবে।’ বললেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী। ১৫ জুলাই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ভালো করার আনন্দে মেতে ওঠে সরকারি কমার্স কলেজ ক্যাম্পাস। অন্যবারের মতো এবারও ঐতিহ্যবাহী এ কলেজ ভালো ফলের ধারা অব্যাহত রেখেছে। চট্টগ্রাম বোর্ডে পঞ্চম স্থান দখল করা দেশের অন্যতম এ কলেজের এবারের পাসের হার শতকরা ৯৭ দশমিক ৭২ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন। জিপিএ-৫ পাওয়ার আনন্দে উদ্বেল সুজন চৌধুরী জানান, ‘শিক্ষকদের যত্ন আর অভিভাবকের প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফল করতে পেরেছি। অনেকে খুব কাছাকাছি গিয়েও জিপিএ-৫ পাননি। জিপিএ-৪ দশমিক ৯০ পেয়ে কিছুটা হতাশ পূর্ণা চক্রবর্তী বললেন, ‘অল্পের জন্য এ প্লাস মিস করলাম। খুব খারাপ লাগছে।’ অবশ্য ভালো ফল করার পরও অনেকেই চিন্তিত পরবর্তী ভর্তিযুদ্ধ নিয়ে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আরও কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। তাই জিপিএ-৫ পাওয়ার আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারছিলেন না মাহমুদুর রহমান।চুপচাপ কেন—জিজ্ঞেস করতেই বললেন, ‘ফলাফল ভালো হয়েছে। কিন্তু এখন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে এ ফলাফলের কোনো মূল্য থাকবে না।’