পঞ্চাশে পল্লীমা

ফটকের সামনে অভিভাবকদের জটলা। দেখে মনে হয় এটি কোনো বিদ্যালয়। কিন্তু ফটকে বড় করে লেখা ‘পল্লীমা সংসদ’ নামটি দেখে একটু খটকা লাগতে পারে। তবে তা কেটে যায় ফটকের কাছে গেলে। পল্লীমা সংসদের নিচে লেখা রয়েছে আরও কয়েকটি নাম। সব নাম বিভিন্ন প্রতিষ্ঠানের, তা পড়েই বোঝা যায়। কিন্তু প্রতিটি নামে বেশ মিল রয়েছে। সবই সমাজসেবামূলক প্রতিষ্ঠান। কী নেই তাতে? পাঠাগার, বিদ্যালয় থেকে শুরু করে রয়েছে ক্রীড়াকেন্দ্র, স্বাস্থ্যসেবা, মহিলা পরিষদ ও পরিবেশবাদী সংগঠন—সবই।
এসব প্রতিষ্ঠান পরিচালনা করছে পল্লীমা সংসদ। কদিন আগেই বয়স ৫০ ছুঁয়েছে সংগঠনটি। ৩ জানুয়ারি শীতের সকালে যাই পল্লীমা সংসদে। ঢাকার খিলগাঁও আবাসিক এলাকায় বেশ বড়সড় ছয়তলা দালান আর মাঠ নিয়ে পল্লীমা সংসদ। খিলগাঁও-মালিবাগ এলাকার সবার কাছেই পরিচিত এটি।
পল্লীমা সংসদ প্রাঙ্গণে গিয়ে দেখা মেলে স্কুলে আসা শিশুদের। কেউ মাঠে খেলছে, কেউ আবার দৌড়াদৌড়ি করছে। মাঠটিতে খেলার এই দৃশ্য পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা মো. হাফিজুর রহমান ময়নার বেলায়ও ছিল। সামাজিক এই সংগঠনটির কার্যালয়ে বসে তিনি শোনালেন পল্লীমা সংসদের বেড়ে ওঠার গল্প। ফিরে গেলেন ৫০ বছর আগে।

শুরুর কথা
১৯৬৭ সালের ২৭ ডিসেম্বর। হাফিজুর রহমানের নেতৃত্বে ১১ জন কিশোর মিলে খিলগাঁওয়ে গড়ে তুললেন পল্লীমা সংসদ। সবার বয়স তখন ১৪ থেকে ১৫ বছর। ১১ জনের প্রায় সবাই খেলতে ভালোবাসতেন। হাফিজুর বলছিলেন, ‘মূলত খেলাকে কেন্দ্র করে আমাদের এই সংসদ গড়ে তোলা। ওই সময় ৪ ফুট ১০ ইঞ্চি বিভাগে ফুটবল খেলায় অংশ নিত আমাদের দল।’
পল্লীমা নাম কেন বেছে নেওয়া? হাফিজুর রহমান বলেন, ‘ওই সময় দেশের পক্ষে জাতীয়তাবাদ আমাদের মধ্যে কাজ করছিল। নিজের এলাকা বোঝাতে পল্লী আর মাকে বাদ দিয়ে তো কিছু হয় না। তাই দুটিকে মিলিয়ে নাম রাখা হয় পল্লীমা সংসদ।’
পল্লীমার এখন যে মাঠ, সে মাঠেই নিয়মিত খেলতেন তাঁরা। খেলার মধ্য দিয়েই কেটে যাচ্ছিল তাঁদের জীবন। যোগ হতে লাগল নতুন সদস্যও। বছর তিনেক পর মুক্তিযুদ্ধের ডাক এল। সংসদের জ্যেষ্ঠ সদস্যরা যোগ দিলেন দেশ স্বাধীন করার যুদ্ধে। বিজয়ের ঠিক ১২ দিন আগে শহীদ হন পল্লীমা সংসদের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-হেল-বাকী। পরে তাঁকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়।
যুদ্ধের পর সহযোগীরা চাইছিলেন বাকীর স্মৃতিকে ধরে রাখতে। এমন চিন্তা থেকে ১৯৭২ সালে গড়ে তোলা হয় শহীদ বাকী স্মৃতি পাঠাগার। সদস্যরা আরও চাইলেন সদ্য স্বাধীন দেশটিকে কিছু দিতে। আর তা থেকে সংগঠনটি নেমে পড়ে সমাজসেবামূলক কাজে। এলাকায় গাছ লাগানো শুরু করেন। ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় সরকারের কাছ থেকে ত্রাণ এনে এই মাঠ থেকে বিতরণ করতেন। শিশুদের দুধ খাওয়ানো হতো। নিজেরাও অর্থ সংগ্রহ করে সরকারের ত্রাণ তহবিলে দিলেন। এমন কাজে তাঁরা প্রশংসা পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে।
এসব কথা যখন বলছিলেন হাফিজুর রহমান, তখন এক নারী অভিভাবক এসে বলেন, ‘যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি?’ আমরা মাথা নাড়াতেই বলেন, ‘আমিও সেই দুধ খেয়েছি এবং শহীদ বাবুল একাডেমির প্রথম ব্যাচের শিক্ষার্থী আমি।’ শহীদ বাবুল একাডেমি পল্লীমা সংসদ পরিচালিত একটি বিদ্যালয়। বাবুল বাকীর সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এ কারণেই সংগঠনের সদস্য না হলেও তাঁর নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করে পল্লীমা সংসদ।

বাকীর নামে পাঠাগার
বিশাল এক কক্ষ। তাতে ঢোকার পরই চোখে পড়ে তাকে থরে থরে সাজানো বই। বইয়ের সংখ্যা প্রায় সাত হাজার। মোটামুটি সব ধরনের বই-ই রেয়ছে। তাকের পাশে টেবিলের সারি। পেছনে কম্পিউটার কর্নার। এমন দৃশ্য শহীদ বাকী স্মৃতি পাঠাগারের। সকাল সাতটায় পাঠাগারটি খোলে, বন্ধ হয় বেলা দেড়টায়। তবে এই সময়টা কেবল শহীদ বাবুল একাডেমির শিক্ষার্থীদের জন্য। সাধারণ পাঠকদের জন্য বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে। গ্রন্থাগার সম্পাদক আউয়াল কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস বাড়াতেই পাঠাগারে একটি ক্লাসের ব্যবস্থা রয়েছে। ওই ক্লাসে বই পড়তে দেওয়া হয়।
প্রাথমিক ভিত্তিটা গড়ে দেওয়া
শিশুদের জন্য তখন খিলগাঁও এলাকার আশপাশে কোনো বিদ্যালয় ছিল না। যেতে হতো দূরে। তাদের কষ্ট লাগব এবং প্রাথমিক ভিত্তিটা তৈরি করে দিতে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয় শহীদ বাবুল একাডেমির। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া আমীরুস সালাম বাবুলের নামে করা হয়েছে এই প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ শিক্ষার্থী পড়ে এখানে। মূল উদ্দেশ্য যাতে ব্যাহত না হয়, তাই এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষার ওপরে আর শ্রেণি বাড়ানো হয়নি।

পল্লীমার মাঠ থেকেই জাতীয় দলের ক্রিকেটার!
খেলাধুলাকে কেন্দ্র করে শুরু হওয়া এ সংগঠনটি কি আর খেলা ছাড়তে পারে? বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের নেতৃত্বে ১৯৯৯ সালে গড়ে ওঠে পল্লীমা ক্রিকেট সেন্টার। প্রশিক্ষক হিসেবে আছেন ওয়াহিদুল গনির নেতৃত্বে ১১ জন কোচ। এটুকু পড়েই হয়তো আঁচ করতে পেরেছেন জাতীয় দলের ক্রিকেটারটা কে? হ্যাঁ, তিনি মোহাম্মদ আশরাফুল। পল্লীমার মাঠেই আশরাফুলের প্রাথমিক ভিত্তি তৈরি হয়েছে। এই মাঠে প্রতিদিনই চলে ক্রিকেট প্রশিক্ষণ। আর এখানকার ছেলেরা খেলছে বিভিন্ন বিভাগীয় লিগে। পাশাপাশি অন্যান্য খেলার চর্চাও হয়।

নারীর অংশগ্রহণ সমান হোক
শহীদ বাবুল একাডমির প্রতিষ্ঠাকালের অধ্যক্ষ প্রয়াত আরজিনা বেগমের হাত ধরে ১৯৭৭ সালে গড়ে ওঠে পল্লীমা মহিলা পরিষদ। এখানে নারীদের সেলাই, কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। পল্লীমার অন্যান্য উদ্যোগেও থাকে এই নারীদের অংশগ্রহণ।
সুস্থ শরীর চাই
স্বাস্থ্য-সচেতনতা বাড়াতে বছরের পুরোটা সময় চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে থাকে পল্লীমা স্বাস্থ্যসেবা। দাঁত, চোখসহ ডায়াবেটিসের রোগীদের নিয়ে ক্যাম্প পরিচালিত হয়। সিটি করপোরেশনের সঙ্গে যৌথ অংশীদারত্বে সচেতনতামূলক কার্যক্রমও রয়েছে। ক্যানসার সচেতনতায় তাদের রয়েছে বিশেষ কর্মসূচি।
সবুজ নগরায়ণ
পরিবেশের বিপর্যয় ঠেকাতে তারা যেমন গাছ লাগায়, তেমনি পরিবেশ সংগঠনগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে পল্লীমা গ্রিন। আয়োজন করে পরিবেশ মেলারও। সবুজ নগরায়ণে উৎসাহিত করতে পল্লীমা গ্রিন চালু করেছে পুরস্কার। সেরা ছাদ বাগানকারীকে দেওয়া হয় এই পুরস্কার।

সুবিধাবঞ্চিতদের জন্য বিদ্যালয়
এ বছরের ১ জানুয়ারি থেকে যাত্রা শুরু হয়েছে পল্লীমা বিদ্যাপীঠের। বেলা দুইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পড়াশোনা চলে এই বিদ্যালয়ে। মূলত স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিতদের জন্য এই স্কুল করা হয়েছে। সামর্থ্য থাকলে একটি নির্দিষ্ট ফি দিতে হয় আর না থাকলে বিনা মূল্যে পড়ানোর দায়িত্ব নেয় তারা। পাশাপাশি দেওয়া হয় শিক্ষার উপকরণগুলো।

যেভাবে চলে পল্লীমা
শুরু থেকেই অনুদানের মাধ্যমে পরিচালিত হচ্ছে পল্লীমা সংসদ। এর সদস্যরা যেমন অর্থ সহায়তা করেন, তেমনি অন্যদের কাছ থেকেও সহায়তা নেন। পল্লীমা সংসদের সহসভাপতি মোসাররফ হোসেন বলেন, ‘সব সদস্যই কোনো না কোনো পেশায় রয়েছেন। যে যতটুকু পারেন, ততটুকু সহায়তা করেন। পেশার ফাঁকে ফাঁকে সময় দেন সংগঠনে।’ সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে পরিচালিত হয় পল্লীমা সংসদ। অঙ্গপ্রতিষ্ঠানগুলোর প্রতিটিরই রয়েছে আলাদা পরিচালনা পর্ষদ। সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া ২৫ কাঠা জমিতে চলছে পল্লীমা সংসদের সব কাজ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আসাদুর রহমান বলছিলেন, ‘অর্ধশতাব্দীর এই যাত্রা বেশ রোমাঞ্চকর। সমাজে সহায়তা করতে পারছি, এতেই ভালো লাগে। বাধাও এসেছে, তবে তা ঠেলে দিয়ে আমরা আজকের অবস্থানে এসেছি।’
দীর্ঘ পথ পেরিয়ে পল্লীমা সংসদের সদস্যরা চান তাঁদের কাজগুলো ঢাকার বাইরে ছড়িয়ে দিতে। যাতে বড় ব্যাপক পরিসরে সমাজের জন্য কিছু করা যায়।